ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

নেতানিয়াহু জাতীয় সরকার গঠনের আহ্বান জানালেন, ফের প্রধানমন্ত্রী হতে চান


নেতানিয়াহু জাতীয় সরকার গঠনের আহ্বান জানালেন, ফের প্রধানমন্ত্রী হতে চান

মঙ্গলবার ইসরাইলের বিরোধী শিবিরের নেতারা বৈঠকে মিলিত হচ্ছেন। গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেওয়ার পর এটি তাদের প্রথম একত্রিত আলোচনা। এদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহের হাড্ডাহাড্ডি নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে বিরোধীদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আইজেনকটের দল ইয়াশার জানায়, ‘পরিবর্তন ব্লক’-এর নেতারা মঙ্গলবার সকালে হার্জলিয়ায় বৈঠক করবেন। সেখানে তারা জোটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

নির্বাচনে আইজেনকটের ব্লক ৪৮টি আসন অর্জন করেছে। অন্যদিকে নেতানিয়াহুর শিবির ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে তার লিকুদ পার্টির আসন সংখ্যা ২৭। ১২০ আসনের পার্লামেন্টে আরব-প্রধান তালিকাগুলো ১৯টি আসন নিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ফলে সরকার গঠনে তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ক্ষমা চাওয়ার পরও রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ রাখল চীন

সোমবার নেতানিয়াহু আরব দলগুলোকে বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বৃহত্তম দলের নেতা হিসেবে পরবর্তী জোট সরকারের নেতৃত্ব তারই দেওয়া উচিত।

লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইহুদি জনগণের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা লিকুদকে বৃহত্তম দল হিসেবে এবং আমাকে প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সরকার পরিচালনার জন্য বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে না—এমন যেকোনো দলের সঙ্গে একটি বৃহত্তর সরকার গঠন করতে চাই।’

আরব-প্রধান তালিকাগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে নেতানিয়াহু অভিযোগ করেন, দলগুলো ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে।’

আরও পড়ুন: টাকার লোভ সামলাতে পারিনি, স্বীকারোক্তি দিলেন রিয়া

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানিয়ে আরব ইসরাইলি দলগুলোর নেতারা ফিলিস্তিনি ইসলামপন্থী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেননি। রা’আম পার্টির নেতা ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিলেও অন্য নেতারা এ সংজ্ঞা প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনের আগে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আরব-প্রধান দুটি তালিকার প্রধানরা একটি অভিন্ন লক্ষ্য তুলে ধরেছিলেন। তাদের বক্তব্য ছিল, তারা যে সরকারকে ‘বর্ণবাদী’ বলে মনে করেন, সেটির পতন ঘটানো।

বিরোধী শিবিরে আরব দলগুলোর সমর্থন নিয়ে মতভেদ রয়েছে। আইজেনকটের ব্লকের দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও সোমবার পর্যন্ত সব নেতাই তাকে পরবর্তী সরকার গঠনের জন্য সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। আরব দলগুলোও আইজেনকটকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, তা বিরোধী শিবিরের অন্যতম বিতর্কিত বিষয়। আইজেনকটের শিবিরে ডেমোক্র্যাটস পার্টির বামঘেঁষা নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে অংশীদারত্বের পক্ষে। অন্যদিকে ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এর তীব্র বিরোধিতা করছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

আইজেনকটের দল সরাসরি ঘোষণা না দিলেও এ ধারণা নাকচ করেছে বলে মনে হচ্ছে। নাফতালি বেনেটের মধ্য-ডানপন্থী টুগেদার পার্টির অবস্থান এখনো স্পষ্ট নয়।

ইসরাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী, বিভিন্ন দলের সমর্থনের সংখ্যা ও রাজনৈতিক শক্তি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট সাধারণত সবচেয়ে বেশি সুপারিশ পাওয়া প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর শিবিরে তার কট্টর ডানপন্থী মিত্ররা এবং অতি-অর্থোডক্স শাস পার্টি তার নাম সুপারিশ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্য অতি-অর্থোডক্স দলের অবস্থান অবশ্য এখনো পরিষ্কার নয়।

সরকার গঠনের প্রক্রিয়া

আরও পড়ুন: চীনে প্রতিষ্ঠানের ঋণচাপে সংকট

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বুধবার থেকে দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ শুরু করবেন। প্রার্থী বাছাইয়ের জন্য তার হাতে সাত দিন সময় রয়েছে, অর্থাৎ ১১ নভেম্বর পর্যন্ত।

প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। প্রথম প্রার্থী ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন।

দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে পার্লামেন্টের ৬১ জন সদস্য প্রেসিডেন্টকে তৃতীয় কোনো প্রার্থী বেছে নেওয়ার অনুরোধ করতে পারবেন। ১৪ দিনের মধ্যে এমন অনুরোধ করা না হলে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: গাজীপুর মেট্রোর কমিশনার আশিকসহ আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিক আন্দোলন : বিকেএমইএ সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিক আন্দোলন : বিকেএমইএ সভাপতি

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম মন্তব্য করেছেন যে, সরকারকে বেকায়দায় ফেলতে বা অস্থিতিশীল করার উদ্দেশ্যে তৎপরতা চালানো হচ্ছে। তিনি এই মন্তব্যটি করেছেন চলমান শ্রমিক আন্দোলন বা পরিস্থিতি প্রসঙ্গে।

শ্রমিক আন্দোলনের নামে শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়টি সরকারের নীতিনির্ধারক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ব্যবসায়ীদের বৈঠকে আলোচনায় এসেছে।

মোহাম্মদ হাতেম বলেন, "জনগণের ভোগান্তি সৃষ্টি করা, কারখানার ক্ষতির উদ্দেশ্যে এই আন্দোলন। সরকারকে বেকায়দায় ফেলতে এসব করা হচ্ছে।"

তিনি আরও জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য একটি গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকদের প্রতিনিধি রয়েছে। আলোচনার টেবিলে বসে সর্বনিম্ন মজুরি নির্ধারণ হবে বলে জানান বিকেএমইএ সভাপতি। তিনি সরকারের কাছে আহ্বান জানান যে, যদি এই আন্দোলনের পেছনে কারো উসকানি থাকে, তবে তা খতিয়ে দেখা উচিত।

মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, "এক দিনের উৎপাদন বন্ধ থাকলেও মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। উৎপাদন ব্যাহত হওয়ায় ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন হবেন। দীর্ঘ মেয়াদে এতে তাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে প্রাণ গেল সেখানেই আইআইইউসি শিক্ষার্থীর জানাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


সড়কে প্রাণ গেল সেখানেই আইআইইউসি শিক্ষার্থীর জানাজা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী মাইশা মুশফিরাতের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জানাজাটি অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে, সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায় অবস্থিত।

সকাল সাড়ে ৯টার দিকে আইআইইউসি-র প্রধান ফটকের সামনে একটি বেপরোয়া লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়লে মাইশা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এর ফলে কয়েক ঘণ্টা ধরে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ও রেললাইনে যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

সহপাঠীর অকালমৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ দফা দাবি পেশ করেছেন। তাদের প্রধান দাবিগুলো হলো—আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে গ্রেপ্তার করা, মামলার সার্বিক অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের নিয়মিত অবহিত রাখা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং অবিলম্বে বন্ধ করা, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা সব অবৈধ পার্কিং উচ্ছেদ করা, সড়ক প্রশস্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে দ্রুত পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ) নির্মাণ করা, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ও যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকের সামনে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে নতুন পরিবর্তন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে নতুন পরিবর্তন ঘোষণা

ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (ইনডেফিনিট লিভ টু রিমেইন, আইএলআর) পাওয়ার নিয়মে একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে দেশটির সরকার। সরকার সিদ্ধান্ত নিয়েছে, অধিকাংশ অভিবাসীর জন্য আইএলআর পাওয়ার যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে।

তবে, উচ্চ আয়ের কর্মী, চিকিৎসক, নার্স, শিক্ষকসহ নির্দিষ্ট পেশাজীবীদের জন্য পাঁচ বছরের পথটি বজায় থাকবে। বিশেষ অবদান রাখা উচ্চ আয়ের কর্মী ও নির্দিষ্ট দক্ষতা কর্মসূচিতে আসা অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের আবেদনের সুযোগ তিন বছরেই দেওয়া হবে।

অন্যদিকে, নির্দিষ্ট শর্ত পূরণকারী কেয়ার ওয়ার্কারদের জন্যও পাঁচ বছরের পথ বজায় রাখার ঘোষণা এসেছে। সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ‘আর্নড সেটেলমেন্ট’ নীতির বিস্তারিত তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

নতুন নীতিতে স্থায়ী বসবাসের অনুমতি আর শুধু নির্দিষ্ট সময় দেশটিতে অবস্থানের ভিত্তিতে দেওয়া হবে না। বরং অভিবাসীর আর্থিক ও সামাজিক অবদান, কর্মসংস্থান, চরিত্র এবং আইন মেনে চলার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।

সরকারের ভাষায়, স্থায়ী বসবাসের অধিকার অর্জন করতে হবে অবদানের মাধ্যমে। নতুন নীতির আওতায় যারা অভিবাসন আইন ভঙ্গ করেছেন, তাদের স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনে অন্তত ২০ বছর অপেক্ষা করতে হতে পারে।

যারা পাবেন তিন ও পাঁচ বছরের সুযোগ :

ব্রিটিশ সরকারের ঘোষণায় বলা হয়েছে, বছরে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয়কারী সর্বোচ্চ করদাতাদের তিন বছরে আইএলআর আবেদনের সুযোগ দেওয়া হবে। একই সুযোগ থাকবে সরকারের সর্বোচ্চ দক্ষতাভিত্তিক ট্যালেন্ট কর্মসূচিতে আসা অভিবাসীদের জন্য। বছরে ৫০ হাজার পাউন্ডের বেশি আয়কারী এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের চিকিৎসক, নার্স ও শিক্ষকসহ নির্দিষ্ট পেশাজীবীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। অন্যদের জন্য সাধারণ যোগ্যতার সময়সীমা হবে ১০ বছর।

কেয়ার ওয়ার্কারদের জন্য বিশেষ ছাড় :

নতুন নীতিতে সামাজিক পরিচর্যা খাতের কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যে আসা বা সংশ্লিষ্ট ভিসায় পরিবর্তন করা কেয়ার ওয়ার্কারদের মধ্যে যারা ভিসার শর্ত পূরণ করেছেন এবং সামাজিক পরিচর্যা খাতে বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করেছেন, তারা পাঁচ বছর পর আইএলআর আবেদন করতে পারবেন।

অন্যদিকে, এই সময়ের মধ্যে আসা বা ভিসা পরিবর্তন করা প্রায় এক-চতুর্থাংশ কর্মী ভিসার শর্ত পূরণ করতে পারেননি। তাদের জন্য আরো পাঁচ বছরের নতুন কেয়ার ভিসার সুযোগ রাখা হচ্ছে। নতুন ভিসায় তারা আগের নিয়োগকর্তার ওপর নির্ভরশীল থাকবেন না। পাঁচ বছরের নতুন ভিসার মেয়াদ শেষে তারা আবার স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। একই ধরনের বিশেষ ব্যবস্থা স্বাস্থ্য ও শিক্ষা খাতের নির্দিষ্ট কিছু কর্মীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আইএলআরের জন্য কঠোর শর্ত :

স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য চারটি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে অপরাধমুক্ত রেকর্ড, উচ্চমানের ইংরেজি ভাষার দক্ষতা, ব্রিটিশ সরকারের কাছে কোনো অনাদায়ী ঋণ না থাকা এবং অন্তত তিন বছরের ন্যাশনাল ইনস্যুরেন্স (এনআই) কন্ট্রিবিউশনের রেকর্ড। যাঁরা সরকারি সুবিধা বা বেনিফিট গ্রহণ করেছেন, তাদের আবেদন করার আগে টানা পাঁচ বছর রাষ্ট্রের ওপর নির্ভরশীল না থাকার শর্তও পূরণ করতে হবে।

শরণার্থীদের ক্ষেত্রেও পরিবর্তন :

সরকার অনুমোদিত নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীদের পাঁচ বছরে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। অন্য শরণার্থীদের ক্ষেত্রে সময়সীমা ২০ বছর হতে পারে। তবে কাজ বা পড়াশোনায় যুক্ত হলে নির্দিষ্ট শর্তে তা ১০ বছর পর্যন্ত কমতে পারে। ছোট নৌকা বা গোপন অবৈধ পথে প্রবেশকারীদের ক্ষেত্রে অতিরিক্ত ১০ বছর অপেক্ষা যুক্ত হওয়ায় সময়সীমা ৩০ বছর পর্যন্ত হতে পারে।

তবে ব্রিটেনে ইতিমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিদের অধিকার বাতিল করা হবে না। ব্রিটিশ নাগরিকদের পরিবারের সদস্য, হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিজ) ভিসাধারী, সশস্ত্র বাহিনীর সদস্য এবং উইন্ডরাশসহ কিছু পুরোনো রুটের অভিবাসীদের জন্য বর্তমান পথ বহাল থাকবে।

২০২৭ সালে কার্যকর হওয়ার পরিকল্পনা :

গত সোমবার, ২ নভেম্বর ২০২৬-এ ঘোষিত সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন পরিবর্তনগুলো ডিসেম্বর থেকে ইমিগ্রেশন রুলসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৭ সালে পর্যায়ক্রমে কার্যকর করা হবে। বর্তমানে ব্রিটেনে থাকা অনেক অভিবাসীর ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, আইএলআরের ক্ষেত্রে আবেদনকারীর যুক্তরাজ্যে প্রবেশের সময় নয়, বরং আবেদন নিষ্পত্তির সময় কার্যকর নিয়ম বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, ২ নভেম্বরের ঘোষণা হাউস অব কমন্সে স্বরাষ্ট্রমন্ত্রীর নীতিগত বিবৃতি, এটি নতুন আইন হিসেবে সংসদে চূড়ান্ত ভোটে পাস হয়নি। পরিবর্তনগুলো ইমিগ্রেশন রুলসের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে ৩০ হাজার টাকা নূন্যতম মজুরি প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গামেন্টস শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্মার মোড় এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

মহাসড়কে অবস্থান নিয়ে তারা অবিলম্বে মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন। এদিকে, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মন্তব্য করেন, "শ্রমিকদের সাথে কথা বলছি, মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে যানবাহন চলাচল রাখতে চেষ্টা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%