০১:৫৩ এম
আরও কয়েক মিনিট পরেই ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্ব শুরু হতে চলেছে। কিন্তু ফুটবলপ্রেমীদের একটি বড় অংশের মনে ভর করতে পারে শূন্যতা ও হাহাকার।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে নেই সফলতম দুই দল ব্রাজিল ও জার্মানি! বাংলাদেশের ফুটবলপ্রেমী রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার শেষ ষোলো থেকে বাদ পড়েছে। অন্যদিকে, জার্মানি ছিটকে গেছে রাউন্ড অব ৩২ থেকে।
এটি বিশ্বকাপের ২৩তম আসর। এর মধ্যে কোয়ার্টার ফাইনাল ছিল বা হতে চলেছে ১৮টি আসরে। এর মধ্যে ১০টিতে ব্রাজিল ও জার্মানি দুই দলই খেলেছে।
আরও পড়ুন: ফরিদপুরে নিখোঁজ সামিউলের লাশ খুঁজতে মেঝে খুঁড়ে মিলল না কিছুই
ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলেছে ১৪টি আসরে। এবারের আগে সেলেসাওরা ১৯৩৪, ১৯৬৬ ও ১৯৯০ আসরে কোয়ার্টার ফাইনালের আগেই বাদ পড়েছিল। সেই তুলনায় জার্মানি কোয়ার্টার ফাইনালে উঠেছে ১৭ বার। এবারের আগে ডি মানশাফটরা এই পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ১৯৩৮, ১৯৫০, ২০১৮ ও ২০২২ আসরে।
বিশ্বকাপের ১৯৩০, ১৯৫০, ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্ব ছিল না। কিন্তু এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, মরক্কো, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই আট দলের মধ্যে প্রথম চারটি দল অতীতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। শেষের চারটি দল এখনও প্রথম বিশ্বকাপ শিরোপার অপেক্ষায়।
বেলজিয়াম এবং মরক্কো কখনো সেমিফাইনালের থেকে বেশি এগোতে পারেনি। সুইজারল্যান্ড সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের মাটিতে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। আর নরওয়ে এর আগে কখনও শেষ ষোলো পার করতে পারেনি।
এবারের আট দলের মধ্যে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে হতাশাজনক রেকর্ড ইংল্যান্ডের। তারা ১০ বার কোয়ার্টার ফাইনালে খেলেছে; কিন্তু জিতেছে মাত্র ৩ বার। ফ্রান্স ৯ বার, আর্জেন্টিনা ৮ বার, স্পেন ৫ বার, বেলজিয়াম ও সুইজারল্যান্ড ৩ বার করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। মরক্কোর জন্য এবার হবে এমন অভিজ্ঞতা দ্বিতীয়বার এবং নরওয়ের জন্য হবে প্রথমবার।
আরও পড়ুন: গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, পুলিশ বলছে শ্বাসরোধে হত্যা
এবারের কোয়ার্টার ফাইনালে একটি আফ্রিকান এবং একটি দক্ষিণ আমেরিকান দল রয়েছে, বাকি ছয়টি ইউরোপীয় দল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে একই চিত্র দেখা গিয়েছিল। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার ইউরোপের একটি দল বেশি রয়েছে কোয়ার্টার ফাইনালে।
গ্রুপ পর্বের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠা দলগুলোর মধ্যে এখনো ছয়টি টিকে আছে। দলগুলো হলো আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড। মরক্কো ও নরওয়ে নিজেদের গ্রুপে রানার্স আপ ছিল।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪টি করে গোল করেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। তাদের ঠিক পেছনে রয়েছে বেলজিয়াম (১৩ গোল)।
আরও পড়ুন: গাজীপুরে তুরাগ নদীতে ডুবে পোশাকশ্রমিক আবু হাসানের মৃত্যু, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন