০৩:০৪ পি.এম
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মধ্যরাতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালিয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তৎপরতায় বিএসএফ এর সে চেষ্টা সফল হয়নি। রবিবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময়, যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে বিএসএফ পুশইনের চেষ্টা চালায়। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানে থাকার কারণে বিএসএফ তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়।
এ বিষয়ে যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে একই সীমান্তের 'সুদুরটিলা' ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাক নিয়ে বেশ কিছু মানুষকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসেন। তাদের উদ্দেশ্য ছিল রাতে অন্ধকারে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করা। ওই সময়, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক শক্ত অবস্থান নেন। এই ঘটনাটি জানাজানি হলে সীমান্তের সাধারণ মানুষও বিজিবির সমর্থনে লাঠিসোটা নিয়ে ছুটে আসেন এবং সীমান্তে অবস্থান নেন। বিজিবি এবং এলাকাবাসীর এই অনড় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তখন পিছু হটতে বাধ্য হয়।
সীমান্তে বসবাসরত স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের অভ্যন্তরে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মুসলিম নারী, পুরুষ এবং শিশুদের ধরে এনে সীমান্ত ক্যাম্পগুলোতে জড়ো করা হচ্ছে। বিএসএফ তাদেরকে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিতে চেষ্টা করছে। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, শনিবার রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি এবং এলাকাবাসীর যৌথ এবং শক্ত অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। সোমবার রাতে বিএসএফ প্রায় ৩০০ মানুষকে এনে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে, তবে বিজিবি এবং গ্রামবাসী সীমান্তের শূন্য রেখার কাছাকাছি সতর্ক অবস্থান নেয়।
আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী জানান, সীমান্তের ওপারে ক্যাম্পে লোকজন ধরে এনে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। গ্রামবাসীসহ আমরা শক্ত অবস্থানে রয়েছি। কোনভাবেই অবৈধ পুশইন হতে দেয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন