বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৪ এম
রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদ শিক্ষার্থীদের বিক্ষোভের চাপে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন। প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ডিবি পুলিশের প্রহরায় তিনি কক্ষ ত্যাগ করার সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা চালায়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও নগর কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় তিনি পুলিশকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
ক্যাম্পাস ও পুলিশ সূত্রে জানা যায়, অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তুলে শিক্ষার্থীরা দুই দিন ধরে আন্দোলন করছিলেন। মঙ্গলবার সকাল থেকে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর আন্দোলনকারীরা মারমুখী হয়ে ওঠে এবং রাত ১১টার দিকে তাকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করে।
সংঘর্ষের ঘটনায় পালটাপালটি অভিযোগ করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন ছিল; কিন্তু শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে তাণ্ডব চালিয়েছে। রাতে ডিবি পুলিশ অধ্যক্ষকে সরিয়ে নেওয়ার সময় শিবিরের কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতা করতে গেলে আমাদের ও স্থানীয় সাতজন আহত হন।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিবিরের নীতিগত সমর্থন ছিল; কিন্তু ক্যাম্পাসে যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার সঙ্গে ছাত্রদলের সন্ত্রাসী ও বিএনপি-সমর্থিত বহিরাগতরা জড়িত। বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষার্থীরা তা প্রতিহত করে। এতে সাধারণ শিক্ষার্থীদের প্রায় ১৫ জন আহত হয়েছেন। শিবিরের কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন।’
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দিনভর শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা হয়। রাতে ক্যাম্পাসে কিছু অচেনা মুখ সশস্ত্র অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অধ্যক্ষকে নিরাপদে সরিয়ে আনতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ক্যাম্পাসে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান বা ড্রোন সামনে আনছে। মার্কিন নৌবাহিনীর বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর সাথে এই অত্যাধুনিক ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মার্কিন সিনেটের একটি শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেন।
এই চালকবিহীন যুদ্ধবিমানগুলো তুলনামূলকভাবে কম খরচে নির্মিত হবে এবং বিমানবাহী রণতরীর আক্রমণক্ষমতা ও পরিধি বহুগুণ বাড়িয়ে দেবে। এগুলো পাইলটচালিত বিমানের পাশাপাশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ লড়াইয়ে অংশগ্রহণ করবে। ২০২৫ সালে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে এই ড্রোনের নকশা তৈরিতে যুক্ত করা হয়েছিল। রণতরীর জন্য পূর্বে পরিকল্পিত ‘এমকিউ-২৫ স্টিংরে’ ড্রোনটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু নতুন সিসিএ ড্রোনগুলো সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেবে।
এছাড়া, মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পস একটি সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করছে, যার মাধ্যমে এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর ড্রোন পরিচালনা করতে সক্ষম হবেন।
২০২৪ সালের ডিসেম্বরে চীন যুক্তরাষ্ট্রের আগে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করলে ওয়াশিংটনে নতুন করে তোড়জোড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের ‘এফ/এ-এক্সএক্স’ বা বিমানবাহিনীর ‘এফ-৪৭’ এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি, ফলে আকাশপথে নিজেদের আধিপত্য বজায় রাখতে দ্রুত এই চালকবিহীন যুদ্ধবিমান মোতায়েনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
সূত্র: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মন্তব্য করেছেন যে, আলেম সমাজের ওপর বিগত ১৭ বছরে চালানো নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ডের কথা ভুলে যাওয়ার নয়।
তিনি উল্লেখ করেন, শাপলাচত্বরের ঘটনা এখনও মানুষের স্মৃতিতে জীবিত রয়েছে। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনের সময় আলেম সমাজের ওপর বর্বর নির্যাতন ও গুলি চালানোর ঘটনাও ভুলে যাওয়ার মতো নয়।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসার ২০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে আলেম সমাজকে যেভাবে অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। শাপলাচত্বরের ঘটনার কথা এখনও ভুলে যাওয়ার মতো নয়। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, এবং সে সময় তাঁদের ওপর বর্বর অত্যাচার ও গুলি চালানো হয়েছিল।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে যারাই ধর্মকে নিয়ে, আপনাদেরকে নিয়ে রাজনীতি করেছে, এটা অত্যন্ত ঘৃণিত ও জঘন্যতম অপরাধ করেছে।’
আলেম-ওলামাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ইশরাক বলেন, ‘আপনারা আমাকে নির্বাচন করে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, একজন মুসলমানের সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, সেটা আমি সবসময় আলেম-ওলামা ও আমাদের মুরুব্বিদের পরামর্শ নিয়ে পালন করব।’
তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। যাতে প্রতিবেশী কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে কিংবা দেশকে দাস রাষ্ট্রে পরিণত করতে না পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৫ নভেম্বর) রাতে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে এ তথ্য জানান।
রাশেদ খাঁন উল্লেখ করেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন যে, বৈধ ট্রাভেল ডকুমেন্টস থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন এবং এটি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি বিষয়। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা কেবল বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে পারবেন। রাশেদ খাঁনের মতে, জয়সওয়ালের বক্তব্য থেকে স্পষ্ট যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত তাকে ফেরত পাঠাবে না; অর্থাৎ শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি তিনি একরকম স্পষ্টভাবে জানিয়েছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয়, তবে ঢাকার প্রত্যর্পণ অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়ায় খতিয়ে দেখছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে, নারীর মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ কার্যক্রমের আয়োজন করা হয় নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এবং ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)-এর যৌথ উদ্যোগে। ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস, শিলিডস, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও উইমেন এন্টারপ্রেনার্স ফোরাম বাংলাদেশ-এর সহযোগিতায় বুধবার (২৫ নভেম্বর) এনইউএস ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। অনুষ্ঠানে বাংলাদেশে নারী নির্যাতনের বর্তমান অবস্থা ও প্রতিকারের উপায় শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)-এর নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলিডস-এর যুগ্ম সম্পাদক সেলিনা আখতার, প্রখ্যাত সংগীত শিল্পী সম্পি জামান, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস-এর ব্যবস্থাপক আব্দুল মোমিন, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রচার সম্পাদকসহ বিভিন্ন নারী অধিকার, মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা উল্লেখ করেন, নারী নির্যাতন শুধুমাত্র একটি সামাজিক সমস্যা নয়; এটি নারীর মৌলিক মানবাধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকারকে সরাসরি আঘাত করে। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার, কর্মক্ষেত্রে নির্যাতন এবং অনলাইনভিত্তিক যৌন হয়রানির মতো বিভিন্ন ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজকে একত্রে কাজ করতে হবে।
তারা আরও বলেন, আইন প্রণয়ন করলেই নারী নির্যাতন বন্ধ হবে না। আইনের কার্যকর প্রয়োগ, দ্রুত তদন্ত ও বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা, আইনি সহায়তা এবং অপরাধীর জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার সামাজিক গ্রহণযোগ্যতা ও নীরবতা ভাঙতে হবে।
অনুষ্ঠান থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের কাছে নিম্নোক্ত ১০ দফা সুপারিশমালা তুলে ধরা হয়। সেগুলো হলো—
১. নারী নির্যাতনের প্রতিটি অভিযোগ দ্রুত গ্রহণ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগ গ্রহণে কোনো ধরনের গাফিলতি, হয়রানি বা অনীহা বরদাশত করা যাবে না।
২. ধর্ষণ ও যৌন সহিংসতার মামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। চিকিৎসা পরীক্ষা, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক আলামত দ্রুত সংগ্রহ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করতে হবে এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে হবে।
৩. নারী ও কন্যাশিশুর জন্য ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। নির্যাতনের শিকার নারী ও শিশুকে নিরাপদ আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনের সমন্বিত সুযোগ দিতে হবে।
৪. নারী ও শিশু নির্যাতন মামলার জন্য কার্যকর মামলা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। মামলার তদন্ত, অভিযোগপত্র, বিচার এবং রায়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
৫. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারসংশ্লিষ্ট কর্মকর্তাদের লিঙ্গসংবেদনশীল ও ভুক্তভোগীবান্ধব প্রশিক্ষণ দিতে হবে। নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকে দোষারোপ না করে মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তার সঙ্গে সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।
৬. ১০৯ জাতীয় হেল্পলাইনসহ নারী ও শিশু সহায়তা সেবার ব্যাপক প্রচারণা ও কার্যকারিতা বাড়াতে হবে। গ্রাম থেকে শহর পর্যন্ত নারী ও কন্যাশিশু যেন সহজে সহায়তা পাওয়ার পথ জানতে পারে, সে জন্য জাতীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।
৭. কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসরে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে অভিযোগ গ্রহণ, তদন্ত ও প্রতিকার প্রদানের কার্যকর ব্যবস্থা রাখতে হবে এবং অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৮. অনলাইন ও প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনলাইনে অনুসরণ করে হয়রানি, যৌন হয়রানি, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, ব্ল্যাকমেইল এবং অন্যান্য ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার নিশ্চিত করতে হবে।
৯. নারী নির্যাতনের মূল কারণ প্রতিরোধে দীর্ঘমেয়াদি সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি বৈষম্য, সহিংসতাকে স্বাভাবিক হিসেবে দেখার সামাজিক মানসিকতা এবং বৈষম্যমূলক সামাজিক রীতিনীতি পরিবর্তনে স্কুল, পরিবার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করতে হবে।
১০. সরকার, নাগরিক সমাজ ও নারী সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে মাঠপর্যায়ের নারী সংগঠন ও নাগরিক সমাজের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, সেবা-সংযোগ, নীতিগত এডভোকেসি এবং জবাবদিহির কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধুমাত্র নারীদের বিষয় নয়; এটি সমগ্র সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, অপরাধীদের দায়মুক্তির পথ বন্ধ করা এবং নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর পাশে দাঁড়ানোর জন্য সরকার, নাগরিক সমাজ, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
‘নির্যাতন নয়, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক, দায়মুক্তির অবসান হোক’ এই প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ