১০:০০ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (মঙ্গলবার) রাজশাহী সফরে যাচ্ছেন। সফরের সময় তিনি ঐতিহাসিক মাদরাসা ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
রবিবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরো ত্বরান্বিত করবে।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
সরকারি সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক মাদরাসা ময়দান পরিদর্শন করেছেন।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং মসজিদ-মাদরাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে ১১ জন আহত, আতঙ্ক ছড়িয়েছে
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে গৃহীত সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম দেখতে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভাস্থল পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন