০৫:৪৫ পি.এম
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে অভিবাসীদের আগমনের একটি রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার ১৪টি নৌকায় করে প্রায় দেড় হাজার অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। ২০২০ সালের পর এটি এক দিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী আগমনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
রোববার সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার সূত্রে বার্তা সংস্থা ইএফই এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ৭ নভেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬১ জন অভিবাসীকে উদ্ধারের রেকর্ড ছিল, যা শনিবারের ঘটনার মাধ্যমে ভেঙে গেছে।
আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবল
গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসী আগমনের হার কিছুটা কম থাকলেও, গত মাসে তা আকস্মিকভাবে বেড়ে যায়। এর ফলে দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলে, বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অধিকাংশই সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক। শনিবার উদ্ধার হওয়া একটি নৌকায় ১২ জন নারী ও ৩৬ শিশুসহ মোট ২৪০ জন যাত্রী ছিলেন। তাদের এল হিয়েরো দ্বীপে স্থানান্তরিত করা হয়েছে।
এছাড়া এল হিয়েরোতে ১২টি নৌকা পৌঁছেছে। গ্রান ক্যানারিয়ায় একটি এবং টেনেরিফে আরো নৌকা ভিড়েছে। পরিস্থিতি পর্যালোচনা এবং অভিবাসীদের আকস্মিক আগমন নিয়ে আলোচনা করতে রোববার এল হিয়েরো দ্বীপ সফরের পরিকল্পনা রয়েছে স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতিকূল সমুদ্র, তীব্র স্রোত এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন।
আরও পড়ুন: পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে কী কারণ?
সাধারণত শরৎকালে এ পথে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকে, ফলে এ সময় অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনের হার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।
সূত্র: রয়টার্স
এআরবি
আরও পড়ুন: এনভিডিয়ার জেনসেনের সঙ্গে চীনা নারীর প্রেম মেনে নিয়েছেন স্বামী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন