০৯:২০ পি.এম
রাজধানীর এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে, যা কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সহায়তা করবে লোডশেডিংয়ের সময়েও। ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের আর্থিক সহায়তায় এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে, এবং উদ্বোধন করেছে উভয় প্রতিষ্ঠান।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‘সোলার পাওয়ার সেটআপ প্রোগ্রাম-২০২৬’ এর আওতায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সৌরবিদ্যুৎ ভিলেজের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ করবে। এর ফলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে, মাসিক বিদ্যুৎ খরচ হ্রাস পাবে এবং কার্বন নিঃসরণও কম হবে।
আরও পড়ুন: বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি
ঢাকার এসওএস ইয়ুথ ভিলেজে বেড়ে ওঠা পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত কিশোরেরা এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে রয়েছে। এখানে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও জীবনদক্ষতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। নতুন সৌরবিদ্যুৎ ব্যবস্থা তাদের শিক্ষা ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো এবং প্রশাসন সমন্বয়কারী শিনোবু নাকায়ামা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষ থেকে এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী এবং করপোরেট ফান্ডরেইজিং কর্মকর্তা মো. আরমান কবির মাহিদও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফ আলী মন্তব্য করেন, "সন্ধ্যায় পড়তে বসার সময় বিদ্যুৎ চলে গেলে আলো না আসা পর্যন্ত অনেক কিশোরের পড়াশোনা থমকে থাকে। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় এখন আর তাদের মূল্যবান সময় নষ্ট হবে না।" তিনি আরও বলেন, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় তিনি ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডকে সময়োপযোগী সহায়তার জন্য ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি পণ্য মিলছে ১৩তম জাতীয় এসএমই মেলায়
দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, কিশোরেরা নিজেদের আবাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দেখে দৈনন্দিন জীবনে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার বিষয়ে সচেতন হবে। ভবিষ্যতে তারা জলবায়ু সুরক্ষায় ভূমিকা রাখবে এবং অন্যদের উৎসাহিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন