ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রূপপুরের দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ


রূপপুরের দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬ লাখ টাকায় পৌঁছেছে। এর মধ্যে প্রথম দফায় প্রায় ২ কোটি টাকার এবং দ্বিতীয় দফায় প্রায় ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

দ্বিতীয় দফায়, প্রথম ইউনিটটি প্রায় ৩০ ঘণ্টা ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় ঘণ্টায় প্রায় ৩২০ মেগাওয়াট হারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ করেছে রূপপুরের প্রথম ইউনিট। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা সরবরাহ অব্যাহত রাখা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কায় ব্যবসায়ী নিহত

এর আগে, প্রথম দফায় গত ১৭ নভেম্বর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে রূপপুরের প্রথম ইউনিট। ওই দফায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। দুই দফা মিলিয়ে কেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬ লাখ টাকা।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে, দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক।

বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে পরিচালনসংক্রান্ত বিভিন্ন পরামিতি, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মদক্ষতা পর্যালোচনা করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান মন্তব্য করেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

আরও পড়ুন: জৈন্তাপুরে আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা, প্রাচীন পুরাকীর্তি সংরক্ষণের উদ্যোগ

তিনি বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রস্তাবে ভারতের ওপর বেশি চাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রস্তাবে ভারতের ওপর বেশি চাপ

যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যে সর্বাধিক ১৮ শতাংশ এবং ভারতের পণ্যে সর্বাধিক ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে, যা শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দেশ দুটিসহ চীন, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অর্থনীতির বিরুদ্ধে নেওয়া হয়েছে।

বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বুধবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্কের প্রস্তাব দেন। এই প্রস্তাবে বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত শুল্কের মধ্যে ভিয়েতনামের পণ্যে সর্বাধিক ৩৫ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ, চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ এবং বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বাধিক ১৮ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে সর্বাধিক ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।

কিছু দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে শুল্কের হার কমানোর সুযোগ রাখা হয়েছে।

জামিসন গ্রিয়ার এক বিবৃতিতে উল্লেখ করেন, "কয়েক দশক ধরে অনেক বাণিজ্যিক অংশীদার উৎপাদন খাতকে লক্ষ্য করে শিল্প কৌশল গ্রহণ করেছে।" তিনি বলেন, এসব নীতির মধ্যে শ্রমিকের মজুরি ও শ্রম অধিকার সংকুচিত করা, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং বাজারব্যবস্থাকে বিকৃত করে এমন উপকরণ ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দাবি করেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করছে এবং বাণিজ্যের ভারসাম্য অন্য দেশগুলোর পক্ষে নিয়ে যাচ্ছে।

চীনের ক্ষেত্রে অধিকাংশ পণ্যে সর্বাধিক ২০ শতাংশ এবং নির্দিষ্ট কিছু পণ্যে ১০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। তবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভোক্তাপণ্যকে শুল্ক ছাড়ের আওতায় রাখার প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের সুপারিশ এবং ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া সমঝোতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করার জন্য সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের চিহ্নিত করা জরুরি। তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মো. শাহ আলম বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব মন্তব্য করেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালাটির আয়োজন করে।

মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় কক্সবাজার সদর, মহেশখালী, রামু, টেকনাফ ও উখিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অভিবাসনের বর্তমান প্রবণতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানের পরিবর্তিত চিত্র তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি সাংবাদিকতা জীবনে মানব পাচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "আমরা যদি মানব পাচার কিংবা মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারি, একদিন আপনার-আমার সন্তানেরাও এর শিকার হবে। তখন দেখবেন, এই এলাকাই ছাড়তে হবে। কাজেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।"

শরিফুল ইসলাম হাসান আরও উল্লেখ করেন, "দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য তুলে ধরে না, এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

কর্মশালায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের লিগ্যাল সার্ভিসের সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিকও বক্তব্য দেন।

এর আগে সকালে ‘সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিআইডির ২৫ জন কর্মকর্তা অংশ নেন। সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছিল এ কর্মশালার লক্ষ্য।

এ কর্মশালায় মো. শাহ আলম সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ও সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, "কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা ব্যবহার করে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠানোর ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।"

কক্সবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ কক্সবাজারকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের একটি ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "এ অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে গুজরাটের তরুণ বরিশালে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


প্রেমের টানে গুজরাটের তরুণ বরিশালে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করলেন

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের মাধ্যমে শুরু হয় এক প্রেমের গল্প, যা ভারত থেকে বাংলাদেশে পৌঁছায়। গুজরাটের এক তরুণ বরিশালে এসে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করেছেন এবং বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এই তরুণের বয়স ২০ বছর।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে ঘটেছে। ভারতীয় তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ, যিনি হামজা নামেও পরিচিত। তিনি গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে।

অন্যদিকে, কিশোরী মাহি আক্তার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সিকদারের মেয়ে। তিনি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

মাহির পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল সাড়ে দশটার একটি ফ্লাইটে ফাইজান শাহ ভারত থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে মাহির পরিবার তাকে রিসিভ করে বরিশালে নিয়ে আসে। পরবর্তীতে ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে মাহির সঙ্গে ফাইজানের বিয়ে সম্পন্ন হয়। এরপর ফাইজানকে মেয়ে জামাইয়ের মর্যাদা দিয়ে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহি আক্তারের মা শামীমা আক্তার এসব তথ্য জানান।

এদিকে, ভারতীয় তরুণের সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয়রা ভারতীয় তরুণকে একনজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করে।

কিশোরী মাহি আক্তার বলেন, "ফাইজান দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু। তার সঙ্গে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল আমার। গত তিন মাস আগে দুই পরিবার প্রেমের বিষয়টি জানতে পারে। এরপর আমার পরিবার থেকে বারবার নিষেধ করা হলেও সম্পর্ক রেখেছিলাম। সেই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসা নিয়ে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসে ফাইজান। শাহজালাল বিমানবন্দরে আমার মা এবং ছোট ভাই তাকে রিসিভ করে বরিশাল নিয়ে আসেন।"

মাহি আরও বলেন, "গত একবছরে প্রেমিক ফাইজানের কাছ থেকে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখে ফেলেছি। এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। আমাদের পুরো পরিবার কমবেশি হিন্দিতে কথা বলতে পারে। ফাইজান আমার সঙ্গে বাংলাদেশেই থেকে যেতে চায়। সেও আমার কাছ থেকে কিছু কিছু বাংলা শিখেছে।"

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তিনি ৬ মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বাকি জীবন বাংলাদেশেই স্ত্রীর সঙ্গে কাটাতে চান।

তবে ভারতীয় তরুণের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে জানিয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে ভারতীয় ওই নাগরিকের সব তথ্য থানায় দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: এমপি মাহবুবুর রহমান বেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: এমপি মাহবুবুর রহমান বেলাল

আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনিদের দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল মন্তব্য করেছেন যে, বাংলাদেশে এই খুনিদের দলকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

বুধবার বিকেলে, রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের উদ্দেশ্য ছিল দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করা এবং ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় করা।

বিক্ষোভ মিছিলটি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেসক্লাব, দাবানল মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, "আমরা এই দেশে গণহত্যা আর দেখতে চাই না। ক্রসফায়ার, গুম ও আয়নাঘর আর দেখতে চাই না। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, তাদের কখনোই রাজনৈতিক দল বলা যায় না।"

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না। জনগণের গণরায় ও ‘হ্যাঁ’ ভোটের রায়কে অস্বীকার করছে। বাংলার জনগণ এই অস্বীকার করার তামাশা আর মেনে নিতে পারে না।

বেলাল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে, শেখ হাসিনার পক্ষে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হবে।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা এ বিষয়ে সরকারপ্রধানকে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান।

এ সময় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%