১১:১৯ পি.এম
সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করার জন্য সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের চিহ্নিত করা জরুরি। তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মো. শাহ আলম বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব মন্তব্য করেন।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালাটির আয়োজন করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল
মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় কক্সবাজার সদর, মহেশখালী, রামু, টেকনাফ ও উখিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালায় অভিবাসনের বর্তমান প্রবণতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানের পরিবর্তিত চিত্র তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি সাংবাদিকতা জীবনে মানব পাচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "আমরা যদি মানব পাচার কিংবা মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারি, একদিন আপনার-আমার সন্তানেরাও এর শিকার হবে। তখন দেখবেন, এই এলাকাই ছাড়তে হবে। কাজেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।"
শরিফুল ইসলাম হাসান আরও উল্লেখ করেন, "দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য তুলে ধরে না, এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
কর্মশালায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের লিগ্যাল সার্ভিসের সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিকও বক্তব্য দেন।
আরও পড়ুন: ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কায় ব্যবসায়ী নিহত
এর আগে সকালে ‘সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিআইডির ২৫ জন কর্মকর্তা অংশ নেন। সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছিল এ কর্মশালার লক্ষ্য।
এ কর্মশালায় মো. শাহ আলম সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ও সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, "কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা ব্যবহার করে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠানোর ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।"
কক্সবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ কক্সবাজারকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের একটি ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "এ অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।"
আরও পড়ুন: পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন