মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১০:৩৮ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুলিয়ারচর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত ‘মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন’ নামের ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরি করা হচ্ছিল-এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় হাতেনাতে কাজী জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই ছাপাখানায় তালা ঝুলিয়ে দেন।
আটককৃত কাজী জহিরুল ইসলাম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কাজী জহিরুল ইসলাম দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড (প্লেকার্ড) বা পোস্টার তৈরির কাজ করাতেই তিনি ওই প্রেসে এসেছিলেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক একজনকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসআরবি-৩ এর পরিচালিত অভিযানে ১১ জন দালালকে আটক করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আরোপ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান তাদের সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে আলামিন (৩২) ১ মাস, মোয়াজ্জেম (৫০) ৭ দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৭) ৩ দিন, শহিদুল মোল্লা (৩৭) ৭ দিন, সিফাত (২২) ও হেলাল (৩২) ৬ মাসের কারাদণ্ড পেয়েছে। এছাড়া, মাহামুদুল (৩৯) ৫ হাজার টাকা, আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) ৫ হাজার টাকা, শাকিল (২২) ৩ হাজার টাকা ও নূরনবী (২৭) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৩ এর কোম্পানি কমান্ডার মো. ইমরান সিদ্দিকী জানান, ঢাকা মেডিকেল চিকিৎসার কেন্দ্রবিন্দু। রোগীরা দূরদূরান্ত থেকে এখানে সেবা নিতে আসেন। তবে বিভিন্ন ধরনের দালালদের কারণে রোগীদের হয়রানি হতে হয়। তাদের কারণে চিকিৎসক ও নার্সদের সেবাদানে বিঘ্ন ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১১ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে, যার মধ্যে চারজনকে আর্থিক দণ্ড এবং সাতজনকে তিনদিন থেকে ছয় মাস পর্যন্ত সাজা প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর, ১১ নভেম্বর, ২০২৬ : ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সমান সুযোগ নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে রংপুর শহরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা-ফিডা’র নির্বাহী পরিচালক ফিরোজা বেগম।
এতে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালোয়ারা বেগম, ব্যাংক কর্মকর্তা সাফিউল আলম, ফিডা’র কর্মকর্তা জেডএফএম ফিরোজ পাশা, শমসেয়ারা বিলকিস, এএসএম আতিকুর রহমান সিদ্দিক, আরডিআরএস কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক কর্মকর্তা জাহেদুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
কর্মশালায় নারীর অর্থনেতিক উন্নয়নের বিদ্যমান সুযোগ ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়। এছাড়া নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা বিনিময় ও উদ্যোগ নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।
মার্কেটে নারীর সীমিত প্রবেশাধিকার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সীমিত সুযোগ এবং নারীর ঋণপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়েও বিশদ আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ প্রদানসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। তারা উল্লেখ করেন, নারীদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।
তাহলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব হবে। বক্তারা আরও বলেন, যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দূরীকরণে উদ্যোক্তাদের একে অপরকে পরামর্শ প্রদান করে নারীদের এগিয়ে নিতে হবে।
সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ফিডার সোচ্চার প্রকল্পের আয়োজনে এতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা ২০টি নারী উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার, উপজেলার দুটি আলাদা স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শাখাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাদা মুরাদ সুমন এবং কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলাম।
পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বৈরাগীরহাট বাজারে অভিযান চালিয়ে শাহজাদা মুরাদ সুমনকে আটক করা হয়। একই রাতে আনুমানিক ১০টার দিকে কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম ছাত্রলীগের দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর খিলগাঁও থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
এর আগে গত রবিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ