১০:৩৯ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসআরবি-৩ এর পরিচালিত অভিযানে ১১ জন দালালকে আটক করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আরোপ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান তাদের সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে আলামিন (৩২) ১ মাস, মোয়াজ্জেম (৫০) ৭ দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৭) ৩ দিন, শহিদুল মোল্লা (৩৭) ৭ দিন, সিফাত (২২) ও হেলাল (৩২) ৬ মাসের কারাদণ্ড পেয়েছে। এছাড়া, মাহামুদুল (৩৯) ৫ হাজার টাকা, আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) ৫ হাজার টাকা, শাকিল (২২) ৩ হাজার টাকা ও নূরনবী (২৭) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ ও সাবেক মেয়র সাজেলের বিরুদ্ধে তিনটি মামলা
এসআরবি-৩ এর কোম্পানি কমান্ডার মো. ইমরান সিদ্দিকী জানান, ঢাকা মেডিকেল চিকিৎসার কেন্দ্রবিন্দু। রোগীরা দূরদূরান্ত থেকে এখানে সেবা নিতে আসেন। তবে বিভিন্ন ধরনের দালালদের কারণে রোগীদের হয়রানি হতে হয়। তাদের কারণে চিকিৎসক ও নার্সদের সেবাদানে বিঘ্ন ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১১ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে, যার মধ্যে চারজনকে আর্থিক দণ্ড এবং সাতজনকে তিনদিন থেকে ছয় মাস পর্যন্ত সাজা প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন