ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজিএমইএ: শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের বাধায় কাজে যোগ দিতে পারছেন না


বিজিএমইএ: শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের বাধায় কাজে যোগ দিতে পারছেন না

শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত থাকলেও বাইরের কিছু লোকের বাধার কারণে তারা কাজে যোগ দিতে পারছেন না, এমনটি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় এই অভিযোগ উত্থাপন করে সংগঠনটি।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, মজুরি বোর্ডের ঘোষণা আসার পরেও গাজীপুরে গত তিন সপ্তাহ ধরে বিভিন্ন কারখানা ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের কিছু লোকের বাধার কারণে তারা কাজে যোগ দিতে পারছেন না। কিছু পক্ষ শ্রমিক অসন্তোষকে ভিন্ন দিকে পরিচালিত করে প্রশাসন, সরকার এবং মালিকপক্ষের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি করছে।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

এদিকে, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ওই দিন মজুরির বিষয়টি নিশ্চিত করতে হবে। যত রাতই হোক, আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের মরদেহ উদ্ধার

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশে অবস্থিত একটি ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা শৈলপ্রপাতের পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝর্ণা থেকে উপরে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি। বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওষুধের গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


ওষুধের গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’, যা ওষুধের কার্যকারিতা, নির্ধারিত মাত্রায় এর কার্যক্ষমতা এবং ব্যবহারের ফলে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত বৈজ্ঞানিক উত্তর খুঁজে বের করবে।

গবেষণার মাধ্যমে ঔষুধের কার্যকারিতা, ক্ষমতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ঔষুধ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

সম্প্রতি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ল্যাবটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওষুধের কার্যকারিতা, স্বাস্থ্যঝুঁকি, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে এটি ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছে। কৃষি অনুষদে অবস্থিত Insight Lab-এর অধীনে প্রতিষ্ঠিত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, টক্সিকোলজিক প্যাথলজি, এনিমেল হাজবেন্ড্রী, এনাটমি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রির মতো বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করছেন। টক্সিকোলজিক প্যাথলজিতে অধ্যাপক ড. মো. গোলবার হোসেন, এনিমেল হাজবেন্ড্রীতে ড. শরীফুল ইসলাম, এনাটমিতে ড. শাহ মো. আব্দুর রউফ, মাইক্রোবায়োলজিতে ড. মোছা. ইসমত আরা বেগম এবং বায়োকেমিস্ট্রিতে ড. ফরহাদুল ইসলাম রয়েছেন। এছাড়া, দুইজন এমফিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিফায়েত করিম ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন।

ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. গোলবার হোসেন বলেন, "কোনো ওষুধ বাজারজাত করার আগে প্রাণীদেহে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রি-মার্কেটিং টেস্ট করা এ ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।" ঔষুধের কার্যকারিতার পাশাপাশি এর বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করা সম্ভব হবে। মূলত, ঔষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সেই ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ ঔষুধের বাজারজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া, কোনো ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করতে সক্ষম কি না কিংবা করলেও তা কত দিন পর্যন্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম সেটিও এ ল্যাবে পরীক্ষা করা যাবে।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. কে এম মোজাফফর হোসেন জানান, উত্তরাঞ্চলে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, যারা ওষুধ পরীক্ষার জন্য ল্যাবের সুযোগ-সুবিধা জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ল্যাবটি যথাযথভাবে স্থাপন করা গেলে এসব কোম্পানিকে আর ঢাকায় যেতে হবে না। তারা এখানেই ঔষুধ পরীক্ষা করে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, "কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ, আশা করি ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে।" বিশেষ করে করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ইনসাইট ল্যাবের মত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাব না থাকায় প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, বিএসএল ল্যাবের ইপ্সিত সক্ষমতা অর্জন করতে পারলে ভবিষ্যতে করোনার মত মহামারিসহ ইমার্জিং রোগের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আরও অনেক সুযোগ-সুবিধা তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট

মুকসুদপুর থানায় আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় আগুন ও লুটপাটের অভিযোগে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন লাগান।

ঘটনার পর থানার পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর

ভারত ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল। তবে দিন শেষে তাদের সেই হাসি মিলিয়ে গেছে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৪৩ রান। নিকোলস ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। ফিলিপস অপরাজিত আছেন ৯৪ রানে।

টস জিতে ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। উদ্দেশ্য ছিল সবুজ পিচে শুরুতে নতুন বলে কিউই ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেওয়া। নতুন বলে জসপ্রীত বুমরাহ রীতিমতো ভয় ধরালেন। মাত্র ৫২ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৪ উইকেট পড়ে যায়। ৭০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় তারা। এর তিনটিই বুমরাহর দখলে।

শুরুতেই বুমরাহ শিকার বানালেন কিউই অধিনায়ক টম লাথামকে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর একে একে আউট হন ডেভন কনওয়ে (৪), রাচিন রবীন্দ্র (১৫), ড্যারেল মিচেল (১), টম ব্লানডেল (৫)। বুমরাহ একাই তুলে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন অনশুল কম্বোজ এবং আকাশদীপ।

প্রথম ৩০ ওভার ভারতীয়রা দাপট দেখালেও ম্যাচের রং বদলে দেন ফিলিপস-নিকোলস জুটি। ঘরের মাঠে কোণঠাসা দলকে তারা শুধু লড়াইয়ে ফিরিয়েই আনেননি, ম্যাচও টিকিয়ে রেখেছেন। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অনবদ্য ব্যাটিং করছেন তারা। ষষ্ঠ উইকেটের অপরাজিত জুটিতে তারা যোগ করেছেন ১৭৩ রান। শতরান এসেছে নিকোলসের ব্যাট থেকে। পিছিয়ে থাকলেন না ফিলিপসও। দিনের শেষে নিকোলস অপরাজিত থাকলেন ১১৩ রান করে। মারলেন ১৪টি চার। ৯৪ রানে অপরাজিত ফিলিপসের ব্যাট থেকে এসেছে ১৩টি চার।

একা বুমরাহ ছাড়া আর কোনও বোলারই কিউই ব্যাটারদের খুব একটা চাপে ফেলতে পারেননি। প্রথম টেস্টের ভারতীয় একাদশ নিয়েও প্রশ্ন উঠছে। একাদশ থেকে বাদ পড়েন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। তার জায়গায় খেলা প্রসিদ কৃষ্ণ ১৬ ওভার বল করেও সাফল্য পাননি। এ ছাড়া বাদ দেওয়া হয় আরেক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাকেও। অথচ চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রে ভারতের সফল বোলার তারা দুজনই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%