ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে মোটরসাইকেল চালিয়ে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রের মৃত্যু


কিশোরগঞ্জে মোটরসাইকেল চালিয়ে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাইসুল ইসলাম সালফি (১৪) নামের এক স্কুলছাত্র। রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শনিবার (৩ অক্টোবর) বাজিতপুর পৌরসভার সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ফলে সালফি আহত হয়।

রাইসুল ইসলাম সালফি বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে বাজিতপুর উপজেলার বলিয়ারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিল্পী আক্তার ও রফিকুল ইসলাম রোকন দম্পতির একমাত্র সন্তান।

আরও পড়ুন: নাটোরে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসকের শুভেচ্ছা

পুলিশ, পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে সালফি নিজেই তার বাবার মোটরসাইকেল চালিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোচিংয়ে যাচ্ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় সালফির। প্রথমে তাকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিক্যালে স্থানান্তরিত করা হলে রবিবার তার মৃত্যু ঘটে।

সালফির মৃত্যুর খবর শুনে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়ে। এলাকাবাসী সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীসহ সাধারণ পথচারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অনেকে অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেলের মতো যানবাহন তুলে দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

বাজিতপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করা হয়েছে। নিহত স্কুলছাত্রের পরিবার মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবে।

ওসি বলেন, ‘বাচ্চাদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া পরিবারের একটি বড় ভুল।’

আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিক এম এ মোতালিবের ওপর হামলার ঘটনায় আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


সন্দ্বীপে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) এনাম নাহার মোড়ের ভাই ভাই হোটেলের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নিড বাংলাদেশ এলাকায় একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রথমে ৯ জন এবং পরবর্তী সময়ে ৮ জনকে মামলায় আসামি করা হয়েছে। তবে মামলায় আসামি করা ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা।
তারা বলেন, রাজনৈতিকভাবে হয়রানি ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্র ও যুবনেতা তসলিম উদ্দিন, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার ও ইউছুপ, সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, দপ্তর সম্পাদক শওকত আকবর, সহদপ্তর সম্পাদক মাইনউদ্দীন ফয়সাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, হারামিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামীম আফগানী ও যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে তারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নিরপরাধ নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

রাজশাহীর সার্বিক উন্নয়ন, নগর অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

রবিবার দুপুর ২টায় আরডিএর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সভায় সংস্থাটির বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহীর নগর উন্নয়নের বিভিন্ন দিক, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।

আরডিএ চেয়ারম্যান বলেন, রাজশাহীকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, নগরীর ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্ভাব্য সহযোগিতা কাজে লাগিয়ে রাজশাহীর টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভায় আরডিএর বিভিন্ন শাখার প্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন উদ্যোগ এবং নগর উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলীয় ১৪ জেলার নিরাপত্তায় ৭.৫ হাজার কোটি টাকার প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


উপকূলীয় ১৪ জেলার নিরাপত্তায় ৭.৫ হাজার কোটি টাকার প্রকল্প

দেশের উপকূলীয় ১৪টি জেলার ঝুঁকিপূর্ণ জনগণের নিরাপত্তা, বন্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সাড়ে ৭ হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আগামী অর্থবছর (২০২৭-২৮) থেকে পাঁচ বছরের জন্য এই প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রকল্পের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফ্লাড এমপিএ)’ এবং ‘কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় বিভিন্ন প্রস্তাবিত কার্যক্রম পর্যালোচনা করা হয়। প্রকল্পটির অন্তর্ভুক্ত রয়েছে ১৪টি উপকূলীয় জেলায় টেকসই অবকাঠামো নির্মাণ, সাইক্লোন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা; উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব মোকাবেলায় আধুনিক পানি শোধন ব্যবস্থা নিশ্চিত করা; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করা; উপকূলীয় দুর্গত মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান জানান, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সার্বিক নিরাপত্তা ও জীবিকা উন্নয়নে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করা এবং এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া সহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি ও বিশেষ প্রস্তুতি নৌ পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি ও বিশেষ প্রস্তুতি নৌ পুলিশের

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নৌপথ, পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে নৌ পুলিশ। রবিবার (৪ অক্টোবর) এ বিষয়ে রাজধানীতে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পূজামণ্ডপ, নদীপথ ও খেয়াঘাটের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষা এবং নৌপথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নৌ পুলিশের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

রেজাউল করিম বলেন, "বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।"

তিনি প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়ানো, নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করা এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি নৌযানে লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পেট্রোলিং জোরদার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পূজামণ্ডপ, প্রতিমা বিসর্জনস্থল ও গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌ পুলিশের পক্ষ থেকে নেওয়া সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা। একই সঙ্গে নৌ পুলিশের দেওয়া নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আশ্বাস দেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%