১০:৪৬ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করেছে পুলিশ।
গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ভৈরব থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ
গত ২০ নভেম্বর, শুক্রবার রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার বিষয়টি গোপন রাখা হয়। আজ রোববার সন্ধ্যায় ভৈরব থানা পুলিশ মামলার তথ্য প্রকাশ করে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুকে (৫৫)। দ্বিতীয় আসামি করা হয়েছে নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০)।
এ ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুন (৫৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (৫৬), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল মনসুর (৬৫), যুবলীগ নেতা ইকবাল হোসেন (৫৪), অরুন আল আজাদ (৫২), সাবেক পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু (৬৮) এবং পৌর আওয়ামী লীগ নেতা মঈন (৪৫)। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামও এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা গত কয়েক দিন ধরে ভৈরব শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি, থানার সামনে ককটেল বিস্ফোরণ, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় কার্যক্রম বাধাগ্রস্ত করার কর্মকাণ্ডে জড়িত। একই সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা আব্দুল মালেক সর্দার গ্রেফতার
এর আগে, গত সপ্তাহে একই ধরনের অভিযোগে আরও একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। ওই মামলার আসামিরাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।
উল্লেখ্য, ১০ নভেম্বর, মঙ্গলবার রাত ১০টা ২০মিনিটে চলন্ত মোটরসাইকেল থেকে ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জয়বাংলা শ্লোগান দেন মোটরসাইকেল আরোহী যুবকরা। তবে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের দাবি ট্রাকের চাকা ব্লাস্ট।
কিন্তু ঘটনার ঘন্টাখানেক পরই ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ২১ সেকেন্ডের একটি ভিডিও Mohammad Tamim নামে একটি আইডি থেকে আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!
আরও পড়ুন: সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ১ হাজার ৮৭০ পর্যটক যাত্রা করলেন
পরে Royal Riad নামক একটি ফেসবুক আইডি থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেন, "সকালে মামলা দিলেন, রাইতে ককটেল দিলাম" আমি এমনই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই পোস্টের পর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
রয়েল রিয়াদের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায়। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর শ্লোগান দেয়া হয়, ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রত্যক্ষদর্শী পথচারী দ্বিন ইসলাম ফোন করে জানান, তাঁর সামনে চলন্ত মোটরসাইকেল থেকে থানার মুল ফটকের সামনে মহাসড়কের ওপর ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে মানুষজন আতংকিত হয়ে যায়। বিকট শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কের আসেন। তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার সময় এ ঘটনা দেখে আতংকিত হয়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন