০৩:৫৭ পি.এম
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে গভীর রাতে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম আসিফ (৩০)। তিনি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বারইপাড়া গ্রামের মৃত মহসিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ওই স্থানে চার লেন সড়কের নির্মাণকাজ চলমান থাকায়, এর ঠিকাদার আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চাটখিল উপজেলা ছাত্রদলের নেতারা জানিয়েছেন, আসিফ একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে গত ১০-১২ বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয় রয়েছেন। প্রশাসন যদি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ছাত্রদল তাতে সহায়তা করবে। এদিকে, আসিফকে আটক করার পর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল করেছেন।
গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আসিফের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি এক্সেভেটর (ভেকু মেশিন) ব্যবহার করে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়, যার ফলে সেখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। চার লেন সড়কের কাজ চলমান থাকায়, রাতের আঁধারে সরকারি মাটি কাটা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন: শফিকুল আলম: আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে
পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, "রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়ায় আমরা সন্তুষ্ট। তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।"
এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি ফোন করে তাকে জানান যে, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষদের মাঠ থেকে মাটি কেটে পুকুরের মতো গর্ত তৈরি করা হয়েছে। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে আটক করেছে।" তিনি আরও জানান, ফোর লেন সড়ক নির্মাণকাজের ঠিকাদার থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল রাতে আসামিকে আটক করা হয়েছে এবং আজ (রবিবার) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন