ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জীবনের সর্বক্ষেত্রে অবিচল থাকার ৮ উপায়


জীবনের সর্বক্ষেত্রে অবিচল থাকার ৮ উপায়

জীবন কখনো একইভাবে প্রবাহিত হয় না। কখনো সুখ, সাফল্য ও প্রাপ্তির আনন্দে হৃদয় ভরে ওঠে, আবার কখনো দুঃখ, ব্যর্থতা, অসুস্থতা, আর্থিক সংকট কিংবা প্রিয়জনের বিচ্ছেদ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। জীবনের এই উত্থান-পতনে অনেকেই দিশাহারা হয়ে পড়েন। তবে একজন মুমিনের জীবন এমন হওয়ার কথা নয়। তাঁর বিশ্বাসের ভিত্তি হবে দৃঢ়, চিন্তা-ভাবনা হবে ভারসাম্যপূর্ণ, সিদ্ধান্ত হবে বিবেচনাপ্রসূত এবং আল্লাহর ওপর ভরসা হবে অটুট। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে মুমিন অবিচল থাকে।

জীবনের সর্বক্ষেত্রে অবিচল থাকার উপায়

১. সব সময় আল্লাহকে স্মরণ করা : জীবনের প্রতিটি পরিস্থিতিতে অবিচল থাকার প্রধান শক্তি হলো আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। যে ব্যক্তি বিশ্বাস করেন, আল্লাহই তাঁর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও যাবতীয় বিষয়ের নিয়ন্ত্রক, তিনি বিপদে পড়লেও সম্পূর্ণ অসহায় বোধ করেন না। কারণ তিনি জানেন, মানুষের সাধ্যের বাইরে কোনো বিষয় নয় আল্লাহর অজানা; তাঁর প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রজ্ঞা ও কল্যাণ। আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’ (সুরা : রাদ, আয়াত: ২৮)

আরও পড়ুন: ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি: প্রতিশোধের বদলে মানবিক সম্পর্কের উন্নয়ন

২. ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া : জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। ধৈর্য মানে শুধু নীরবে কষ্ট সহ্য করা নয়; বরং বিপদের সময় নিজের ঈমান, নীতি ও দায়িত্বের জায়গায় অটল থাকা। হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া এবং অন্যায় পথে পা না বাড়ানোও ধৈর্যের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৩)

৩. আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা : জীবনে অনেক সময় এমন কিছু ঘটে, যা মানুষ কোনোভাবেই প্রত্যাশা করে না। দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ হয়, প্রিয় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় কিংবা এমন কোনো বিপদ আসে, যার জন্য সে প্রস্তুত ছিল না। এসব পরিস্থিতিতে মানুষ প্রায়ই অতীত নিয়ে আক্ষেপ করে। অথচ হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যা তোমার উপকারে আসে, তা অর্জনে সচেষ্ট হও। আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং কখনো অক্ষমতা প্রকাশ করে বসে থেকো না।’ কোনো বিপদ ঘটলে ‘যদি এমন করতাম, তাহলে এমন হতো’—এ ধরনের আক্ষেপে ডুবে না থেকে বলতে হবে, ‘এটি আল্লাহর তাকদির; তিনি যা চেয়েছেন, তা-ই করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)

৪. সুখে কৃতজ্ঞ ও দুঃখে ধৈর্যশীল হওয়া : মানুষের জীবনে সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং সাফল্য-ব্যর্থতা পাশাপাশি অবস্থান করে। কিন্তু একজন মুমিনের বিশেষত্ব হলো, তিনি কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে যান না। সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করেন। হজরত সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর! তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর।’ এরপর রাসুলুল্লাহ (সা.) ব্যাখ্যা করেন, মুমিন সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর হয়। (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)

৫. লক্ষ্য ও আদর্শের পথে দৃঢ় থাকা : জীবনে অবিচল থাকতে হলে নিজের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। যে ব্যক্তি জানেন, তিনি কেন বেঁচে আছেন, তাঁর জীবনের উদ্দেশ্য কী এবং কোন পথে তাঁকে চলতে হবে, তিনি সাময়িক বাধায় সহজে দিক পরিবর্তন করেন না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা বলে, আমাদের রব আল্লাহ, অতঃপর এর ওপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেয়ো না, দুশ্চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ৩০)

আরও পড়ুন: কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনের ধর্মীয় উৎসব শুরু

৬. হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা রাখা : ব্যর্থতা মানুষের জীবনের একটি স্বাভাবিক অংশ। কেউ একবারেই সফল হন, আবার কাউকে সফলতার জন্য বহুবার চেষ্টা করতে হয়। কিন্তু ব্যর্থতার কারণে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করা কিংবা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া কোনোভাবেই উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)

৭. আবেগ নিয়ন্ত্রণ করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া : মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, রাগের বশে কথা বলা কিংবা আবেগের মুহূর্তে ভুল পদক্ষেপ গ্রহণের কারণে। কোনো ব্যক্তি অপমান করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার চিন্তা না করে ধৈর্য ধারণ করা উচিত। কোনো বিষয়ে ব্যর্থ হলে হতাশ হয়ে সবকিছু ছেড়ে দেওয়ার পরিবর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.) প্রকৃত শক্তিশালী ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, সে ব্যক্তি শক্তিশালী নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪; সহিহ মুসলিম, হাদিস: ২৬০৯)

৮. পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া : মানুষের চিন্তা, মনোভাব ও আচরণে তার চারপাশের মানুষের প্রভাব অনেক বেশি। হতাশাবাদী, নেতিবাচক ও দায়িত্বহীন মানুষের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করলে নিজের মধ্যেও হতাশা ও অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে সৎ, বিচক্ষণ, ধৈর্যশীল ও আল্লাহভীরু মানুষের সাহচর্য মানুষকে ইতিবাচক থাকতে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)

আরও পড়ুন: মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে নতুন মজুরি কাঠামো ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


পোশাকশ্রমিকদের কোন গ্রেডে নতুন মজুরি কাঠামো ঘোষণা

দীর্ঘ আলোচনা, দর কষাকষি এবং গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চারটি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর জন্য নিম্নতম মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২-এর জন্য মজুরি ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর জন্য ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামোর ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সকল সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের বিষয়ে তা সম্ভব হয়নি। এই কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরবর্তীতে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: অর্জুন সিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: অর্জুন সিং

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং দাবি করেছেন যে, ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধও নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

তিনি এই মন্তব্যটি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে করেছেন।

সম্প্রতি হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা দেশে ফিরবেন বন্দি হিসেবে। তাকে হাতকড়া পরিয়ে কঠোর নজরদারির মধ্যে আনা হবে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মন্তব্য করেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টি ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে অভিহিত করেছেন।

ঢাকা বারবার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি বরাবরই বলছে, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কিছু সবজির দাম কমলেও অন্যান্য পণ্যের বাজার চড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


শেরপুরে কিছু সবজির দাম কমলেও অন্যান্য পণ্যের বাজার চড়া

শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে শেরপুরের বিভিন্ন হাটবাজারে কিছু সবজির দাম কিছুটা কমেছে। তবে সাধারণ ক্রেতাদের মধ্যে এই পরিবর্তন স্বস্তি নিয়ে আসেনি। কারণ, কাঁচামরিচ, নতুন আলু, ডিম, মাছ ও মাংসের দাম এখনও চড়া রয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে সংসারের ব্যয় মেটাতে অনেকেই কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।

বুধবার (২৫ নভেম্বর) শেরপুরের বিভিন্ন বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে। আলহাজ সরোয়ারদী দুদু মন্ডল নামের এক ক্রেতা দৈনিক ইনকিলাবকে বলেন, ‘কয়েকটি সবজির দাম কমলেও কাঁচামরিচ, ডিম, মাছ ও মাংসের দাম কমেনি। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে। আয় তো বাড়েনি, অথচ সংসারের খরচ বেড়েই চলেছে। আগে যে টাকায় বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেক বাজারও করা কঠিন। প্রয়োজনীয় অনেক পণ্য বাদ দিয়েই কোনোমতে বাজার শেষ করতে হচ্ছে।’

বুধবার ঝিনাইগাতী উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমেছে। পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ও ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা এবং করলা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা কেজি। মুলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতিটি লাউ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলু এখনও ১২০ থেকে ১৫০ টাকা কেজি।

শাকের মধ্যে লালশাকের আঁটি ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা এবং কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, ‘শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে কাঁচামরিচের দাম এখনও বেশি। আমরা গারো পাহাড়ের পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করি। পাইকারি বাজারে যে দামে কিনতে হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই খুচরা বাজারে বিক্রি করতে হয়।’

সংশ্লিষ্ট ক্রেতাদের মতে, বাজারে কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক ব্যয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। কারণ, একটি পরিবারের বাজার শুধু সবজির ওপর নির্ভরশীল নয়। চাল, ডাল, তেল, মাছ, মাংস ও ডিমসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম মিলিয়েই সংসারের ব্যয় নির্ধারিত হয়।

সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও সাধারণ মানুষের সংসারে স্বস্তি ফেরেনি। বরং আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে খাবারের তালিকা ও কেনাকাটায় কাটছাঁট করেই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ দেশের নাগরিকদেরই হত্যা করছে ইউক্রেনীয় সেনারা: বিবিসি’র চাঞ্চল্যকর অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


নিজ দেশের নাগরিকদেরই হত্যা করছে ইউক্রেনীয় সেনারা: বিবিসি’র চাঞ্চল্যকর অনুসন্ধান

পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের নিজ গ্রাম দাচনের একটি বাগানের ছবি হাতে নিয়ে কিয়েভের বারান্দায় বসে আছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একজন সাংবাদিক। ঘন ঘাসে ঢাকা সেই জমিতে পুঁতে রাখা দুটি কাঠের খুঁটি নির্দেশ করছে তাঁর দাদা-দাদির কবর। কাছের আরেকটি বাগানের গ্রিনহাউসে সমাহিত করা হয়েছে তাঁর বাবা সেরেঝাকে। গত বছরের ফেব্রুয়ারিতে মায়ের পাঠানো এক বার্তায় তিনি জানতে পারেন, দাদা-দাদি ও বাবা আর নেই—সবাই চলে গেছেন। কিন্তু এই শোকের মধ্যেই নতুন সংকট তৈরি হয়; পরিবারের মৃত্যুর জন্য ইউক্রেনীয় সেনাদের দায়ী করেন তাঁর মা, যা মা-মেয়ের মধ্যে সম্পর্কের ছেদ ঘটায়।

সাইবেরিয়ায় জন্ম নেওয়া ওই সাংবাদিকের মা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে মস্কোর প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। রুশভাষী অধ্যুষিত দনবাস অঞ্চলের দাচনে এমন অবস্থান অস্বাভাবিক নয়। ২০১৪ সালে রুশপন্থী বাহিনী অঞ্চলটির বড় অংশ দখলের পর থেকেই সেখানে রাশিয়ার পক্ষে জনমত তৈরি হয় এবং বর্তমানে দোনেৎস্কের প্রায় ৮০ শতাংশ এলাকা রুশ নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধের শুরুতে মস্কোতে থাকা বোন সাশার নিরপেক্ষ অবস্থানের কারণে তাঁর সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল ওই সাংবাদিকের। তবে বাবার মৃত্যুর প্রথম বার্ষিকীর আগে সাশার বার্তায় তাঁদের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং বাবার মৃত্যুর ঘটনায় একটি প্রামাণ্যচিত্র তৈরির উদ্যোগে সাশা পাশে দাঁড়ান।

২০২৫ সালের জানুয়ারিতে দাচনে সংঘটিত ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী খুঁজতে গিয়ে সাংবাদিক নানা বাধার মুখে পড়েন। গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাশিয়া গ্রামটি দখলের ঘোষণা দেওয়ার পর সেখানে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই ছদ্মনামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। এক প্রতিবেশী 'মিশা' জানান, ২৬ জানুয়ারি ড্রোন হামলায় আহত হয়েছিলেন তাঁর বাবা সেরেঝা এবং কয়েক ঘণ্টা পর ফিরে এসে তাঁকে মৃত অবস্থায় পান। সে সময় দাচনে রুশ ড্রোনের তৎপরতা থাকলেও ঠিক কোন পক্ষের ড্রোনে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। পরে গ্রামবাসীদের সহায়তায় গ্রিনহাউসেই তাঁকে কবর দেওয়া হয়।

দাদা-দাদির মৃত্যুকে ঘিরে আরও জটিল ও পরস্পরবিরোধী তথ্য সামনে আসে। প্রতিবেশী 'লিনা' ও 'মারিয়া'র দাবি অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয়ার্ধে রুশ বাহিনী অগ্রসর হওয়ার সময় ইউক্রেনীয় সেনারা গ্রামে ঢুকে পড়ে এবং তাঁদের ধারণায় ইউক্রেনীয় সেনাদের গুলিতেই বৃদ্ধ দম্পতির মৃত্যু ঘটে। স্থানীয়ভাবে নিযুক্ত রুশ প্রশাসনের প্রধানও কবর দেওয়ার সময় দাদির মাথার খুলির অর্ধেক অংশ না থাকার কথা জানান। তবে এসব বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রায় ২০ মাস পর মরদেহ তুলে ময়নাতদন্তে দাদির খুলিতে বিস্ফোরকজনিত আঘাতের কথা বলা হলেও নির্দিষ্ট কারণ জানানো যায়নি; দাদার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয়। স্যাটেলাইট চিত্রে বাড়িটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি।

উন্মুক্ত মানচিত্র ও সামরিক বিশ্লেষণে দেখা যায়, দাদা-দাদির মৃত্যুর সম্ভাব্য সময়ে গ্রামটির ওই অংশে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি ছিল এবং দ্রুত সম্মুখসারি বদলাচ্ছিল। ইউক্রেনীয় সামরিক বাহিনীর ৩৩তম মেকানাইজড ব্রিগেডের এক সদস্য এবং আরেক সেনা ওই সময় দাচনে তাঁদের অবস্থানের কথা স্বীকার করলেও, এ বিষয়ে যাচাইযোগ্য কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও লন্ডনস্থ রুশ দূতাবাস কোনো মন্তব্য করেনি। দোনেৎস্কের আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় আশপাশের গ্রামে রুশ বাহিনীর বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের নথি সংরক্ষণ করলেও দাচনে ওই সময়ে বাবা ও দাদা-দাদির মৃত্যুর কোনো মামলা নথিভুক্ত হয়নি।

নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়ে থাকা প্রিয়জনদের যথাযথভাবে বিদায় জানানোর অনিশ্চয়তার মধ্যেই পরিবারকে জোড়া লাগানোর সিদ্ধান্ত নেন ওই সাংবাদিক। প্রায় তিন বছর পর সার্বিয়ার বেলগ্রেডে বোন সাশার সঙ্গে দেখা করে তাঁর শোক কিছুটা লাঘব হয়। এরপর স্পিকার ফোনে মায়ের সঙ্গে কথা বললে দীর্ঘ নীরবতার পর কান্নাজড়িত কণ্ঠে সাড়া দেন মা—যেন ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবারও জোড়া লাগার ইঙ্গিত দেয়। সূত্র: বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%