০৪:১৭ পি.এম
কেরানীগঞ্জ মডেল থানার আটি নয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে থানা পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় একটি রানিং সিএনজি চালিত অটোরিকশা থেকে।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন মো. আকাশ হোসেন (২১) এবং মো. নাজিম আহমেদ (১৯)। তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগে বালুর সঙ্গে ২০টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস জানান, ‘গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতকারী এলাকায় নাশকতা সৃষ্টি করার জন্য কালিন্দী এলাকা থেকে বোমা নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাৎক্ষণিক আটি নয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে একটি রানিং সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করি।’
আরও পড়ুন: নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের নয় দফা দাবিতে বিক্ষোভ
তিনি আরও বলেন, ‘এর পর অটোরিকশায় থাকা দুই যুবককে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে বালু ভর্তি দেখতে পাই। পরে বালুর ভিতর থেকে ২০টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়। বোমা ও আটক দুই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলো পরীক্ষা করে ধ্বংস করবে।’
ওসি জানান, চলমান নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আসামিরা ককটেলগুলো মডেল থানার কালিন্দী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন