ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

১৯ বছরে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে ইয়ামাল: স্টিভেন জেরার্ড


১৯ বছরে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে ইয়ামাল: স্টিভেন জেরার্ড

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ১৯ বছর বয়সে যে অবস্থানে ছিলেন, সেই পর্যায়কে লামিনে ইয়ামাল ইতোমধ্যে অতিক্রম করে ফেলেছেন বলে মনে করেন লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড। বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের প্রতিভা ও সম্ভাবনায় মুগ্ধ জেরার্ডের বিশ্বাস, ধারাবাহিকভাবে উন্নতি করতে পারলে ইয়ামাল মেসি-রোনালদোর কাতারে পৌঁছাতে সক্ষম হবেন।

‘দ্য ওভারল্যাপ ডেইলি’ অনুষ্ঠানে জেরার্ড মন্তব্য করেন, ‘মেসি ও রোনালদোর পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে—এমন একজন খেলোয়াড়ের কথা বললে আমি ইয়ামালের নামই উল্লেখ করব। যদি সে নিজের উন্নতি অব্যাহত রাখতে পারে, তাহলে সে সেই উচ্চতায় পৌঁছাতে পারবে। এমবাপ্পে ও হালান্ডও বর্তমানে নিজেদের সেরা সময়ে রয়েছে। তবে আমার মনে হয়, ইয়ামাল তাদের চেয়ে কিছুটা এগিয়ে।’

জেরার্ডের মতে, মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামাল মাঠে এমন কিছু করছে, যা তিনি আগে কোনো তরুণ ফুটবলারের মধ্যে দেখেননি। তাঁর ভাষায়, ‘প্রতিভা ও সম্ভাবনার দিক থেকে সে ১৯ বছর বয়সে এমন কিছু করছে, যা আমি আগে কোনো খেলোয়াড়কে করতে দেখিনি। এই বয়সে রোনালদোর চেয়ে সে এগিয়ে। তরুণ বয়সে মেসির বিপক্ষে খেলেছি, আমার মনে হয়, সেই সময়ের মেসির চেয়েও ইয়ামাল এগিয়ে।’

আরও পড়ুন: মেসিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, সেমিফাইনাল বৃহস্পতিবার

২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটে ইয়ামালের। বর্তমানে ১৯ বছর ১২০ দিন বয়সে ক্লাবটির হয়ে ১৬৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬২টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৭টি। স্পেন জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচে তাঁর গোল-অবদান ২৩টি। ইউরো ২০২৪ ও ২০২৬ বিশ্বকাপ জয়ে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

বার্সেলোনায় অভিষেকের পর থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্টে ইয়ামালের অবদান ১১৯। এই সময়ে তাঁর চেয়ে বেশি গোল-অবদান রয়েছে কেবল হ্যারি কেইন (২০৪), কিলিয়ান এমবাপ্পে (১৭৯), এরলিং হালান্ড (১৪৮), রাফিনিয়া (১৩০), মোহাম্মদ সালাহ (১২৯) ও মাইকেল ওলিসের (১২৫)।

তবে মেসি ও রোনালদোর সঙ্গে তুলনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ধারাবাহিকতা, এমনটাই মনে করেন জেরার্ড। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে দুজন যেভাবে নিজেদের সেরাটা ধরে রেখেছেন, ইয়ামালকেও সেই উচ্চতায় পৌঁছাতে হবে। জেরার্ডের প্রশ্ন, ‘সে কি তাদের মতো ধারাবাহিক হতে পারবে? তাদের মতো গোল করতে পারবে? আর ভবিষ্যতে কি সে একজন প্রকৃত স্ট্রাইকারে পরিণত হবে?’

বার্সেলোনা এবং ইয়ামালের আশপাশের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইয়ামালকে দীর্ঘদিন ক্ষুধার্ত ও উন্নতির তাড়নায় উজ্জীবিত রাখা, এমনটাই মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক।

আরও পড়ুন: রিয়াল ছাড়ার কথা ভাবছেন এন্দ্রিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্ন মিউনিখে কোচ ভিনসেন্ট কোম্পানির সুস্থতা, ফিরছেন অনুশীলনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


বায়ার্ন মিউনিখে কোচ ভিনসেন্ট কোম্পানির সুস্থতা, ফিরছেন অনুশীলনে

জামার্নির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ শিবিরে দারুণ সুসংবাদ এসেছে। ব্রেন বা মেরুদণ্ডের পর্দার প্রদাহজনিত অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ক্লাবের অনুশীলন মাঠে ফিরেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি ক্লাবে যোগ দেন।

ক্রীড়া সংবাদমাধ্যম ট্রিবুনাডটকমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪০ বছর বয়সী এই কোচ ক্লাবে পৌঁছানোর পর তার নিজ অফিসের কম্পিউটারে কাজ শুরু করেন। সেখানে তার সহকারী ফ্লোরিবের্ট এনগালুলা তাকে স্বাগত জানান।

অফিসে কাজের পাশাপাশি কোম্পানি ক্লাবের ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের পুনর্বাসন প্রক্রিয়া ও অনুশীলন নিজ চোখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে লুইস দিয়াজও রয়েছেন।

সম্প্রতি কোম্পানি হঠাৎ শারীরিকভাবে ভেঙে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর তিনি বাড়ি ফেরার অনুমতি পান। অসুস্থ অবস্থায় তার সহকারীরা, বিশেষ করে অ্যারন ডাঙ্কস, দলের দায়িত্ব সামলান।

ক্লাবের কিংবদন্তি উলি হোনেস জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতি শেষ হলেই কোম্পানি আবার কোচের আসনে বসবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর এফসি কোলোনের বিপক্ষে ম্যাচ দিয়েই তিনি আবার মাঠের লাইনে দাঁড়িয়ে দলকে নির্দেশনা দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, মোট মৃত্যু ৪৭৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, মোট মৃত্যু ৪৭৪ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য উপস্থাপন করেছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে পৌঁছেছে।

এছাড়া, এই বছর দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন প্রদান করা হয়েছে।

ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যে কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।

চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদন সংক্রান্ত সভা। সভাটির সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

ভবন মালিকরা জানান, অনুমোদিত নকশার কপি পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেন যে, স্বল্প সময়ের মধ্যে কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই নকশার অনুমোদন পেয়েছেন। ফলে তাদের ভোগান্তি কমেছে।

সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, "এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।" তিনি আরও জানান, আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।

এ সময় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জাতীয় সংসদে কঠোর বার্তা প্রদান করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি জানিয়েছেন, আমলাদের অসহযোগিতা, টেন্ডার ছাড়া সরকারি বরাদ্দ খরচ এবং নির্বাচিত সংসদ সদস্যদের উন্নয়নকাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট তথ্য বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। হান্নান মাসউদ উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে গড়ে ওঠা আমলাকেন্দ্রিক ব্যবস্থার কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রায়ই হেনস্তার শিকার হয়েছেন এবং সেই মনোভাব এখনও পুরোপুরি কাটেনি। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্যদের এড়িয়ে এবং বিভিন্ন বরাদ্দ টেন্ডারবিহীনভাবে খরচ করার বিষয়টি নিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন এবং সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।

এর জবাবে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে এবং প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, টেন্ডারবিহীনভাবে অর্থ খরচ করা কিংবা সংসদ সদস্যদের উন্নয়ন কাজে কোনো কর্মকর্তার বাধা সৃষ্টি করার বিন্দুমাত্র সুযোগ নেই। যদি এ ধরনের কোনো ঘটনার সুনির্দিষ্ট তথ্য বা লিখিত প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কোনো কর্মকর্তা স্বেচ্ছাচারিতা করলে কিংবা দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%