শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২৭ এম
মানুষের জীবনে কিছু সম্পর্ক স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক অনন্য উপহার, যার গভীরতা উপলব্ধি করতে পুরো জীবনও যথেষ্ট নয়। মা-বাবা তেমনই এক অনন্য উপহারের নাম। পৃথিবীর আলো দেখার আগে থেকেই যাদের ত্যাগের সঙ্গে আমাদের অস্তিত্বের বন্ধন রয়েছে, যাদের স্বপ্নের ভেতর ধীরে ধীরে বেড়ে ওঠে আমাদের সুন্দর ভবিষ্যৎ। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধুমাত্র একটি নৈতিক দায়িত্ব নয়, বরং ঈমানি চেতনার অপরিহার্য অংশও বটে। একটি সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবা নিজেদের কত-শত ইচ্ছাকে নীরবে বিসর্জন দেন, তার কোনো হিসাব লেখা হয় না। মায়ের স্নেহমাখা মমতা এবং বাবার নীরব সংগ্রাম মিলে সন্তানের জন্য তৈরি করে নিরাপদ আশ্রয়। অথচ সময়ের আবর্তে যখন সন্তান নিজের পৃথিবী সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, তখন জীবনের সবচেয়ে আপন মানুষ দুটিই সন্তানের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলেন। এমন অবহেলা মানুষের বিবেক, মানবিকতা ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের ‘উফ্’ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিয়ো না; বরং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো।’ (সুরা আল-ইসরা : ২৩) মা-বাবার গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘কে হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মা-বাবার একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারল না।’ (মুসলিম : ২৫৫১)
এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, মা-বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নশীল আচরণই একজন সন্তানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কণ্ঠে কোমলতা রাখা, অসুস্থতায় সেবা করা এবং বৃদ্ধ বয়সে তাদের নিঃসঙ্গতা দূর করে পাশে থাকা—এসবই কৃতজ্ঞতার বাস্তব প্রকাশ। মনে রাখতে হবে, মা-বাবা চিরকাল আমাদের পাশে থাকবেন না। একদিন হয়তো তাদের কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটি থাকবেন না। তাই সময় থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং তাদের দোয়া অর্জন করুন। পৃথিবীর কাছে সফল হওয়ার আগে মা-বাবার কাছে একজন উত্তম সন্তান হয়ে উঠুন। কেননা জীবনের সব অর্জন একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু মা-বাবার চোখের প্রশান্তি আর মুখের দোয়া একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণের জন্য যুক্তরাষ্ট্র ও চীনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়তে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টার খাতের কার্বন নিঃসরণ ৭০ শতাংশ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
আইইএর বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। এই বাড়তি চাহিদার প্রায় তিন-চতুর্থাংশই এআই প্রযুক্তির প্রসারের কারণে তৈরি হবে।
আইইএর হিসাব অনুযায়ী, আগামী চার বছরে এআই ডেটা সেন্টারগুলোতে বছরে অতিরিক্ত ৩৫০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন হবে। এই পরিমাণ বিদ্যুৎ যুক্তরাজ্যের এক বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বেশি।
ডেটা সেন্টারে এআইসহ বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনার জন্য বিপুলসংখ্যক কম্পিউটার সার্ভার প্রয়োজন হয়। এসব সার্ভার চালু রাখা এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের স্থাপনার সংখ্যা দ্রুত বাড়ছে।
তবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আইইএ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের এআই ডেটা সেন্টারগুলোর প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় অর্ধেক আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। বাকি বিদ্যুতের বড় অংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। পারমাণবিক বিদ্যুতের অবদান তুলনামূলকভাবে কম থাকবে।
অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের চাহিদা মেটাতে প্রায় ১৮০ গিগাওয়াট সক্ষমতার নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল। এই সক্ষমতা ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে স্থাপিত মোট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাছাকাছি।
কানাডায় ডেটা সেন্টারের জন্য নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ১১ গিগাওয়াটের। যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার খাতে গ্যাস ব্যবহারের পরিকল্পনা কানাডার তুলনায় ১৬ গুণেরও বেশি। অন্য দেশগুলোতে এআই অবকাঠামোর জন্য নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবিত সম্মিলিত সক্ষমতা মাত্র ৪ গিগাওয়াট।
তবে ইউরোপীয় ইউনিয়নের পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। আইইএর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। বাকি চাহিদার বড় অংশ পূরণ হবে পারমাণবিক ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ দিয়ে। কয়লার ব্যবহার থাকবে খুবই সামান্য।
আইইএর বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে বিশ্বে ডেটা সেন্টারগুলোর মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১২০ গিগাওয়াট। এর ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নে রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আরও ১২০ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার যুক্ত হতে পারে। নতুন সক্ষমতার প্রায় তিন-চতুর্থাংশই হবে এআইকেন্দ্রিক।
এআই সার্ভারের বৈশ্বিক সরবরাহের তথ্য এবং স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৯৩টি বড় এআই অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করে পূর্বাভাস তৈরি করেছে আইইএ। সংস্থাটির হিসাবে, ২০২০ সালের তুলনায় এআই সার্ভারের বার্ষিক সরবরাহ ১৮ গুণ বেড়েছে।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, "জ্বালানি খাতের ভবিষ্যৎ এখন বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।" ক্রমবর্ধমান জনসংখ্যা, শীতাতপনিয়ন্ত্রণের বাড়তি চাহিদা এবং এআই অর্থনীতির বিস্তারের কারণে বিশ্বে বিদ্যুতের প্রয়োজন আরও বাড়বে।
সংস্থাটির আশঙ্কা, এআই প্রযুক্তির বিস্তার অর্থনীতি ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করলেও বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদন ও আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুনিয়াতে মানুষের অভাব নেই। কিন্তু ভালো এবং নিরাপদ মানুষের সংখ্যা খুবই কম। নিরাপদ মানুষ বলতে বোঝায়, যার আশপাশের সবাই নিরাপদ বোধ করে। নিরাপদ মানুষের আচরণ, কথাবার্তা, এবং লেনদেনের মাধ্যমে অন্যরা নিরাপত্তা অনুভব করে। একজন অনিরাপদ মানুষ সারা বিশ্বে অশান্তির সৃষ্টি করতে পারে। তার কারণে বিশ্ব অনিরাপদ হয়ে উঠতে পারে। ইতিহাসে এমন অনেক অনিরাপদ শাসকের উদাহরণ রয়েছে, যাদের ঔদ্ধত্যপূর্ণ ও নেতিবাচক আচরণের ফলে অসংখ্য মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এবং নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
ইতিহাসের পাতায় সবচেয়ে নিরাপদ মানুষ হলেন মুহাম্মদ (সা.)। তিনি এমন একজন নিরাপদ মানুষ ছিলেন, যিনি ইহুদি-খ্রিষ্টানসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে নিরাপদ হিসেবে পরিচিত ছিলেন। তারা নিজেদের সমস্যা তার কাছে তুলে ধরতেন এবং মূল্যবান সামগ্রী তার কাছে আমানত রাখতেন। তার কাছ থেকে আশপাশের সব মানুষ নিরাপত্তা অনুভব করতেন। গোটা বিশ্ববাসীর কাছে তিনি একজন বিশ্বস্ত ও নিরাপদ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে হলে নিরাপদ মানুষের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
নবী (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সে-ই, যার জিব ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।’ (বুখারি : ১০; মুসলিম : ৪০)
ইসলাম আমাদের নিরাপদ মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এবং উৎসাহিত করেছে।
দুনিয়াতে বেঁচে থাকতে নিরাপদ মানুষের প্রয়োজন কেন? কারণ, নিরাপদ মানুষেরাই সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ধরুন, আপনি একজন কর্মস্থলের সহকর্মী কিংবা একজন ভাড়াটিয়া। আপনি যদি একজন নিরাপদ মানুষ হন, তাহলে কর্মস্থলের অন্যান্য সহকর্মী এবং বাসার আশপাশের অন্য ভাড়াটিয়ারা আপনাকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিবেচনা করবেন। আপনার কাছে তারা সবসময় নিজেদের নিরাপদ মনে করবেন। পক্ষান্তরে, আপনি-আমি যদি অনিরাপদ মানুষ হই, তাহলে আমাদের কাছে অন্যরা নিজেদের অনিরাপদ ও অসহায় মনে করবেন। এতে তাদের মধ্যে সবসময় একধরনের অস্বস্তি কাজ করবে, যা তাদের স্বাভাবিক জীবনযাপনে অশান্তি সৃষ্টি করবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে।
তাহলে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ মানুষ হতে হবে। পাশাপাশি অন্যদেরও নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে। তবেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ জীবনব্যবস্থা ও সুন্দর সমাজ।
লেখক : খতিব, মসজিদ-এ-ক্বোবা, সাভার পৌরসভা, সাভার, ঢাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিকীকরণসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা অভিন্ন দাবিতে একত্রিত হয়ে একই সময়ে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউরোপের কয়েকটি দেশে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায় ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসের শ্রমিক সংগঠন এবং আন্দোলনকর্মীরা শুক্রবার ও আগামী সপ্তাহান্তে একযোগে সমাবেশের ডাক দিয়েছেন।
বিভিন্ন দেশের বিক্ষোভের কারণ ও দাবি ভিন্ন হলেও লাখ লাখ মানুষকে রাজপথে নামাতে সক্ষম এমন কিছু অভিন্ন সমস্যা বিদ্যমান। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন ধরে মজুরি স্থিতিশীল থাকা এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
তরুণদের নেতৃত্বাধীন একটি জোট জানিয়েছে, ২৫টির বেশি দেশের তরুণেরা এসব বিক্ষোভে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রুরো শহরে বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেনর টিনডেল-বিস্কো বলেন, ‘সারা দেশে তরুণদের মতামত তুলে ধরার এবং নিজেদের ভবিষ্যতের জন্য ব্যবস্থাগত ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রয়োজনীয়তা জানানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন।’
তিনি আরও বলেন, ‘তরুণদের কণ্ঠস্বরের শক্তি এবং প্রাপ্তবয়স্কদের নেতৃত্বাধীন সমাজে এর প্রভাবের বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি ফ্রান্সের তরুণদের চলমান আন্দোলনের কথাও উল্লেখ করেন।
‘ব্যবস্থার আমূল পরিবর্তন চাই’
তরুণদের নেতৃত্বাধীন জোট বর্তমান সমাজব্যবস্থার ‘আমূল পরিবর্তনের’ আহ্বান জানিয়েছে। তারা সামরিকীকরণ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।
৫০টির বেশি তরুণ ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটির স্লোগান, ‘তাদের যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করো!’
আন্দোলনের আয়োজকদের মধ্যে রয়েছে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও। ২০১৮ ও ২০১৯ সালে রাজপথের বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারকে চাপে ফেলেছিল এই আন্দোলন।
শ্রমিক সংগঠন ও আবাসন অধিকারকর্মীরা ছয়টি প্রধান দাবি সামনে এনেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বৃদ্ধির নীতি বন্ধ করা।
রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক খাতে ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের কল্যাণমূলক কর্মসূচি ও আবাসন খাতে ব্যয় করা উচিত।
জার্মানিতে সামরিক বাধ্যতামূলক নিয়োগব্যবস্থা আবার চালু হতে পারে—এমন আশঙ্কায় অনেক তরুণ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন।
জার্মানির শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামার বলেন, ‘সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামো গড়ে তুলতে যখন প্রায় সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, তখন কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে।’
‘পরিবর্তনের ডাক’
আয়োজকদের দাবি, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালিত হতে পারে। তবে এসব কর্মসূচিতে মোট কত মানুষ অংশ নেবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।
ফ্রান্সে এবারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
ইতালিতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একটি দেশব্যাপী ধর্মঘটের সঙ্গে একই সময়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এই আন্দোলনকে ‘দেশের পরিবর্তনের ডাক’ হিসেবে অভিহিত করেছে।
স্পেনে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর বার্ষিকীর দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সেখানে দুপুরে তরুণদের বিক্ষোভ এবং সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী সমাবেশের পরিকল্পনা রয়েছে।
জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, শুধু বার্লিনেই তাদের বিক্ষোভে ১৫ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশটির আরও কয়েক ডজন শহরে কর্মসূচি পালিত হবে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন। ইউরোপের অন্যান্য দেশে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পেছনে এই কর্মসূচি অনুপ্রেরণা জুগিয়েছে।
পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এই আন্দোলন দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন তরুণ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ হাত হারিয়েছেন। এ ছাড়া কাঁদানে গ্যাসের কারণে মারাত্মক শারীরিক সমস্যার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
ফ্রান্সের এই আন্দোলন বেলজিয়াম, ইতালি ও স্পেনসহ অন্যান্য দেশে শিক্ষার্থীদের একই ধরনের কর্মসূচিতে উৎসাহিত করেছে। এসব দেশে ফরাসি শব্দ ‘ব্লকুস’, যার অর্থ অবরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়েছে।
ফরাসি ইতিহাসবিদ সিলভাঁ বুলুক বলেন, ‘আমরা একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন গড়ে উঠতে দেখছি।’
তিনি আরও বলেন, ‘প্রায় সব বিক্ষোভের মধ্যে যে বিষয়টি অভিন্ন, তা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি মানুষের অবিশ্বাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসার বাইরের ফটকে আগুন লাগানোর চেষ্টা করে। তবে পুলিশ জানিয়েছে, এটি পেট্রলবোমা নয় বরং পলিথিন পুড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকের কাছে আরো দুই-তিনটি বাসা অবস্থিত। এর খুব কাছেই একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। ফটকের নিচে কিছু পোড়া ছাই পড়ে থাকতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আলামত দেখে মনে হয়েছে, ভোররাতে কেউ পলিথিন দিয়ে প্রধান ফটকে আগুন লাগানোর চেষ্টা করেছিল। ঘটনাস্থলের ফটকের নিচে কিছু ছাই পড়ে রয়েছে।
তিনি আরো জানান, ওই ফটকের ভেতরে প্রতিমন্ত্রীর বাসার পরে আরো দুটি বাসা রয়েছে। পাশাপাশি সেখানে একটি পুলিশ ফাঁড়িও অবস্থিত। বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ