০৮:১১ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হচ্ছে, এবং কোনো রাজনৈতিক বিবেচনা এখানে প্রযোজ্য নয়।
তিনি উল্লেখ করেন, ব্যাংক খাতের সংকট মোকাবেলার জন্য দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।
আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপর্যায়ের পদে বেসরকারি খাত থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রার্থীর যোগ্যতা নিয়োগের একমাত্র বিবেচ্য বিষয়। প্রার্থী সরকারি ব্যাংক থেকে আসছেন, নাকি বেসরকারি খাত থেকে, তা বিবেচনায় নেওয়া হয় না।
তিনি জানান, একটি প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাদের জীবনবৃত্তান্ত যাচাই করা হয়। এরপর যাদের সবচেয়ে যোগ্য মনে করা হয়, তাদের নিয়োগ দেওয়া হয়। একইভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদেও মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
ব্যাংক খাতের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা পুনরুদ্ধার হয়েছে। একসময় ব্যাংক থেকে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন বা ব্যাংক রান হওয়ার আশঙ্কা ছিল। তবে বর্তমানে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ব্যাংক খাতে আমানত বৃদ্ধি পাচ্ছে এবং এ খাত পুনরুদ্ধারের পথে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংকের পুনঃমূলধনীকরণ ও পুনরুদ্ধার কার্যক্রম ভালোভাবে এগিয়ে চলছে। চলমান এ কার্যক্রমের সুফল আগামী দিনে দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা
গোপালগঞ্জ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস এম জিলানীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গোপালগঞ্জে আপাতত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে এ বিষয়ে সম্ভাবনা যাচাই করা হবে।
এছাড়া, জীর্ণ ও ক্ষতিগ্রস্ত নোট বিনিময়ের বিষয়ে তিনি বলেন, বিনিময়যোগ্য পুরোনো নোট ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করা যায়। ক্ষতিগ্রস্ত ও ব্যবহারের অনুপযোগী নোট প্রতিস্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন