ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য ৩৫ লাখ ডলারের সহায়তা ঘোষণা কানাডার


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য ৩৫ লাখ ডলারের সহায়তা ঘোষণা কানাডার

গত বুধবার ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে দেশটির সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

কানাডা ঐ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করবে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনита আনন্দ এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে তিনি উল্লেখ করেন, এই অর্থের মাধ্যমে বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলো দুর্ভোগে থাকা মানুষের কাছে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে সক্ষম হবে।

আরও পড়ুন: ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তিনি বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র অত্যন্ত হৃদয়বিদারক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যের রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এটি ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার হালনাগাদ তথ্যে ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে বিপুল সংখ্যক মানুষ আটকা পড়েছে বলে শঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন: কাউনিয়ায় রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবি সিনেটে পাঁচ এমপিকে মনোনয়ন দিলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১২ এম


চবি সিনেটে পাঁচ এমপিকে মনোনয়ন দিলেন স্পিকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে (এমপি) মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। স্পিকার কর্তৃক সংরক্ষিত আসনের প্রতিনিধি হিসেবে, তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজাদিন তনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনটি গত ৫ জুন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠানো সুপারিশের ভিত্তিতে পাঁচজন সংসদ সদস্যকে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত সংসদ সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে থাকে। সংসদের মনোনীত সদস্যরাও সিনেটের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দরপতনে ডিএসইর বাজার মূলধন হারাল ৯১৪ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২২ এম


দরপতনে ডিএসইর বাজার মূলধন হারাল ৯১৪ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এর ফলে সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমে ৯১৪ কোটি টাকা হয়েছে।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। পূর্ববর্তী সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে সব সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৮.৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ। ডিএসইএস সূচক ৬.৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ কমেছে। আর ডিএস-৩০ সূচক ১১.৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ হ্রাস পেয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা। সপ্তাহের মধ্যে লেনদেন কমেছে ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৩৩২ কোটি ২৮ লাখ টাকা বা ২৫ দশমিক ৮৮ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। পূর্ববর্তী সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ারের দাম।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৩৩ শতাংশ ও ১.৩৪ শতাংশ কমেছে। এ দুটি সূচক বর্তমানে ১৫১৪৯.২৯ পয়েন্টে ও ৯২৬৩.০৪ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া সিএসই-৩০ সূচক ০.১১ শতাংশ ও সিএসই-৫০ ১.৬৮ শতাংশ হ্রাস পেয়ে যথাক্রমে ১৩৭৬৮.৭৫ পয়েন্টে ও ১০৯৬.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসআই সূচক ৩.৯৬ শতাংশ কমে ৮৪২.৩৭ পয়েন্টে অবস্থান করছে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৯২ লাখ টাকা, যা পূর্ববর্তী সপ্তাহে ২১৬ কোটি ৯৫ লাখ টাকা ছিল। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৯৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারের দাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ অস্ত্রের গোপন কারিগরি ত্রুটি ফাঁসে ইউক্রেনের অভিনব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ এম


রুশ অস্ত্রের গোপন কারিগরি ত্রুটি ফাঁসে ইউক্রেনের অভিনব উদ্যোগ

রুশ অস্ত্রের গোপন কারিগরি ত্রুটি ফাঁস করতে অভিনব উদ্যোগ নিল ইউক্রেন।

 

রণাঙ্গনে জব্দ করা অত্যাধুনিক রুশ অস্ত্রের প্রযুক্তিগত সব গোপন তথ্য এবার মিত্র দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরছে ইউক্রেন। পশ্চিমা দেশ ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রফিল্যাব’ নামের একটি সুরক্ষিত ওয়েবসাইট বা ডিজিটাল তথ্যভাণ্ডার চালু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সেনা, বিজ্ঞানী ও গবেষকেরা উদ্ধার হওয়া রুশ সমরাস্ত্র নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে আসছেন। দেশটির সশস্ত্র বাহিনী, প্রধান গোয়েন্দা পরিদপ্তর (জিইউআর), নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এবং বিশেষায়িত বিজ্ঞান সংস্থাগুলোর সংগ্রহ করা নিখুঁত তথ্যের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

অস্ত্রগুলোর যন্ত্রাংশের ধরন, নকশা ও কারিগরি ত্রুটি নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে এই ওয়েবসাইটে। বর্তমানে এতে ৭৯টি ভিন্ন বিভাগের ১১৫টির বেশি জব্দ করা অস্ত্রের তথ্য সংরক্ষিত আছে। এছাড়া যুক্ত করা হয়েছে ২২৫টির বেশি কারিগরি গবেষণার ফলাফল। রুশ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ভারী সামরিক যান কীভাবে কাজ করে, তার নকশা ও পরীক্ষার বিশদ প্রতিবেদন অনুমোদিত ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন।

শুধু অনলাইনে তথ্য দেখাই নয়, যাচাইকৃত অংশীদাররা চাইলে সরাসরি এসব অস্ত্রের বাস্তব নমুনা পরীক্ষা করার জন্যও আবেদন করতে পারবেন। প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী তারা এসব অস্ত্রের বাহ্যিক পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ যন্ত্রাংশ খুলে বিশ্লেষণ (প্রয়োজনে পুরোপুরি ধ্বংস করে পরীক্ষা) করতে পারবেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বিশ্বাস, গবেষণার এই সুযোগের ফলে প্রকৌশলীরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারবেন। পাশাপাশি রুশ অস্ত্রের মোকাবিলায় দ্রুত নতুন প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হবে।

তবে ‘ট্রফিল্যাব’ ব্যবহারের জন্য আগ্রহী ব্যবহারকারীদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদনকারীর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক আছে কি না বা তিনি আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আছেন কি না, তা কঠোরভাবে যাচাই করার পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশের অনুমতি দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচে গোলশূন্য ড্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২৭ এম


প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচে গোলশূন্য ড্র

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচে এখনও গোলের দেখা পায়নি কোন দল। প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তারা ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ৬টি শট নিয়েছিল সকারুসরা। কিন্তু প্যারাগুয়ের গোলকিপার গিলের দুর্দান্ত নৈপুণ্যের কারণে এখনও গোল হজম করেনি তারা।

অন্যদিকে, ম্যাচে প্যারাগুয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি। তারা মাত্র একটি শট নেয়, যা ছিল অফ টার্গেট। গ্রুপ 'ডি'-তে এই দুই দলই ৪ পয়েন্ট করে পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকার মাধ্যমে অস্ট্রেলিয়া টেবিলের দুইয়ে রয়েছে এবং প্যারাগুয়ে তিনে রয়েছে।

প্যারাগুয়ের জন্য সিরিজ রাউন্ড ৩২-তে সরাসরি উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অপরদিকে, অস্ট্রেলিয়া যদি এই ম্যাচে ড্র বা জয় পায় তাহলে তারা সরাসরি শেষ ৩২-তে চলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%