ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ইরান শান্তিহীন পরিস্থিতির অবসান চায়, যুদ্ধ আলোচনা চলছে


ইরান শান্তিহীন পরিস্থিতির অবসান চায়, যুদ্ধ আলোচনা চলছে

একদিকে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছে, অন্যদিকে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার তৎপরতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে পরিস্থিতি কী দিকে যাচ্ছে, তা এখনও পরিষ্কার নয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটানোর জন্য নতুন নির্দেশনা দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা আমাদের এই যুদ্ধহীন-শান্তিহীন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’

আরও পড়ুন: ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়ার পর তেহরান কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে। পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা মর্যাদা বজায় রেখে আলোচনা করতে পারি এবং একইভাবে মর্যাদার সঙ্গে এই বিষয়টির সমাধান করতে পারি।’

এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলার বিরোধিতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আলোচনা ও কূটনীতির মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।’

তবে, ট্রাম্পের বক্তব্যে আস্থা রাখতে পারছে না ইরান। দেশটির নেতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি।

প্রতিদিনই হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে, বিশেষ করে কেশম দ্বীপে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটছে। ইরানের নেতাদের কাছে এসব হামলা যুক্তরাষ্ট্রের বক্তব্যের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন: বিশ্ব চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে এই আলোচনা হতে পারে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

গত রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন সফরে শি জিনপিং ও পুতিনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আলোচনার মূল লক্ষ্য ইরান যুদ্ধের অবসান ঘটানো।

এর আগে ২১ অক্টোবর ক্রেমলিন জানিয়েছিল, তিন নেতার মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভ্রমণে নাগরিকদের জন্য ৬ দেশের নিষেধাজ্ঞা

স্থল পথে অবরোধ

এদিকে, ইরানের স্থল সরবরাহ পথগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা অগ্রগতির দিকে এগোলে নতুন হামলার সম্ভাবনা কম।

তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুদ্ধ শুরুর সম্ভাবনা কম

আরও পড়ুন: মার্চের পর অক্টোবরে চীনে সর্বোচ্চ অপরিশোধিত তেল আমদানি

ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেছেন।

গতকাল সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর এবারই প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠকে বসেন তিনি।

নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন। স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কিনা, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’

আরও পড়ুন: ইরানকে পরমাণু অস্ত্র গড়তে দেয়া হবে না, পরবর্তী হামলা হবে পাঁচ গুণ বড়: ট্রাম্প

ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।’

আরাগচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ এম


সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি

ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীনবরণ সোমবার দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

নবীনবরণ অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করে সম্মানের সঙ্গে মারা গেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। এটি গৌরবের বিষয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য এসএসসি পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন মওকুফ করেন। উল্টো উপবৃত্তি দেওয়া হয়। ২০০১ সালে এসে এইচএসসি পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত মেয়েদের কোনো টাকা-পয়সা লাগবে না।

ডা. সালাউদ্দিন বাবু এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের তিনটি কাজ করতে হবে। প্রথমটি হলো পড়াশোনা করতে হবে, দ্বিতীয়টি পড়াশোনা করতে হবে, তৃতীয়টি পড়াশোনা করতে হবে। তিনি বলেন, তোমরা ভালো ফল নিয়ে ভর্তি হয়েছ। তোমাদের ভালো ফল করতেই হবে। পাশাপাশি তোমাদের মানবিক ও ভালো মানুষ হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ হলো, শিক্ষার্থীরা যাতে তাদের মনুষ্যত্ব বিকশিত করতে পারে এবং পশুত্বকে নিরসন করতে পারে, তা নিশ্চিত করা। এ জন্য শিক্ষকরা তোমাদের তৈরি করার প্রাণপণ চেষ্টা করছেন। এভাবেই তোমরা যোগ্য মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ এম


রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ।

এই ঘটনার সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা মন্তব্য করেন, "স্বৈরাচারের দোসররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না। আজকে যারা বাকৃবিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।"

ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ এম


বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে আগুন লাগিয়েছে।

এটি ঘটে সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার পর হঠাৎ করে একটি দল দুর্বৃত্ত গাড়িদহ এলাকার মহাসড়কে জড়ো হয়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে একটি ভ্যানে থাকা বস্তায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে দেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনাস্থলে গিয়ে জানান, সেখানে অগ্নিসংযোগের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে রাস্তার পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।

ওসি আরও জানান, কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে একই মহাসড়কে বগুড়া নগরীর মেডিকেল মোড়ে মোটরসাইকেল শো-ডাউন করেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা ৩০ হাজার ডলার নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ এম


বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা ৩০ হাজার ডলার নির্ধারণ

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

পাশাপাশি বিদেশে শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে। ফলে এখন থেকে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

অন্য এক নির্দেশনায়, করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত তুলে নেয়া হয়েছে। আগে শুধু সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল।

এদিকে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাব খোলার নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিয়ে আরএফসিডি হিসাবে জমা রাখতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। তবে অন্যান্য প্রচলিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের ফলে বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেন আরও সহজ হবে। পাশাপাশি বিদেশে চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিতে আগ্রহী ব্যক্তিরা বাড়তি সুবিধা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%