ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিশরে জ্বালানিবাহী লরি উলটে আগুন, নিহত ৩১


মিশরে জ্বালানিবাহী লরি উলটে আগুন, নিহত ৩১

মিশরে একটি জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২১ জন আহত হয়েছেন। আরও জানা গেছে, ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহনে আগুন লেগেছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর নিকটবর্তী গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটির আগুন দ্রুত আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

মিশরীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আশপাশের অন্যান্য যানবাহনে তা ছড়িয়ে পড়া প্রতিরোধ করেন।

দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন। আহতদের হাসপাতালে নেওয়ার কাজে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট কমাতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত, আহত ১৯

মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় কায়রোর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকেও ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এভাবে পৃথক ঘটনাগুলোর মাধ্যমে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রথম তিনজনকে আটক করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটকের পর পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং পরে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ পরে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করা হচ্ছে।

শাখাওয়াত মুনকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, আটকের পর ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। তারা জানতে চান, ডিসেম্বর মাস সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে শাখাওয়াত নিজেকে বর্তমানে ‘ওএসডি’ অবস্থায় রয়েছেন বলে পরিচয় দেন। একপর্যায়ে সেখানে উপস্থিত একজন তাকে থাপ্পড় মারেন। ভিডিওতে ছাত্রদল নেতা মোতাহার হোসেনকে তার নাম জানতে এবং সরকারি আমলা হিসেবে দায়িত্ব পালনের পরও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন কি না, সে প্রশ্ন করতে দেখা যায়। শাখাওয়াত জবাবে জানান, তিনি আর এমন কাজ করবেন না। পরে নেতাকর্মীরা তাকে কান ধরতে বললে তিনি তা করেন।

আটক তিনজনকে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবি থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলারের বাজারে অস্থিরতা বৃদ্ধি, এলসি খোলায় সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ এম


ডলারের বাজারে অস্থিরতা বৃদ্ধি, এলসি খোলায় সমস্যা

ডলারসংকটের ফলে বৈদেশিক লেনদেনে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সরাসরি বিনিয়োগের পরিমাণ কমে যাওয়ার কারণে রপ্তানি বাণিজ্যও তলানিতে পৌঁছেছে, ফলে বাজারে চাহিদামতো ডলার পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বাড়ার পাশাপাশি খোলা বাজারেও দাম বেড়েছে। বর্তমানে খোলা বাজারে প্রতি ডলার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ছিল ১২৮ থেকে ১২৯ টাকা।

গতকাল ঢাকার কোথাও ১৩০ টাকার নিচে ডলার পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করলেও দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এর ফলে ব্যাংকগুলোতে এলসি খুলতে ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা চাহিদামতো এলসি খুলতে পারছেন না এবং এলসি খোলার পর ডলারের দাম আরও বেড়ে যাচ্ছে। এর ফলে পণ্য আমদানিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলসি খোলার ক্ষেত্রে ডলারের কোনো সংকট নেই এবং ব্যবসায়ীদের চাহিদামতো ডলার সরবরাহ করা হবে। ব্যাংকাররা বলছেন, ডলারের বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত না থাকায় বাজারে চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোর বাড়তি ডলার প্রয়োজন হচ্ছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) সূত্রে জানা গেছে, ৫৪টি সদস্য ব্যাংক ভিন্ন ভিন্ন দরে ১২৫ থেকে ১২৮ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও ব্যাংকিং চ্যানেলে ১২৫ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রির কথা জানিয়েছে। তবে চ্যানেলের বাইরে ১২৮ টাকার বেশি দরে বিক্রির তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ডলারের গড় বিনিময় হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা। চলতি সপ্তাহের শুরুতে একাধিক বেসরকারি ব্যাংক আমদানির ঋণপত্রের (এলসি) বিল পরিশোধে ডলারের দর নিয়েছে ১২৬-১২৭ টাকা। গতকাল এ দর ছিল ১২৮ থেকে ১২৯ টাকা। ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক একাধিকবার ৭০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এসব বিক্রিতে ১২৪.৭৫ থেকে ১২৪.৯৯ টাকা, ১২৪.২৫ টাকা ও ১২৩.৭৫ টাকা দরে ডলার বিক্রি করা হয়েছে। তবুও বাজার নিয়ন্ত্রণে আসেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১২ নভেম্বর ডলারের স্পট রেফারেন্স রেট ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। আগের দিন ১১ নভেম্বর এ হার ছিল ১২৪ টাকা ৬৩ পয়সা। এক মাস আগে আন্তব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৩ টাকা ২৮ পয়সা। ফলে অল্প সময়ের ব্যবধানে ডলারের দর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির পরও বাজারে চাপ পুরোপুরি কমেনি। রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর ডলার বিক্রির দর ১২৫ টাকার নিচে নেমে এসেছে। তবে পরদিন আবারও কেন্দ্রীয় ব্যাংককে ডলার বিক্রি করতে হয়েছে।

জ্বালানি তেল ও এলএনজি আমদানির জন্য ব্যাংকগুলোকে আগের তুলনায় বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। ভোগ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ছে। রমজান মাস সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি প্রতিদিন বাড়ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানির ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। অপরদিকে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। ফলে আমদানি ও রপ্তানি আয়ের ব্যবধান আরও বড় হয়েছে। ওই সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৭১ কোটি ডলার। খোলা বাজারে ব্যাংকিং চ্যানেলের তুলনায় ডলারের দাম ৩ থেকে ৪ টাকা বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য ডলার কিনতে গিয়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কার্ব মার্কেটের ডলারের দর দিয়ে বাস্তব অবস্থা বোঝা যাবে না। চলতি মাসের শুরুতে কিছুটা সংকট তৈরি হয়েছিল। সেটা ধরে কার্ব মার্কেট (খোলা বাজার) ডলার দর নিয়ে ব্যবসা করছে। ব্যাংকিং খাতে এখন কোনো সংকট নেই। আমরা ব্যবসায়ী, ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছি। সবাইকে বলেছি এলসি খুলতে কোনো সমস্যা হবে না। রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানি পত্রের পেমেন্ট বাংলাদেশ ব্যাংক দেবে। চাহিদামতো সবাই পাবেন। এলসি সেটেলমেন্টে কোনো সমস্যা হবে না। খোলা বাজারে অতিরিক্ত দর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

জানতে চাইলে বিশিষ্ট ব্যাংকার, এবি ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘সম্প্রতি বাজারে ডলারের চাহিদা বেড়েছে। রেমিট্যান্স বাড়লেও রপ্তানি কমেছে। একই সঙ্গে আমদানি অনেক বেড়েছে। এর কারণে ডলার খোলা বাজারে বেশি দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে। হয়তো স্বাভাবিক হতে পারে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুনাহমুক্ত জীবন গড়ার জন্য ৬ কার্যকরী উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


গুনাহমুক্ত জীবন গড়ার জন্য ৬ কার্যকরী উপায়

মানুষ যখন আলোর পথে হাঁটে, সভ্যতার সমৃদ্ধি ঘটে এবং মানবতার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। অপরদিকে, যখন মানুষ পাপের অন্ধকারে নিমজ্জিত হয়, তখন ধ্বংস, বিপর্যয় ও মানবতার অবক্ষয় দেখা দেয়। সুতরাং, বলা যায় যে, মানুষের প্রকৃত মুক্তি গুনাহ থেকে বাঁচার মধ্যে নিহিত, এবং আল্লাহর আনুগত্যে নিজেকে গড়ে তোলার মাধ্যমে। গুনাহমুক্ত জীবন লাভের জন্য ছয়টি উপায় নিচে উল্লেখ করা হলো,

১. তাওবা পাপমুক্তির প্রথম দরজা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদমসন্তানরা সবাই ভুল করে, আর উত্তম ভুলকারী তারা, যারা তাওবা করে।’ (তিরমিজি, হাদিস : ২৪৯৯)

তাওবা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি মহামূল্যবান উপহার। এটি কেবল আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে না, বরং মানুষের ভেতরে নতুন উদ্যম ও আত্মবিশ্বাসের সঞ্চার করে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও অপরাধ স্বীকার এবং পরিবর্তনের প্রতিজ্ঞা মানসিক চাপ কমায়, অপরাধবোধ হ্রাস করে এবং আত্মার মধ্যে নতুন আলো জ্বালায়।

২. নামাজ যা গুনাহ থেকে রক্ষার ঢাল : মহান আল্লাহ তাআলা বলেন; ‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)

প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা মানুষের জীবনে আল্লাহর উপস্থিতি ও স্মরণকে নতুনভাবে জাগ্রত করে। প্রতিটি সিজদা বিনয়ের প্রশিক্ষণ, এবং প্রতিটি তাকবির গুনাহ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা।

৩. সৎসঙ্গ গ্রহণ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)

সমাজবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, মানুষের আচরণ ও অভ্যাস তার পরিবেশ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই গুনাহমুক্ত জীবন গড়তে চাইলে সৎসঙ্গ ও নেক পরিবেশ তৈরি করা অপরিহার্য।

৪. বেশি বেশি কোরআন তিলাওয়াত : মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকনির্দেশ করে, যা সর্বাধিক সঠিক।’ (সুরা : ইসরা, আয়াত : ৯)

কোরআন আলোর উৎস। এর প্রতিটি আয়াত অন্তরকে ধৌত করে এবং চরিত্রকে পরিশুদ্ধ করে। মনীষীদের মতে, যে হৃদয় কোরআনের তেলাওয়াত থেকে দূরে থাকে, তা শুকনো জমির মতো; আর যে হৃদয়ে কোরআন প্রবাহিত হয়, তা বসন্তের বাগানের মতো সজীব হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কোরআন পাঠ মানসিক প্রশান্তি বৃদ্ধি করে এবং আত্মাকে ইতিবাচক শক্তি জোগায়।

৫. নফল ইবাদত ও সুন্নাহ পালন : রাসুলুল্লাহ (সা.) বলেন, মহান আল্লাহ বলেছেন ‘আমার বান্দা নফল আমল দ্বারা ক্রমাগত আমার নিকটবর্তী হতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি।’ (বুখারি, হাদিস : ৬৫০২)

নফল নামাজ, রোজা, দান, রাতের তাহাজ্জুদ; এসব ছোট ছোট আমল বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। বিজ্ঞানও বলছে, সৎকাজের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা সুখ, প্রশান্তি এবং ইতিবাচক শক্তি জাগায়।

৬. আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা : হাসান আল-বসরি (রহ.) বলেছেন, ‘তুমি নিজের হিসাব নাও মৃত্যুর আগে; কারণ কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে।’ প্রতিদিনের শেষে কিছু সময় নিজের ভুলত্রুটি পর্যালোচনা করলে মানুষ দ্রুত সংশোধন হতে পারে। মনোবিজ্ঞানে একে self-reflection বলা হয়। এটি মানুষকে উন্নতির পথে ঠেলে দেয় এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনায় সাহায্য করে।

গুনাহমুক্ত জীবন একটি কাল্পনিক স্বপ্ন নয়, বরং সচেতন প্রচেষ্টা ও আল্লাহর সাহায্যের মাধ্যমে এটি সম্ভব। তাওবা, নামাজ, কোরআন তিলাওয়াত, সৎসঙ্গ, নফল আমল, আত্মপর্যালোচনা ও সুস্থ জীবনধারা—এই কৌশলগুলো যদি জীবনের অঙ্গ হয়ে যায়, তবে মানুষ পাপের অন্ধকার থেকে মুক্তি পেয়ে তাকওয়ার আলোয় আলোকিত হবে।

সর্বোপরি, গুনাহমুক্ত জীবনের সহজ কৌশল হলো আল্লাহর স্মরণ, তাঁর আনুগত্য ও আত্মসংযমের অনুশীলন। এই পথেই নিহিত রয়েছে মানবতার মুক্তি, সমাজের শান্তি এবং পরকালের অনন্ত সাফল্য।

মাহন আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা সঠিক নয়: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা সঠিক নয়: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানিয়েছেন, বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা সঠিক নয়।

তিনি বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। কিছু গণমাধ্যমও এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে, যা সঠিক নয় এবং ভিত্তিহীন।

তিনি আরও বলেন, বগুড়ার পুলিশ সুপার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলার পর তিনি নিশ্চিত হয়েছেন যে, বিএনপির উপজেলা কার্যালয়ের পাশে ময়লার স্তুপের আগুন থেকে বিএনপির কার্যালয়ের সামনের একটি ব্যানার পুড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপি কার্যালয়ে আগুন দেয়া হয়েছে, এবং কিছু গণমাধ্যমও এই অপপ্রচারে গা ভাসিয়েছে। বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার খবরটি সঠিক নয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে বগুড়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, গত ৩ সপ্তাহে অপপ্রচারকারীরা আরও ৪টি গুজব ছড়িয়েছে। কিছুদিন আগে সাত মাথায় বিএনপির একটি মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের মিছিল হিসেবে চালানো হয়েছে, এবং কাহালুতে বিটিভির লোকাল অফিসের সামনে হিন্দু সম্প্রদায়ের সূর্য পূজা উপলক্ষে পটকা ফুটানোকে ককটেল বিস্ফোরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এসব তথ্য আসলে ভুয়া ও গুজব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%