০২:০২ পি.এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া আজ, বুধবার (৩ জুন) শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত দ্বিতীয় মেধাতালিকায় যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার সময়সীমা ১১ জুন পর্যন্ত। ফরম পূরণের পর শিক্ষার্থীদের অবশ্যই এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এছাড়া, শিক্ষার্থীদের ৪ জুন থেকে ১৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে। এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফল প্রকাশ করছে, সেই সঙ্গে দ্বিতীয় মেধাতালিকাও ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তবে তাঁকে আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে তাঁর নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা করতে পারবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন