১০:০৩ পি.এম
পাকিস্তান জনগণের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য সরবরাহে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটিতে পুষ্টির সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
ডনের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি একটি মূল্যায়নে উল্লেখ করেছে যে, পাকিস্তানের খাদ্য ব্যবস্থার জরুরি পুনর্গঠন প্রয়োজন। দেশের ৬০ শতাংশের বেশি জনগণ স্বাস্থ্যকর খাবার ক্রয়ের সামর্থ্য হারিয়েছে। পুষ্টিকর খাবারের অভাবের পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এফএওয়ের একটি গবেষণায় দেখা গেছে, মানুষের সুস্থ থাকার জন্য যে পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন, পাকিস্তানে সেই তুলনায় সঠিক খাবার পাওয়া যাচ্ছে না। সরকারি পুষ্টি নির্দেশিকায় উল্লেখিত খাবারের প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান খাদ্য ব্যবস্থার মধ্যে বড় ধরনের অমিল বিদ্যমান।
আরও পড়ুন: পশ্চিম তীরে গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত, প্রতিরোধ গোষ্ঠীর প্রশংসা
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে পুষ্টিকর খাবারের অভাবে মানুষ অপুষ্টিতে ভুগছে, এবং অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে ডায়াবেটিস ও হৃদরোগের মতো মারাত্মক রোগের সংখ্যা বাড়ছে।
এফএও সরকারকে পুষ্টিকর খাবার জনগণের কাছে সহজে পৌঁছে দিতে বিশেষ কিছু নিয়ম চালু করার পরামর্শ দিয়েছে। এর মধ্যে দেশের পুষ্টি নির্দেশিকা নতুন করে তৈরি করা, এবং পুষ্টিকর খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষা ও প্রচারণা বাড়ানো অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি কোক-ফ্যান্টার মতো মিষ্টি পানীয় এবং অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বিযুক্ত খাবারের ওপর বাড়তি কর (ট্যাক্স) আরোপের সুপারিশ করেছে। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটে পুষ্টির তথ্য বা সতর্ক লেবেল লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ক্রেতারা খাবারের গুণাগুণ সহজে বুঝতে পারেন।
অস্বাস্থ্যকর খাবারের বিপণনের ওপর, বিশেষ করে শিশুদের জন্য তৈরি পণ্যের ওপর, আরো কঠোর বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে সংস্থাটি। পুষ্টিকর স্কুল খাবার কর্মসূচি সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে, যাতে দুর্বল জনগণ স্বাস্থ্যকর খাবার ক্রয় করতে সক্ষম হয়।
আরও পড়ুন: বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
এফএও খাবার পচে নষ্ট হওয়া রোধ করতে এবং বাজারে ক্রেতাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে ফল-মূল ও শাকসবজি সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা, আধুনিক বাজার অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন