০৬:৫০ পি.এম
ময়মনসিংহ, ১৫ নভেম্বর, ২০২৬ : ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূর্বনির্ধারিত মাসিক এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান।
আরও পড়ুন: ময়মনসিংহে ২০২৪ সালের অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ
এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া মাসে অন্তত দুইদিন বৃহৎ পরিসরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
একই সাথে জলাতঙ্ক ও স্নেক ভেনম এর টিকা উপজেলাওয়ারী বিভাজন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং নগরীর প্রধান সড়কের মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত যানজট নিরসন করা হচ্ছে।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লার্ভীসাইড স্প্রে এবং সন্ধ্যাকালীন এডালটিসাইড প্রয়োগ করা হচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১১২টি কাজের মধ্যে ১০৮টি কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং ৪টি কাজ চলমান আছে। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ৮টি কাজের মধ্যে ৫টি কাজ সমাপ্ত হয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৫তলা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ চলমান রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ১৩টি উপজেলায় ৩৯টি কৃষি ব্লকে কৃষক কার্ড কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে টার্গেট পূরণের জন্য কার্যক্রম চলমান আছে। এছাড়া সমন্বিতভাবে নিয়মিত ন্যায্য মূল্যে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।
আরও পড়ুন: ত্রিশালের কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবায় হাসি ফুটেছে প্রান্তিক খামারিদের মুখে
কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
সভাপতি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, "আমরা বিশ্বাস করি জেলার উন্নয়নে প্রতিটি দপ্তর তাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা প্রশাসন উন্নয়নমূলক সকল কাজে সব সময় সকল দপ্তরের সহযোগী হিসেবে থাকবে।"
তিনি আরও বলেন, "জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই যেকোনো পর্যায়ে কোনো জটিলতা থাকলে তা দ্রুত সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। তবেই সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারব।"
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আশরাফুল করিমসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আব্দুস ছালাম নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন