০৬:২৫ পি.এম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে।
তিনি আরো উল্লেখ করেন, তারা নিজেদের এবং পরিবেশকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। এই শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, এবং আগামীতে তারা দেশের নেতৃত্বে আসীন হবে।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ৬ কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় নিরলসভাবে নিয়োজিত রয়েছে। তাদের এই অসামান্য অবদান ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।
আরও পড়ুন: শফিকুর রহমান: ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে
হুইপ দুলু শনিবার (৩১ অক্টোবর) দুপুর বারোটায় নাটোর রাণী ভবানী রাজবাড়ী চত্বরে বাংলাদেশ স্কাউটসের ৬ দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
এবারের ক্যাম্পুরীর প্রতিপাদ্য বিষয় হলো 'আজকের কাব আগামীর নেতৃত্ব'।
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।
আরও পড়ুন: জামায়াতকে সন্দেহ করার কারণ বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে
উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরী আগামী ৪ঠা নভেম্বর শেষ হবে।
শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্ননির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন