মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৬ পি.এম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন'।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শাবি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, সিলেট সরকারি কলেজের প্রভাষক কাওছার আহমদ, প্রভাষক মুহা. জাকির হোসাইন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক মো. শামসুদ্দীন এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. রিজাউল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এই প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১২৬টি প্রবন্ধ। ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপিত হবে। ২৭ নভেম্বর সকাল ৮টায় নিবন্ধনের পর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্যারালাল অধিবেশন ছাড়াও দিনব্যাপী কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ থাকবে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দিন উপস্থিত থাকবেন।
থিম স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। এছাড়া কি-নোট স্পিকার হিসেবে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম বক্তব্য রাখবেন।
অধ্যাপক ড. রিজাউল ইসলাম সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজের মুক্ত বুদ্ধির চর্চা বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে।”
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্যকে সমকালীন গবেষণার আলোকে নতুনভাবে অনুধাবন করার সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম (SUJF)-এর কার্যনির্বাহী কমিটি ২০২৭ সালের জন্য ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আবু সালেহ মুসা দায়িত্ব গ্রহণ করেছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তুহিবুল আসাদ আবির।
নতুন ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে আল আমিন রয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মাইশা সায়েদ অথৈ।
এছাড়া, প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক হিসেবে মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক হিসেবে তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক হিসেবে তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক হিসেবে তাসিন মোরশেদ দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ সৃষ্টি করা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম উজ্জামান শামীমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকা থেকে তার গ্রেপ্তারি পর্বটি সম্পন্ন হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শামীম উজ্জামান শামীমের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। কালিয়াকৈর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে আইনগত কার্যক্রম শুরু হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হবে।
শামীম উজ্জামান শামীম কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, শামীম উজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বুধবার দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন রাজধানীতে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ এবং মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে মো: মাহফুজুর রহমান সবুজকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি একই বিভাগের উপ-পরিচালক হিসেবে ১৬ বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। স্মারক নং পবিপ্রবি/প্রশা-১৯১/অ-১৩/০৪/৩০০৭ তাং২৩/১১/২৬। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি লাভ করবেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর, তিনি ২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের 'জনসংযোগ কর্মকর্তা' হিসেবে যোগদান করেন। এরপর ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, পরবর্তী ৫ বছর পর পরিচালক পদে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তৎকালীন দুর্নীতি পরায়ন প্রশাসনের সময় (ভিসি হারুনর রশীদ) রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তিনি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।
তিনি ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (Post Graduate Diploma in journalism) অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) কর্তৃক আয়োজিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে, তিনি দীর্ঘদিন জাতীয় "দৈনিক দিনকাল" ও 'দৈনিক মুক্তকন্ঠ' পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। তিনি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা "সাগরকন্যা" সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পটুয়াখালী প্রেসক্লাবের ৩ বার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে, তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ