শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৩ পি.এম
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পাজেরো জিপের ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে স্কলাস্টিকা স্কুলের সামনে ঘটে এই দুর্ঘটনা।
নিহত শ্রমিকদের মধ্যে মোবারক হোসেন রাজু (২৪) এবং ফরিদুল ইসলাম সরদার রয়েছেন। মোবারক গাজীপুর সদর উপজেলার শফিকুল ইসলামের ছেলে, অন্যদিকে ফরিদুল গাইবান্ধা সদর উপজেলার মোহাম্মদ শহিদুল ইসলাম সরদারের ছেলে। উভয়েই পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের সময় ওই দুই শ্রমিক মোটরসাইকেলে করে বিমানবন্দর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি পাজেরো জিপ তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর ঘাতক পাজেরো জিপটি দ্রুত পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জিপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ইলিশটি, যা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিলামে তোলা হয়। স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মাছটি কিনে নেন। বড় আকৃতির ইলিশটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ঘাটে ভিড় করেন।
ক্রেতা জয়নাল ঘরামী, যিনি ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী, জানান, তিনি ওজন ও মান বিবেচনায় ৮ হাজার ৫১০ টাকায় মাছটি কিনেছেন। এটি রফতানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে বুধবার (১১ নভেম্বর) তিনি দুই কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন।
জেলে নবী হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে এটিই তাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি এমন বড় ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। ভালো দামে বিক্রি হওয়ায় তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
তবে বড় ইলিশের এমন দাম সাধারণ ক্রেতাদের জন্য নাগালের বাইরে। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান জানান, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান দামে মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা কঠিন। মাছটি কেনার আগ্রহ থাকলেও দাম শুনে পিছিয়ে যেতে হয়েছে তাকে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনা দিয়ে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় সরকারের সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে জেলেদেরও নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির খেজুরিছড়া চা-বাগান ও কারখানা, শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর, খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈঠকে চার দফা শর্তে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার (১৪ নভেম্বর) থেকে শ্রমিকেরা কাজে ফিরে আসবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। সভায় ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা শেষে চার দফা শর্তে বিরোধ নিষ্পত্তিতে একমত হন সংশ্লিষ্ট পক্ষগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়—এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্যাপনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে যেকোনো প্রতিবন্ধকতা এড়াতে উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করবে। কমিটি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সংকটের স্থায়ী সমাধানে কাজ করবে।
মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার সিদ্ধান্তও হয়েছে। পাশাপাশি আন্দোলন ও বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক বা বিরূপ আচরণ না করে এবং শ্রমিকদের কাজে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সভা শেষে চা-শ্রমিক, বাগান কর্তৃপক্ষ ও মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে লিখিত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। উভয় পক্ষ এতে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, অভ্যন্তরীণ বিরোধ ও শ্রমিক অসন্তোষের কারণে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, খেজুরিছড়া চা-বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে প্রশাসনের মধ্যস্থতায় সব পক্ষের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা কাটল এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ সুগম হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন ছলচাতুরি নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কটাক্ষ করেছেন।
তিনি দিল্লির প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের নয়; বরং পারলে স্থলবন্দর দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারে দিল্লি।
শুক্রবার (১৩ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়েছে একজন খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সামরিক বিমান পাঠিয়ে দেশে নিয়ে আসবে! মামাবাড়ির আবদার! পারলে দিল্লি তাকে স্থলবন্দর দিয়ে পাঠিয়ে দিক, নতুবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক!’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের সহধর্মিণী শামীম আরা হক। বৃহস্পতিবার, তিনি আনুষ্ঠানিকভাবে পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে, পুনাক, জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর, শামীম আরা হক পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে, তিনি পুনাক কার্যালয় এবং সংগঠনটির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময়, তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময়, পুনাক, জিএমপির সভানেত্রী শামীম আরা হকসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ