ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত হাইকোর্টের


নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত হাইকোর্টের

এস এম আশিকুজ্জামান

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে হাইকোর্ট।

দেশের বিচারিক ইতিহাসে একটি বিশেষ বেঞ্চ অল্প সময়ের মধ্যে নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করেছে। এই বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবীরা উচ্চ আদালতের ডেথ রেফারেন্স মামলা জট কমাতে আরও কিছু বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠনের প্রত্যাশা করেছেন।

আরও পড়ুন: সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই

ডেথ রেফারেন্স মামলা কি?

ফৌজদারি বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য নির্ধারণের জন্য ‘ডেথ রেফারেন্স’ বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রচলিত আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন, তখন সেই সাজা কার্যকর করার পূর্বে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে, বিচারিক আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে মামলার যাবতীয় নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়, যা ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে নথিভুক্ত হয়।

হাজারের অধিক ডেথ রেফারেন্স মামলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার সংখ্যা ১ হাজার ৩০১টি।

আরও পড়ুন: আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী

গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা।

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।

ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ হিসেবে ‘পেপারবুক’ প্রস্তুতে দীর্ঘ সময় লাগা এবং মামলার তুলনায় ডেথ রেফারেন্স শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

তিনি বাসস’কে বলেন, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার ফলে কারাগারের কনডেম সেলে অনেক আসামি বছরের পর বছর বন্দী জীবন যাপন করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, অনেক ক্ষেত্রে এই বন্দীদের কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।

আরও পড়ুন: দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল

ডেথ রেফারেন্স মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে, অনেক আসামি কারাগারের কনডেম সেলের অনাকাঙ্ক্ষিত বন্দীদশা থেকে মুক্তি পেতেন বলেও তিনি উল্লেখ করেন।

ডেথ রেফারেন্স মামলার পেপার বুক কী?

ডেথ রেফারেন্স মামলার পেপার বুকের মধ্যে বিচারিক আদালতে মামলা শুরু থেকে রায় পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংকলিত থাকে। সেখানে মামলার এজাহার (এফআইআর), অভিযোগপত্র (চার্জশিট), অভিযোগ গঠন, আদেশনামা, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের খসড়া মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক বা ডিএনএসহ অন্যান্য বিশেষজ্ঞ প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে।

এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সকল সাক্ষীর জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, আদালতে দাখিলকৃত দালিলিক সাক্ষ্য (প্রদর্শনী), বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আসামিপক্ষের দায়ের করা আপিল বা জেল আপিলের নথিও পেপার বুকের অন্তর্ভুক্ত থাকে। পেপার বুক মূলত সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে ছাপা হয়ে হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত করা হয়।

আরও পড়ুন: ধর্ষণের পর ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করালেন কোনাবাড়ী থানার ওসি

ডেথ রেফারেন্স মামলার জট কমানোর উপায়

দেশের উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার জট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, "এ কথা সত্য যে ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য পেপার বুক তৈরি করতে সময় লাগে। কিন্তু সব কিছু প্রস্তুত হয়ে যখন আদালতে মামলা শুনানির জন্য আসে, তখন তো মামলা নিষ্পত্তিতে বিলম্ব ঘটার কথা নয়।"

এক্ষেত্রে, ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী হতে হবে। সেই সাথে, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিচারকদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিচারিক আদালতের কিছু বিচারকের গণহারে দেওয়া ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, "নিম্ন আদালতের কিছু কিছু বিচারকের মধ্যে গণহারে ফাঁসি দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। গণহারে দেয়া ফাঁসির রায় পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়িয়ে মামলা জট তৈরি করে।"

আরও পড়ুন: অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনালের বিচারক, যেটিকে হাইকোর্ট ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বলে উল্লেখ করেছে। অবশেষে, হাইকোর্ট ওই বিচারককে ফৌজদারী মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।

অন্যদিকে, সেন্টেন্সিং গাইডলাইনের প্রয়োজনীয়তা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, "কোন একটা হত্যাকাণ্ডের অপরাধে ‘হোলসেল ফাঁসির রায়’ যাতে না হয়, সে জন্য ফৌজদারি মামলার বিচারে একটি সেন্টেন্সিং গাইডলাইন অবশ্যই থাকা দরকার। আমাদের কোন সেন্টেন্সিং গাইডলাইন নেই। সেন্টেন্সিং গাইডলাইন থাকলে বিচারিক বৈপরিত্ব দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স মামলা জট কমবে।"

৫টি হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স শুনানি

সর্বশেষ, গত ২৪ অক্টোবর ৫৭টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টের ৫টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।

আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে

যে দণ্ড দিতে পারেন হাইকোর্ট

ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও ক্ষমতা বর্ণিত আছে। আইন অনুযায়ী, হাইকোর্ট বিভাগ চাইলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। আবার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন কিংবা আসামিকে খালাস দিতে পারেন। এছাড়া, হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশ দিতে পারেন।

বিশেষ হাইকোর্ট বেঞ্চে ৩৮টি রায়ের দৃষ্টান্ত

অগ্রাধিকার ভিত্তিতে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছে। হাইকোর্টের এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে গত ২৪ আগস্ট রায় দেন।

অন্যদিকে, মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট গত ৩১ আগস্ট রায় ঘোষণা করেন।

এছাড়া, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে গত ১৭ নভেম্বর আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দিয়েছেন এই হাইকোর্ট বেঞ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ বেসামরিক নিহত

ইয়েমেনে গত ২৪ ঘণ্টার মধ্যে সৌদি বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন শিশু এবং সাতজন নারী অন্তর্ভুক্ত রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। এসব হামলা সানা, তায়েজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে সংঘটিত হয়েছে।

সাম্প্রতিক সৌদি হামলার ফলে মোট ৪৩৮ জন নিহত এবং ৯২৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও অবরোধ শুরু হওয়ার পর থেকেই এই সংঘাতের সূত্রপাত ঘটে।

এদিকে, ইয়েমেনের কৌশলগত লোহিত সাগরীয় হুদাইদাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হথিরা। হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উসকানি’ বলে উল্লেখ করে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

শুক্রবার এক বিবৃতিতে হুথিদের পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় হামলার জন্য সৌদি সরকারকে দায়ী করে বলেছে, এর ফলে দেশটির মানবিক ও অর্থনৈতিক সংকট আরো ভয়াবহ হবে। তারা অভিযোগ করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এ ধরনের হামলাকে উৎসাহিত করছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়বৃষ্টির মধ্যে নৌকায় যাত্রীদের অভিজ্ঞতা: সুমনার পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন দেখা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


ঝড়বৃষ্টির মধ্যে নৌকায় যাত্রীদের অভিজ্ঞতা: সুমনার পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন দেখা হবে

কিছুক্ষণ আগে ঝকঝকে রোদ ছিল। হঠাৎ করেই চারপাশ অন্ধকার হতে শুরু করল। আকাশজুড়ে কালো মেঘের দৌড়ঝাঁপ, চোখধাঁধানো বিজলির ঝটকা এবং পিলে চমকানো গর্জন শুরু হলো। তখন আমরা নদীর মাঝখানে ছিলাম। চাঁদপুর থেকে শরীয়তপুরের নড়িয়া যাচ্ছিলাম। ইঞ্জিনচালিত নৌকা তীব্র গতিতে ছুটছিল। যেন বৈশাখী ঝড়ের সঙ্গে পাল্লা দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হলো না। তুমুল ঝড়বৃষ্টি আমাদের পেয়ে বসল। পাশের মেয়েটিও ভিজে একাকার হয়ে গেল। বেরসিক বৃষ্টি।

নৌকায় এত লোকের মাঝে বৃষ্টিভেজা শরীর প্রস্ফুটিত হয়ে ওঠায় লজ্জায় তার মুখ লাল হয়ে উঠছে। পাশে বসা বৃদ্ধ বাবার শরীরের সঙ্গে মিশে আছে, যেন নিজেকে আড়াল করতে চাচ্ছে। বাবা এক হাতে মেয়ের কাঁধ চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁট নড়ছে। তিনি নীরবে দোয়া পড়ছেন।

সকলেই আল্লাহ-খোদার নাম স্মরণ করতে লাগলেন। নৌকা কূলে ভেড়ানোর চেষ্টা করতে করতে মাঝি আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠলেন। সবার মধ্যে একটা সাড়া পড়ে গেল। অঝর ধারায় বৃষ্টি পড়ছিল। ঝড়ের ঝাপটায় নৌকা দুলে উঠতেই কেউ কেউ আঁতকে উঠেছিল।

ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। বৃষ্টির ফোঁটা ছোট থেকে গুঁড়িগুঁড়ি হয়ে মিলিয়ে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে এলো।

সদ্য স্নাতা তরুণীর মতো ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠল চারদিক। মাঝি ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল। বাতাস আর রোদে গায়ের ভেজা কাপড় অনেকটাই শুকিয়ে যাওয়ায় অস্বস্তি কেটে যেতে লাগল। সময়ের সঙ্গে প্রকৃতির পালাবদল দেখতে দেখতে যাচ্ছিলাম। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আলো-আঁধারির সন্ধিক্ষণে প্রকৃতি হয়ে উঠল রহস্যময়।

চাঁদ যখন রাতের আকাশ দখল করল, ঠিক সেই সময় আমরা পৌঁছালাম নড়িয়ায়। যাত্রীরা লাইন ধরে ধীরলয়ে ঘাটে নামতে লাগল। আমিও লাইনে দাঁড়ালাম। আমার পেছনে বৃদ্ধ বাবার হাত চেপে ধরে পাশের মেয়েটি।

ঘাটে নেমে চারপাশটা একবার দেখে নিলাম। সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া ভালো লাগল। বাপ-মেয়ে রিকশা স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বাবা চোখে কম দেখেন বলে মেয়ের হাত ধরে আছেন। স্ট্যান্ডে গিয়ে তারা রিকশা পেল না। এদিক-ওদিক তাকিয়ে আমিও কোনো রিকশা দেখলাম না। সম্ভবত আধাবেলা বৃষ্টিতে ভিজে রিকশাচালকরা সবাই বাড়ি চলে গেছে। এখন কী করি? এত দূরের পথ এ অন্ধকার পাড়ি দিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছাব?

‘তুমি কোথায় যাবে বাবা?’ মেয়েটির চোখে চোখ হতেই তার বাবা আমাকে প্রশ্ন করলেন। তার কণ্ঠে ক্লান্তি আর অনিশ্চয়তা ছিল।

আমি দ্রুত চোখ সরিয়ে নিয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, ‘মুলফৎগঞ্জ। চাচা, আপনারা কোথায় যাবেন?’

‘আমরাও সেদিকেই যাব। এখন কী করে যে যাই!’

‘আসুন সামনে এগিয়ে যাই। দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না।’

তিনজন ধীর পায়ে ভেজা মাটির নরম রাস্তায় এগিয়ে চললাম। কিছুদূর যেতেই দূরে একটা রিকশা দেখতে পেলাম। অন্যদিকে চলে যাচ্ছে দেখে ডাকতে ডাকতে ছুটে গেলাম। এগিয়ে না এলে ফসকে যেত।

কোথায় যাবে শুনে রিকশাচালক বেঁকে বসল—‘বৃষ্টি-বাদলার দিনে এত দূর যামু না।’

বৃদ্ধ আর মেয়েটার অসহায়তার কথা বুঝিয়ে বলার পর অনেক গাইগুই করে শেষ পর্যন্ত রাজি হলো। রিকশা নিয়ে স্ট্যান্ডে ফিরে এলাম। বৃদ্ধ চাচার দিকে তাকিয়ে বললাম, ‘আপনারা চলে যান, আমি দেখছি নিশ্চয়ই আরেকটা রিকশা পাওয়া যাবে।’

তিনি আপত্তি জানিয়ে বললেন, ‘তা কী করে হয় বাবা! এখন আর কোনো রিকশা পাবে কি না কে জানে। তোমাকে একা ফেলে আমরা যেতে পারব না। চলো একসঙ্গেই যাই।’

অগত্যা তিনজন এক রিকশায় চেপে বসলাম। আমি ওপরে আর আমার পায়ের মাঝে বৃদ্ধ চাচা। তার পাশে মেয়েটি।

পাকা, আধপাকা, আবার কোথাও কাঁচা পথে এগিয়ে চলছিল তিন চাকার গাড়ি। চালক বেচারার খুব কষ্ট হচ্ছিল।

‘জালাল মিয়া, চিন্তা কইরো না, তুমি যে আমাদের উপকার করতেছ এই জন্য অনেক সওয়াব পাবা। বিপদে মানুষ যদি মানুষের উপকার না করে তাহলে ইবলিশের সঙ্গে আমাদের পার্থক্য রইল কই, কী বলো?’

‘ঠিকই কইছেন, স্যার,’ প্যাডেলে জোরসে চাপ দিয়ে আমাদের কথায় সায় দিল রিকশাওয়ালা জালাল মিয়া। বাঁশঝাড়, খালপাড়, আঁকাবাঁকা সরু পথ পেরিয়ে আমরা যখন মেয়েটির বাড়ি পৌঁছালাম তখন এশার আজান ভেসে আসছিল।

বাড়ির লোকজন আমাদের ঘিরে ধরল। বাবা-মেয়ে দুজনের মুখেই আমার প্রশংসা। মেয়েটির বাবা আমার পিঠে হাত রেখে বললেন, ‘একজন উপকারী মানুষ, ফেরেশতার মতো। আজ এই ফেরেশতা আমাদের উদ্ধার করেছে।’

সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখে আমার খুব ভালো লাগছিল। যাই হোক, এবার আমার বিদায়ের পালা। এ কথা জানাতেই সমস্বরে ‘না, না’ করে উঠল। মেহমানকে আপ্যায়ন না করে কিছুতেই যেতে দেবে না। মেয়েটির কৃতজ্ঞ চোখমুখের নীরব আকুতি উপেক্ষা করতে পারলাম না। রাস্তার পাশে ছোট একটি বাড়ি। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। সাজানো-গোছানো ঘর। কিছুক্ষণ পরেই মেয়েটি আমার জন্য শুকনো কাপড় নিয়ে এলো। নিজেও আধভেজা কাপড় পাল্টে এসেছে।

‘তাড়াতাড়ি ভেজা কাপড় ছেড়ে এগুলো পরে নিন।’

হাত বাড়িয়ে কাপড় নিতে বললাম, ‘থ্যাঙ্ক ইউ। কী নাম আপনার?’

‘সুমনা। সানজিদা হক সুমনা।’

উজ্জ্বল হাসি ছড়িয়ে সুমনা ঘরের বাইরে পা বাড়াল। কিছুক্ষণ পর আমার জন্য শরবত ও নাশতা নিয়ে এলো, বসল সামনের চেয়ারে। হালকা গোলাপি রঙের থ্রি-পিসে তাকে মনে হচ্ছিল যেন টবে সাজানো গোলাপ।

নাশতা খাওয়ার ফাঁকে কথায় কথায় জানলাম সুমনার বাবার কথা। তিনি এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি। জীবনের সব সঞ্চয় ঢেলে এলাকার স্কুল-মাদরাসা-মসজিদ নির্মাণ করেছেন। তিনি চান ইহকাল ও পরকালের শিক্ষায় অন্তত তার এলাকায় প্রতিটি মানুষ শিক্ষিত হবে। সবাই এ জনমেও সুন্দরভাবে কাটাবে, পরজনমের জন্যও কিছু করে যাবে।

তখনই পায়ের আওয়াজ পাওয়া গেল। সচকিত হয়ে সুমনা বলল, ‘বাবা আসছেন।’ কেমন স্নেহমাখা দৃষ্টিতে তাকালেন সুমনার বাবা।

‘সুন্দর! আপনাদের সবাইকে বেশ ভালো লেগেছে।’ আমি মৃদু হেসে বললাম।

‘বাবা, তুমি কী কর?’

‘আমি মাত্র মাস্টার্স শেষ করলাম। এখনো কোনো কিছুতে জয়েন করিনি। চেষ্টা করছি।’

‘ভালো। কিন্তু সমস্যা কী জানো, চারদিকে এত সব মানুষ এত প্রতিযোগিতা যে নামকাওয়াস্তে চেষ্টা করে কিছু করা কঠিন।

এজন্য অনেকেই অধৈর্য হয়ে শর্টকাট রাস্তায় টাকা কামানোর ধান্দায় নামে।’

‘পরিস্থিতি বাধ্য করলে তো কিছু করার থাকে না, চাচা। এ পরিস্থিতি আমাদেরই অন্ধ দলবাজি, অনৈক্য, অদূরদর্শিতা, অসমঝোতা ও খামখেয়ালির ফসল। এ ধারা না বদলালে দেশ গোল্লায় যাবে। অবৈধ সবকিছুই অশান্তির কারণ। এটা যদি আমাদের মন্ত্রী-এমপিরা ভাবতেন তাহলে এত অনিশ্চয়তায় দিন কাটাতে হতো না।’

‘মাছের মাথায় এই পচন তোমাদেরকেই ঠেকাতে হবে বাবা। তোমাদের মনোবল আর দেশাত্মবোধই এর প্রকৃত অ্যান্টিবায়োটিক। তোমরা ধৈর্য হারিয়ো না। মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের অনেক পছন্দ করেন।’

‘কিন্তু চাচাজি, কিছু করতে না পারলে আমার প্রিয়জনরাই আমাকে পছন্দ করবে না।’

‘নিজাম ডাকাতের আউলিয়া হওয়ার কাহিনিটা স্মরণ করো। আর শোনো বাবা, আল্লাহ বলেছেন, একজন মানুষকে যে সাহায্য করল সে যেন গোটা মানবজাতিকে সাহায্য করল। আর যে একজন মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল; সুতরাং আমরা যদি হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরকে সাহায্য-সহযোগিতা করি, তাহলে কিন্তু অবৈধ-অন্যায় কিছু ঘটতে পারে না। অথচ আমরা কিন্তু ইবলিশের ইশারায় একে অন্যের বিরুদ্ধে লেগেই আছি।’

সুমনার বাবার কথা শুনে নিজের ওপর কনফিডেন্স আরো বেড়ে গেল। যে দিকেই গিয়েছি দেখেছি শুধু পঙ্গপালের ভিড়। হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সত্যিই তো আল্লাহ যদি ইবলিশকে চ্যালেঞ্জ করে বলতে পারেন, মানুষই আশরাফুল মাখলুকাত—আমরা কেন তা প্রমাণ করতে পারব না? আমাদের ঘাটতি কীসে? সদিচ্ছা থাকলে সবই সম্ভব।

আমাদের আলাপের একপর্যায়ে রাতের খাবার নিয়ে এলো সুমনা। খেয়েদেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। অসুস্থ বোধ করতে লাগলাম। ভীষণ জ্বর এসে ভর করল শরীরে।

কাকে ডাকব? কী লজ্জা! সামান্য বৃষ্টিতে ভিজেই কুপোকাত। এমন নড়বড়ে স্বাস্থ্য হলে জীবনযুদ্ধে লড়ব কীভাবে? সকালে সুমনা আমাকে ডাকতে এসে তো আকাশ থেকে পড়ল। ব্যস্ত হয়ে পড়ল আমাকে নিয়ে। মাথায় পানিপট্টি দিতে লাগল। বিব্রত বোধ করলেও ভালো লাগছিল।

জ্বর কমছিল না দেখে আমাদের বাড়িতে খবর দেওয়া হলো। ছোট ভাইকে নিয়ে মা ছুটে এলেন। তিন দিন যমে-মানুষে লড়াই চলল। প্রায় অচেতন অবস্থায় মনে হচ্ছিল, আমি যেন মরে যাচ্ছি। কে যেন আমাকে মৃত্যুর অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু সুমনা আমার হাত জাপটে টেনে ধরে আছে; কিছুতেই আমাকে যেতে দেবে না মৃত্যুপুরীতে মা আর সুমনা।

সুস্থ হওয়ার পর মাকে নিয়ে বাড়ির পথ ধরলাম। সুমনাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না। আমার মন যার কাছে পড়ে রইল তাকে ছেড়ে কী করে আসি? বিদায় নিতে গিয়ে শুধু বলে এলাম, ‘আবার হবে দেখা, সুমনা।’

সে কিছু বলল না। তার চোখ ছলছল করে উঠল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরীক্ষার কাজে ব্যবহৃত দেশের শেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর টেক্সাসের একটি গবেষণাকেন্দ্রে অবস্থানরত প্রায় ৩৬টি শিম্পাঞ্জিকে লুইজিয়ানার অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে।

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এই শিম্পাঞ্জিগুলি একসময় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হতো। ২০১৫ সালে, সংস্থাটি তাদের মালিকানাধীন সব শিম্পাঞ্জিকে গবেষণার কাজ থেকে অবসরে দিয়ে অভয়ারণ্যে পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে।

তবে, বয়স বেশি ও শারীরিক অসুস্থতার কারণে এতদিন তাদের স্থানান্তর সম্ভব হয়নি। সম্প্রতি, অন্য একটি গবেষণাকেন্দ্রের শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর পর কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নেয়।

প্রাণী অধিকারকর্মীরা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে সরকারি মালিকানাধীন শিম্পাঞ্জি রাখা ও ব্যবহারের অবসান ঘটবে। স্থানান্তর আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন

চট্টগ্রামের পটিয়ায় পাহাড় থেকে অপহৃত কৃষকদের মধ্যে মুক্তিপণ প্রদান করে ১৮ জন ছাড়া পেয়েছেন। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পরে, গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয় এবং তারা বাড়িতে ফিরে আসেন। ফিরে আসা কৃষকদের মধ্যে ১২-১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোমারপাড়া, মাহাদাবাজ ও খরনা কইশ্যাপাড়া এলাকায় অবস্থিত। তাদের মধ্যে আটজন রোহিঙ্গা রয়েছেন। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল মন্নান ও ফরমান উদ্দীন নাসু, জয়নাল আবেদিন, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম, তানভীর, আবদুল গণি, মোহাম্মদ জাফর, মান্নান ও আইয়ুবের নাম জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব দিকের গহিন পাহাড়ে চাষাবাদের কাজে গেলে ৩০ জন কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে মুঠোফোনের মাধ্যমে বিকাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে মুক্তিপণের দাবি করা হয়। একটি পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা পাওয়ার পর প্রথম একজনকে মুক্তি দেওয়া হয়। এভাবে কমবেশি টাকা আদায়ের পর ১৮ জনকে মুক্তি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে হাইদগাঁওয়ের ডোমারপাড়া এলাকায় ফিরে আসা এক ভুক্তভোগী নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে গহিন পাহাড়ে গেলে সন্ত্রাসীরা আমাদের হাত বেঁধে রাঙ্গুনিয়ার পাহাড়ে নিয়ে যায়। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় কয়েকজনকে লাঠিপেটা ও বেদম মারধর করা হয়। টাকা পাওয়ার পর বোয়ালখালীর পাহাড়ের পটিয়াসংলগ্ন এলাকায় আমাদের ছেড়ে দেওয়া হয়। পরে অটোরিকশায় করে বাড়ি ফিরি।’

আরেক ভুক্তভোগী জানান, পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন না করা হলে শান্তি ফিরবে না। দুই মাস আগে এক কৃষকের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছিল। ঘটনাটি প্রকাশ হলে আবার বিপদে পড়ার ভয়ে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকার কেউ আর গহিন পাহাড়ে যাচ্ছেন না। প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে কেবল এ ধরনের ঘটনা বন্ধ হতে পারে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ করেছে, যার ফলে কৃষকরা ফিরে এসেছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অপহৃত সবাই মুক্তি পেয়েছেন। যেসব বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠানো হয়েছে, সেগুলোর সূত্র ধরে পুলিশের একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%