মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৮ পি.এম
মার্কিন প্রশাসন ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্ভাব্য হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন, যখন মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য প্রকাশিত হয় যে, দেশটির শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা রয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের নরেন্দ্র মোদি এবং জাপানের সানায়ে তাকাইচি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।
এ সময় তিনি ইরানকে কঠোর সতর্কতা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সৃষ্টি করলে তেহরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে।
ট্রাম্প বলেন, ‘তারা এমন মূল্য দেবে, যা এর আগে বিশ্বের কোনো দেশকে দিতে হয়নি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ, তারা আসলে পাগল।’
সোমবার (১৬ নভেম্বর) বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে ট্রাম্প ও তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করতে পারে। এ বিষয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম জানায়, জ্যেষ্ঠ ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান সিআইএ পরিচালক জন র্যাটক্লিফকে এ বিষয়ে গোয়েন্দা তথ্য দিয়েছেন। পরে যুক্তরাষ্ট্রের অনুরোধে আরেকটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা এসব তথ্যের সত্যতা যাচাই করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে এবং এ সংক্রান্ত গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক।
বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তারে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়।
সংবিধানের বিধান অনুসারে, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন শিগগিরই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
এর আগে, আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে অবগত করেন। স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্ব-স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
স্পিকার আরও বলেন, পদত্যাগপত্রটি তিনি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে গ্রহণ করেছেন এবং এটি বিধিসম্মত হওয়ায় গ্রহণ করা হয়েছে।
আসনটি শূন্য হওয়ার বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী এই মহান সংসদকে অবহিত করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ