মোঃ তোফাজ্জল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি
০২:২৯ পি.এম
নওগাঁর পোরশা থানা সেপ্টেম্বর ২০২৬ মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সাফল্য কোনো একক ব্যক্তি বা কর্মকর্তার নয়; বরং টিম পোরশা থানার সব কর্মকর্তা ও ফোর্স সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদকবিরোধী অভিযান পরিচালনা, গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে।এ অর্জনের পেছনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে পোরশা থানা পুলিশ। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করায় পোরশা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্য, সচেতনতা ও সহযোগিতা পুলিশের অভিযানকে আরও কার্যকর করতে সহায়তা করছে বলে মনে করছে থানা পুলিশ।সংশ্লিষ্টদের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।পোরশা থানা পুলিশের এ অর্জনকে মাদকবিরোধী কার্যক্রমের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, পুলিশের ধারাবাহিক উদ্যোগ ও জনগণের সক্রিয় সহযোগিতায় পোরশা উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-র (ICC) ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার ইতিহাসে একটি নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করেছে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ঘোষণায় জানান, ওয়াশিংটন এখন সরাসরি এই আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এর আগে ট্রাম্প প্রশাসন আদালতটির কিছু কর্মকর্তা বা সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু এবার পুরো ট্রাম্প প্রশাসন ও আদালতটির সত্তাটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণ এই তথাকথিত 'ফেক আইসিসি'-র বিচারিক এখতিয়ারের আওতাভুক্ত নয়। তিনি আরও বলেন, আইসিসি তাদের হুমকি বন্ধ করবে, নতুবা যুক্তরাষ্ট্রই আইসিসির কার্যক্রম বন্ধ করে দেবে।
যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ডের তদন্ত এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ নয়। তবে আইসিসি বিচার করে আসছে যে, তাদের সদস্য দেশগুলোর ভূখণ্ডে মার্কিন বা ইসরায়েলি নাগরিকদের অপরাধ সংঘটিত হলে বিচারিক এখতিয়ার প্রয়োগ করা সম্ভব।
আন্তর্জাতিক অপরাধ আদালত এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে আইসিসি সদস্য রাষ্ট্রগুলোকে আদালতের পাশে দাঁড়ানোর এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আইসিসির উপ-প্রসিকিউটর নাজাত শামীম খান রয়টার্সকে জানান, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের শাসনকে দুর্বল করার এবং একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কাজকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মাত্র। তবে তাদের তদন্ত ও বিচারিক কার্যক্রম সব পরিস্থিতিতেই অব্যাহত থাকবে।
আইসিসি এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, প্রায় ৯০০ কর্মী নিয়ে গঠিত এই সম্পূর্ণ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, আইনি প্রক্রিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর আগে দক্ষিণ আফ্রিকান আইনবিদ ও সাবেক আইসিসি বিচারক নাভি পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বড় ঘোষণাটি এলো। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, বিগত সময়ে মসজিদগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি উল্লেখ করেন, "মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।"
প্রতিমন্ত্রী আরও বলেন, "আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।"
তিনি বলেন, "প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।"
প্রতিমন্ত্রী আরও বলেন, "আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যাঁরা কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তাদের দিয়ে মাহফিল আয়োজন করলে আমরা স্বাগত জানাব। সেই মাহফিলে আমরা প্রধান অতিথি থাকব। মাহফিল সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন এবং বাজারজাতকরণকে সহজতর করার উদ্দেশ্যে বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড আঞ্চলিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম’ (উইকেয়ার) ফেস-১-এর আওতায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এই প্রকল্পের অধীনে জেলায় মোট ৭টি বাজার, প্রায় ৯২.৭৭ কিলোমিটার সড়ক এবং প্রয়োজনীয় সেতু-কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে জীবননগর উপজেলার ‘সিডব্লিউ-১০’ প্যাকেজের আওতায় সাড়ে ১৬ কিলোমিটার সড়ক, ১টি সেতু, ৩৪টি কালভার্ট এবং ১টি গ্রোথ সেন্টার মার্কেটের আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।
প্রকল্পের আওতায় উথলী আরঅ্যান্ডএইচ মোল্লাবাড়ী-আন্দুলবাড়ীয়া জিসি সড়কের ৬.৭৭ কিলোমিটার এবং বাঁকা আরঅ্যান্ডএইচ আন্দুলবাড়ীয়া জিসি সড়কের ৯.৭ কিলোমিটার সড়ক দৃশ্যমান রূপ পেয়েছে। পূর্বে যেখানে সড়কগুলো মাত্র ১০ ফুট প্রশস্ত ছিল, সেখানে তা ১৮ ফুট প্রশস্ত সড়কে উন্নীত করা হয়েছে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে রোড মার্কিং এবং আধুনিক আইল্যান্ড সংযোগ করা হয়েছে, যা যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করছে।
এদিকে, আন্দুলবাড়ীয়া গ্রোথ সেন্টার মার্কেটটিকে সম্পূর্ণ আধুনিক ও পরিবেশবান্ধবভাবে গড়ে তোলা হয়েছে। এখানে স্লটার হাউস (কসাইখানা), বর্জ্য ব্যবস্থার জন্য কম্পোস্ট প্ল্যান্ট, নারী ও পুরুষদের জন্য পৃথক টয়লেট, অফিস ভবন, পরিকল্পিত ড্রেনেজ এবং সোলার লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে। বর্জ্য থেকে সার তৈরি, রাতের নিরাপত্তা এবং জলাবদ্ধতা দূরীকরণে এটি বিশেষ ভূমিকা পালন করছে।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী জীবননগর উপজেলায় প্রায় ১.৯৮ লাখ মানুষের বসবাস, যেখানে কৃষক পরিবার রয়েছে ৩৫ হাজারের বেশি। এই এলাকা ড্রাগন, পেয়ারা, মাল্টাসহ বিভিন্ন উচ্চমূল্যের ফলের বাণিজ্যিক চাষের জন্য সুপরিচিত। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক বাজার কাঠামোর ফলে এসব কৃষিপণ্য ও মাছ দ্রুত আড়তে পৌঁছাতে পারছে, ফলে পরিবহন সময় ও খরচ কমার পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি কমেছে।
চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহীদুজ্জামান জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নির্মাণকাজের সময় স্থানীয় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ হয়েছে এবং আধুনিক বাজারকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে। অবকাঠামোর গুণগত মান নিয়ে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
তিনি আরও বলেন, এই সিডব্লিউ-১০ প্যাকেজটি একটি সমন্বিত রূপান্তর এনেছে। যোগাযোগ ও অবকাঠামোর এই সুফল পর্যায়ক্রমে আলমডাঙ্গা, দামুড়হুদা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলাতেও বিস্তৃত হয়ে পুরো জেলার আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনার অংশ হিসেবে, মস্কো পূর্বঘোষিত সময়ের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রুশ বার্তা সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, রাশিয়া বৈশ্বিক বাজারে ডিজেল জ্বালানির একটি প্রধান সরবরাহকারী হিসেবে তাৎক্ষণিকভাবে ডিজেল রপ্তানির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।
এটি বৈশ্বিক জ্বালানি বাজারে ডিজেলের সরবরাহ কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ