০৫:৫৪ পি.এম
চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরে নতুন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনটির নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।
এ সময় প্রদর্শনীতে বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে অবস্থিত ছিল। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে বিভিন্ন সেবা নিতে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো, যা নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি করত।
তিনি বলেন, নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রতি মাসে ভবনটি থেকে প্রায় ৫ কোটি টাকা আয় হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা, সেবা সহজীকরণ ও আন্তর্জাতিক কমপ্ল্যায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ বিজয়ীকে পুরস্কার দিলেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন
অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছে। পূর্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেবা গ্রহীতাকে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবা প্রার্থীদের ভোগান্তিও কমবে।
এছাড়া ভবনের নিচতলায় রিসেপশন ও প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে।
ভবনের তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি তিনটি তলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।
নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন চালুর মাধ্যমে বন্দরের বিভিন্ন সেবা এক ছাদের নিচে আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন