০৮:২৭ পি.এম
পাবনা, ২৫ নভেম্বর ২০২৬ : সদর উপজেলার আওতাধীন এলাকায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এই ঘটনায় ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে।
আজ বুধবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে পরিচালিত অভিযানের সময় এই সার জব্দ করা হয় এবং জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাফিজ।
আরও পড়ুন: নাটোরের লালপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৩ জন আটক
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, যেখানে অবৈধভাবে মজুতকৃত ৪৬৬ বস্তা সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের মধ্যে ১২ বস্তা ইউরিয়া সার, ৩৮৯ বস্তা ডিএপি এবং ৬৫ বস্তা এমওপি রয়েছে।
এই ঘটনায় মল্লিক ট্রেডার্সের স্বত্তাধিকারী বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, মোল্লা ট্রেডার্সের স্বত্তাধিকারী হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা এবং আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে, জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাজেকে সড়ক অবরোধ খোলার দাবি স্থানীয়দের, প্রশাসনের প্রতি আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন