ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

খুবির দুই অধ্যাপক ড. নাসিফ আহসান ও ড. মোরসালিন বিল্লাহ পাচ্ছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা


খুবির দুই অধ্যাপক ড. নাসিফ আহসান ও ড. মোরসালিন বিল্লাহ পাচ্ছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই অধ্যাপক ‘গুণী শিক্ষক’ সম্মাননা লাভ করছেন। এই দুই অধ্যাপক হলেন অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোরসালিন বিল্লাহ।

আগামীকাল (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এক অনুষ্ঠানে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষক এবার এই সম্মাননা পাচ্ছেন। এই শিক্ষকদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষকদেরও নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: জবি ছাত্রদলের দাবি, সমাবর্তন ফি শিক্ষার্থীবান্ধব হতে হবে

অধ্যাপক ড. মো. নাসিফ আহসান প্রায় দুই দশক ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে অনার্স শেষ করার পর ২০০৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করছেন অধ্যাপক নাসিফ আহসান। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর উপকূলের মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখার পর তার গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

তিনি নেদারল্যান্ডসের ওয়াখেনিনগেন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের জাতীয় নীতি গবেষণা ইনস্টিটিউট থেকে পিএইচডি সম্পন্ন করেন। গবেষণার কাজে টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

অধ্যাপক নাসিফ আহসানের গবেষণার অন্যতম ক্ষেত্র দুর্যোগপ্রবণ উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা। কম খরচে আগাম সতর্কীকরণ প্রযুক্তি তৈরি করে উপকূলের মানুষের কাছে স্থানীয় ভাষা বা উপভাষায় দুর্যোগের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি কাজ করছেন।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি, ২০ লাখ বই সংশোধন হচ্ছে

অন্যদিকে, অধ্যাপক ড. মোরসালিন বিল্লাহ জীবপ্রযুক্তি, জীবরসায়ন ও অণুজীববিজ্ঞানভিত্তিক গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে জীবরসায়ন ও অণুজীববিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন।

অধ্যাপক মোরসালিন বিল্লার শিক্ষাজীবন ও গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি লিডস বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফেলো, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং গবেষক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ফেলো হিসেবে কাজ করেছেন।

এছাড়া, যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং একাডেমিক ও কমনওয়েলথ রাদারফোর্ড ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার গবেষণার মধ্যে রয়েছে ধানশিল্পের তরল বর্জ্যকে পরিবেশবান্ধব বায়োপ্লাস্টিকে রূপান্তর, খাদ্য সংরক্ষণের জন্য জীবাণুরোধী প্যাকেজিং তৈরি এবং বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সার্স-কোভ-২-এর ঝুঁকি ও রোগের মৃত্যুহার নিয়ে গবেষণা।

আরও পড়ুন: বিসিএস গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশে সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


আদালতের নির্দেশে সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ প্রদান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান। আবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রাশেদুল কাওসারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের সময় তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এই কারণে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার

রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে শারমিন সুলতানা সর্মি লালবাগের শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। খবরের সত্যতা যাচাই করার পর লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি পূর্বে একাধিক দায়িত্বপূর্ণ রাজনৈতিক পদে ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এই সহযোগিতার আবেদন জানান।

এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে, হুমায়ুন কবির বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইডেনের অব্যাহত সহায়তা প্রত্যাশা করেন।

তিনি একই সাথে সংকটটিকে আন্তর্জাতিক এজেন্ডায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার প্রশংসা করেন সুইডিশ রাষ্ট্রদূত।

তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে হুমায়ুন কবির সুইডেনকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক জোরদারে সুইডেনের সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি।

আলোচনায় দুই দেশের উন্নয়ন সহায়তা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে।

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান।

দুই নেতা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ভবিষ্যতের বাণিজ্য সুবিধা নিয়েও মতামত বিনিময় করেন।

গত মাসে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যা অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ও সুইডেন।

এতে সহযোগিতার জন্য সুইডেনের সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

বৈঠকে উভয় পক্ষ অভিবাসন ইস্যুতে দক্ষ জনশক্তি তৈরি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়িয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।

নিকোলাস উইকস দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সুইডেনের প্রস্তুতির কথাও জানান।

তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগগুলোরও প্রশংসা করেন।

উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা করেন এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আর্থিক ও লজিস্টিক সহায়তা পূর্বের মতো উচ্চ মাত্রায় বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) -এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বাংলাদেশে বাড়তি চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, "বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি অনেকটা জটিল।"

আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের দল কক্সবাজার ও বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে প্রায় দুই শতাধিক ভিকটিম ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। সংগৃহীত এসব তথ্য-প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং অন্যান্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আইআইএমএম কেবল ২০১৭ সালের ঘটনার মধ্যেই তদন্ত সীমাবদ্ধ রাখছে না, বরং সাম্প্রতিক সময়ে বেসামরিক জনগণের ওপর নেমে আসা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও গুরুত্বের সাথে নথিভুক্ত করছে।

বৈঠকে বিজিবি মহাপরিচালক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গৃহীত পদক্ষেপ এবং সীমান্ত পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।

আইআইএমএম টিম সাম্প্রতিক সময়ে সীমান্ত পেরিয়ে আসা ভিকটিমদের তথ্য সংগ্রহে মাঠপর্যায়ের বিজিবি কমান্ডারদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির পক্ষ থেকে ইতিবাচক সম্মতি প্রকাশ করা হয়।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি করবে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে কার্যকরী ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%