সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২৩ পি.এম
মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকে বাংলাদেশ বিমানবাহিনী প্রতিবছর ২৮ সেপ্টেম্বর ‘বিমানবাহিনী দিবস’ উদযাপন করে আসছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীরত্বগাথা ধারণ করে, প্রতিবছরের মতো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন করছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।
এ প্রসঙ্গে, আজ ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর সি-১৩০ হ্যাঙ্গারে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছরের গৌরবোজ্জ্বল পথচলা ও অর্জন নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা এলাকায় কর্মরত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) ও বেসামরিক সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি এ সময় দেশের আকাশসীমা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় বিমানবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারি, কঠোর শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দিনে বিমানবাহিনীর সব ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমানবাহিনী কন্টিনজেন্টসমূহে বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও অর্জন নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন মেসসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় ৫০ বছর বয়সী নারী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদানীনগর ১০ তলা ভবন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই অবস্থায় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার ফলে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত নারীর পরনে ছিল কালো রঙের বোরকা। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্ত করার প্রচেষ্টা চলছে পুলিশ দ্বারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভা প্রদান করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-তে সংশোধন করার জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পরিবর্তন করে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।
যদি ১৫তম দিবসে সরকারি ছুটি থাকে, তাহলে দাখিলপত্র পরবর্তী কার্যদিবসে পেশ করতে হবে।
কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মন্ত্রিসভা বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার রুলিয়া বেগম শিবপুর (এসকে বাদাল) গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ রুলিয়া বেগমকে গ্রেফতার করে ডিবির পরিদর্শক মোঃ মোমিনুল হাসান ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জ সদর উপজেলার রাজানগর এলাকায় সিরাজুল ইসলাম মিরপুরির পরিচালিত একটি কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদিকুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত সাদিকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে শিক্ষক সাদিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে এজাহারে।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
মামলার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) অভিযুক্ত সাদিকুল ইসলামকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, অভিযোগ ওঠার পর মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক সাদিকুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ