ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে


সরকার প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে

সরকার প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার জন্য ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, লন্ডন, আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে যদি কোনো প্রবাসী বাংলাদেশি মারা যান, তবে মরদেহ দেশে আনতে সরকার ৫০ শতাংশ খরচ বহন করবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ হিসেবে দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্স বাতিলেরও সম্ভাবনা রয়েছে, মন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুন: মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে বসে থাকব না: ইশরাক হোসেন

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রবাসীদের চিকিৎসার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে সেবা দেওয়ার জন্য সরকার সচেষ্ট রয়েছে।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি সিলেটের পর্যটন স্পট নিয়ে কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন। প্রবাসীদের আইনি সহায়তায় ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাশহুরের কনসার্টে সুফি ও কাওয়ালির সুরে মুগ্ধতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


মাশহুরের কনসার্টে সুফি ও কাওয়ালির সুরে মুগ্ধতা

রাজধানীর খোলা আকাশের নিচে সুফি ও কাওয়ালি গানের সুরে এক মুগ্ধকর পরিবেশ তৈরি করেছে ‘মাশহুর – দ্য সুফিয়ানা ব্যান্ড’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটায় অবস্থিত অন্তরা প্র্যাকটিস প্যাডের ছাদে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীত আয়োজন ‘অন্তরা প্রেজেন্টস : বিয়ন্ড দ্য স্টেজ’। এই ব্যক্তিগত কনসার্টে নির্বাচিত অতিথিদের নিয়ে ব্যান্ডটি রাত ১২টা পর্যন্ত সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মাশহুর – দ্য সুফিয়ানা ব্যান্ডের পরিবেশনা। আট সদস্যের দলের নেতৃত্বে প্রধান কণ্ঠশিল্পী সারোয়ার একে একে পরিবেশন করেন জনপ্রিয় সুফি ও হিন্দি কাওয়ালি গান। এছাড়া, উপস্থিত সংগীতপ্রেমীরা তাৎক্ষণিকভাবে বেছে নেওয়া বিভিন্ন গানেও মুগ্ধ হন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সেলিম নিলয়ের পরিকল্পনা ও আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুরো আয়োজন। তিনি অন্তরা প্র্যাকটিস প্যাড, ট্রেন্ড বিয়ন্ড বিডি ও আলটিমেট লাইফস্টাইলের স্বত্বাধিকারী হিসেবে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও পালন করেন।

ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটায় অবস্থিত অন্তরা প্র্যাকটিস প্যাড একটি প্রিমিয়াম ও সিগনেচার মিউজিক স্টুডিও হিসেবে পরিচিত। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।

সংগীতের পাশাপাশি অতিথিদের আপ্যায়নেও ছিল বিশেষ আয়োজন। শীতের ঐতিহ্যবাহী ভাপা ও চিতই পিঠা, ফুচকা, বিশেষ ঝালমুড়ি ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের চা ও কফির স্টল ছিল। অতিথিরা সংগীতের আবহের সঙ্গে খাবারের এই আয়োজনও উপভোগ করেন।

যারা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য অন্তরা প্র্যাকটিস প্যাডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আয়োজনের নির্বাচিত অংশ সরাসরি সম্প্রচার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

রাশিয়ার এই আকস্মিক কূটনৈতিক অবস্থান পরিবর্তন ভারতের জন্য একটি গুরুতর সংকট সৃষ্টি করেছে। পুরোনো বন্ধু হিসেবে পরিচিত ভারতকে দূরে ঠেলে, মস্কো এখন ইসলামাবাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রুশ প্রশাসন এখানেই থেমে নেই; পাকিস্তানের প্রতিরক্ষা খাতে স্যাটেলাইট প্রযুক্তি সহায়তা দেওয়ার বিষয়টি খোলাখুলি ঘোষণা করেছে ক্রেমলিন। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিজ্ঞ কূটনীতিকদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

চলতি বছরের ২৫ নভেম্বর, রুশ-পাক সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মস্কোর সংবাদ সংস্থা ‘তাস’। তাদের দাবি, আগামী দিনে ইসলামাবাদের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবীর রিমোট সেন্সিং, মহাকাশচারীর অন্তরীক্ষে যাত্রা এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করবে ক্রেমলিন।

রাশিয়া ও পাকিস্তানের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতি এবং রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ ইতোমধ্যে এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তার বক্তব্য অনুযায়ী, মহাকাশ খাতে রাশিয়া একটি প্রধান শক্তি এবং মহাকাশ গবেষণায় তাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এ খাতে পাকিস্তানের সঙ্গে কাজ বাড়াতে মস্কোর কোনো আপত্তি নেই।

সম্প্রতি, মস্কোয় অনুষ্ঠিত রুশ-পাকিস্তান আন্তঃসরকারি কমিশনের একাদশতম বৈঠকে সের্গেই সিভিলিওভ উপস্থিত ছিলেন। সেখানে পাকিস্তানের একাধিক পদস্থ আধিকারিক ও মন্ত্রীরা যোগ দেন। দু পক্ষের আলোচনা শেষে ইসলামাবাদের সঙ্গে মহাকাশভিত্তিক সহযোগিতার বিষয়টি ঘোষণা করেন পুতিনের মন্ত্রী। তবে, এই বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

কৃত্রিম উপগ্রহের সংখ্যা অনুযায়ী বর্তমানে রাশিয়া বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। পৃথিবীর কক্ষপথে তাদের পাঠানো উপগ্রহের সংখ্যা ৩৭২। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএসের মতো মস্কোর রয়েছে নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা, যার নাম ‘গ্লোনাস’। পাশাপাশি, ‘গুপ্তচর’ সামরিক উপগ্রহও ব্যবহার করে থাকে ক্রেমলিন। শত্রুর উপর নজরদারিতে এগুলি সিদ্ধহস্ত।

সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান রাশিয়ার থেকে তিন ধরনের উপগ্রহভিত্তিক সহযোগিতা পেতে পারে। প্রথমেই ‘গ্লোনাস’-এর কথা উল্লেখ করতে হবে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে দিকনির্ণয়ে সাহায্য করে মস্কোর এই ব্যবস্থা। এটি হাতে পেলে ভারতের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করতে ইসলামাবাদের যে সুবিধা হবে, তা বলাই বাহুল্য।

দ্বিতীয়ত, বর্তমানে চীনের সাহায্যে একের পর এক উপগ্রহ অন্তরীক্ষে পাঠাচ্ছে পাকিস্তান। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সেগুলির নাম ‘আর্থ অবজারভেটরি স্যাটেলাইট’ অর্থাৎ নজরদারি উপগ্রহ। সাবেক সেনাকর্তাদের আশঙ্কা, রাশিয়ার থেকে প্রযুক্তিগত সহযোগিতা পেলে আগামী দিনে অত্যাধুনিক উপগ্রহ বানাতে পারে ইসলামাবাদ। তখন সহজেই দিল্লির ‘হাঁড়ির খবর’ হস্তগত হবে তাদের।

এ ছাড়া, সরাসরি ‘গুপ্তচর’ উপগ্রহের পাঠানো তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করতে পারে রাশিয়া। এটাও ভারতের জন্য বেশ উদ্বেগের। বর্তমানে এ দেশের উপর উপগ্রহভিত্তিক নজরদারি চালিয়ে থাকে চীন। বহু বার সেই তথ্য ইসলামাবাদকে সরবরাহ করতে দেখা গিয়েছে তাদের। উদাহরণ হিসেবে গত বছরের (২০২৫ সাল) ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচিতে ভবন ধসে নিহত ৬, ১৩ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


করাচিতে ভবন ধসে নিহত ৬, ১৩ জন নিখোঁজ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচিতে একটি ছয়তলা ভবন ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া, ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই; তবে উদ্ধারকারীরা ভারি যন্ত্রপাতি ব্যবহার করতে চাইছেন না, কারণ এতে মৃতদেহের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপের মধ্যে ছোট ছোট ফাঁক তৈরি করেছেন, যাতে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারি যন্ত্রপাতি ব্যবহারের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ভবনের কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি রয়েছে; তাই হাতে তল্লাশি চালানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ধ্বংসস্তূপ থেকে তিনটি লাশ উদ্ধার করেছে এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। করাচির বালোচ কলোনি এলাকায় ধসে পড়া ভবনটির স্থানে এএফপির সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান।

পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এই এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে আছে। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন। উদ্ধারকর্মীরা ইট ও ধ্বংসাবশেষ সরিয়ে কংক্রিটের স্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কাছাকাছি স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে অনেক মানুষ তাদের ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।

২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানে ভবন ধসের ঘটনা বিরল নয়। প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহার।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচি দুই কোটিরও বেশি মানুষের একটি বিশাল মহানগরী। করাচি, দুই কোটিরও বেশি মানুষের এক বিশাল মহানগরী; পাকিস্তানের অন্যান্য শহরের মতো করাচিও নিম্নমানের নির্মাণকাজ, অননুমোদিতভাবে ভবনের সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণ বিধিমালা কঠোরভাবে কার্যকর না করার মতো নানা সমস্যায় জর্জরিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মহানগরীতে গ্যাস বিস্ফোরণের ফলে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া, গত বছরের জুলাই মাসে করাচির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন প্রাণ হারায়।

সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


বাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের উদ্দেশ্যে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বাউ সলিডারিটি সোসাইটির সমন্বয়ে রিসার্চ ইন্ট্রিগেটেড থট (আরআইটি) এই সামিটের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামিটে চারটি সেশনে শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রথম সেশনে গবেষণার বুনিয়াদি বিষয় নিয়ে আলোচনা করেন বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড এ কে এম নাজমুল হাসান নাজির। দ্বিতীয় সেশনে তথ্য যাচাইকরণ, গবেষণা লেখা ও প্রকাশনা নিয়ে আলোচনা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিনের বায়োস্ট্যাটিসটিক বিভাগের প্রধান মো. মেছবাউর রহমান। এরপর আধুনিক গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আলোচনা করেন সুইডেনের আর্থ সিস্টেম গভর্নেন্সের গবেষক জান্নাতুল ফেরদৌস। সবশেষে বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসের গবেষক ড. মো. আবুল হাসান। এসময় সংগঠনের উপদেষ্টা ও বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউ সলিডারিটি সোসাইটির সভাপতি জানান, "আমরা আনন্দিত যে, আমাদের ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন একটি সামিট আয়োজন করতে পেরেছি। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। তাদের আগ্রহ ও অংশগ্রহণই আমাদের এই উদ্যোগকে সফল করেছে। আজকের এই আয়োজন এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সমৃদ্ধভাবে এমন আয়োজন করার চেষ্টা আমরা অব্যাহত রাখব।"

সামিটের বিষয়ে বাউ সলিডারিটি সোসাইটির সেক্রেটারি ছাব্বির হোসেন রিজন বলেন, "বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সচেতন, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করছে। এজন্য নিয়মিত বই পড়া, গাছ উপহার দেযা, পাঠচক্র আয়োজনের মতো কাজগুলো নিয়মিত করা হয়। স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা, এআই টুলস এবং উচ্চতর শিক্ষা সম্পর্কে ধারনা দেয়ার জন্য আজকের সামিট আয়োজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট রাখতে পারে বলে আশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%