সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১১ পি.এম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : রবিবার পর্তুগালের পোর্তো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান, যখন বিমানের কেবিনে ধোঁয়া শনাক্ত হয়।
দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় চার যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের দিকে যাচ্ছিল। বিমানে মোট ২৯৬ জন যাত্রী ছিলেন। মাঝপথে কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর বিমানটি তার গতিপথ পরিবর্তন করে পর্তুগালের পোর্তো বিমানবন্দরে অবতরণ করে।
বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, বিমানটি নিরাপদে অবতরণ করার পর ১৪ জন যাত্রীর সহায়তার প্রয়োজন হয়। তাদের মধ্যে চারজনকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অবস্থা গুরুতর নয় এবং তারা ‘সামান্য’ আক্রান্ত হয়েছেন।
ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক সময় হৃত্বিক রোশনের বাবার জন্য ঘরভাড়া দেওয়া সম্ভব ছিল না। সেই অর্থনৈতিক সমস্যার দিনগুলো পেরিয়ে বর্তমানে তিনি ভারতের ধনী অভিনেতাদের মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছেন। Hurun India Rich List 2026 অনুযায়ী, হৃত্বিকের মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। তার সম্পদের হিসাবের মধ্যে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন উদ্যোগ ও HRX ব্র্যান্ডের আয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
১৯৯৭ সালে ‘কয়লা’ সিনেমার পর হৃত্বিকের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা রাকেশ রোশন। পুরনো একটি সাক্ষাৎকারে হৃত্বিক জানিয়েছেন, সিনেমাটির পর তার বাবা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই সময় তিনি বাবাকে কাঁদতে দেখেছিলেন।
২০০৬ সালে সিমি গারেওয়ালের অনুষ্ঠানে হৃত্বিক তার শৈশবের সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, এক পর্যায়ে পরিবারের জন্য বাড়িভাড়া দেওয়ার মতো অর্থও ছিল না। পরিস্থিতির কারণে তার মা পিঙ্কি রোশন হৃত্বিক ও তার বোনকে নানাবাড়িতে নিয়ে যান। রাকেশ তখন তার মায়ের সঙ্গে থাকতেন।
পরবর্তীতে পরিবার একটি নতুন বাড়িতে ওঠে। হৃত্বিকের মতে, শুরুতে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্রও ছিল না। দেয়াল ও মেঝে ছাড়া বাড়িতে তেমন কিছুই ছিল না। পরিবারের সদস্যরা মেঝের চাটাইয়ে ঘুমাতেন। সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র যোগ করা হয়।
এরপর রাকেশ তার ছেলেকে নায়ক হিসেবে বলিউডে আনার সিদ্ধান্ত নেন। ২০০০ সালে মুক্তি পায় হৃত্বিকের প্রথম সিনেমা ‘কাহো না... পেয়ার হ্যায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন আমিশা প্যাটেল। সিনেমাটি বড় সাফল্য পেলে রাতারাতি হৃত্বিকের পরিচিতি বৃদ্ধি পায়।
ছেলের অভিষেকের জন্য রাকেশও বড় ঝুঁকি গ্রহণ করেছিলেন। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে সিনেমাটি শেষ করতে তিনি বাড়ি ও গাড়ি বন্ধক রেখেছিলেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। সিনেমাটি সফল না হলে তাকে আরো বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে হতো বলেও তিনি উল্লেখ করেছেন।
‘কাহো না... পেয়ার হ্যায়’-এর সাফল্যের পর হৃত্বিক একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থানকে শক্তিশালী করেন। পাশাপাশি অভিনয়ের বাইরে ব্যবসায়ও যুক্ত হন তিনি। তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড HRX পরবর্তীতে তার ব্যবসায়িক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়ায় আয়োজন করা হয়।
মেসার্স নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জামিনুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএমের রিজিওনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।
এ সময় কোম্পানীর কারিগরি প্রকৌশলী ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ এবং টেরিটরি ম্যানেজার বিলাশ কুমার দাসও উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএসআরএমের বিভিন্ন পণ্য, নিরাপদ ও টেকসই ভবন নির্মাণ, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিএসআরএমের গ্রাহকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নির্মাণশিল্পে মানসম্মত ও নিরাপদ নির্মাণসামগ্রীর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। তারা বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে গ্রাহকদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : চুনারুঘাট সীমান্ত থেকে ভারতীয় গরু ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত গরু ও মদের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
আজ সোমবার বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান।
বিজিবি জানায়, গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ বিজিবির চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ছয় লাখ ত্রিশ হাজার টাকা।
অন্যদিকে, একই সময়ে পৃথক অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মদের বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
বিজিবি আরো জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ প্রধানমন্ত্রীর ফেনী সফরের জন্য আয়োজিত জনসভাস্থল পরিদর্শনে গিয়েছেন। তিনি সকাল সাড়ে ১০টায় সেখানে উপস্থিত হন। পরিদর্শনের সময় তিনি পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা এবং প্রস্তাবিত জনসভাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময়, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর সফরকে সুষ্ঠু, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, "মুহুরী-কহুয়া নদী অববাহিকার মানুষের দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা সমাধানে পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি মানুষের জানমাল ও কৃষিজমি বন্যার ক্ষয়ক্ষতি থেকে অধিকতর সুরক্ষিত হবে।
তিনি বলেন, "পানি শুধু মানুষের জীবন-জীবিকার জন্য অপরিহার্য নয়, একটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।" প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো গেলে কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত প্রস্তুতির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান, পরিবেশগত ভারসাম্য এবং স্থানীয় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে বিবেচনায় নিয়ে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সফর শেষে, প্রতিমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর এই সফর ফেনীর মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" বিশেষ করে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এর ফলে কৃষি উৎপাদন, যোগাযোগব্যবস্থা, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরো স্থিতিশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, "আমরা চাই ফেনীর মানুষকে বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে সুরক্ষা দিতে।" পানিসম্পদ মন্ত্রণালয় এ লক্ষ্যেই প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর সফর এ অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে।
প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিনসহ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ