১০:২৯ এম
উত্তর ইতালির বিভিন্ন শহরে বিশৃঙ্খলা ও তাণ্ডব ছড়িয়ে পড়ার পর ইতালির সরকার দাঙ্গা ও সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ইতালি সরকার নতুন নিরাপত্তাব্যবস্থা অনুমোদন করেছে, যার আওতায় বিক্ষোভে সহিংস অংশগ্রহণকে নতুন অপরাধ হিসেবে গণ্য করা হবে। দাঙ্গাকারীদের শাস্তি বাড়ানোর পাশাপাশি নাবালকরা যদি ভাঙচুর ও লুটপাটে জড়িত হয়, তবে তাদের বাবা-মাকে আর্থিক দায়ভার বহন করতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অধ্যাদেশ উন্মোচন করার সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, "ভাঙচুর ও চুরি কোনো প্রতিবাদ হতে পারে না, এগুলো স্রেফ অপরাধমূলক কাজ।"
অবিলম্বে কার্যকর হওয়া এই নিরাপত্তা প্যাকেজের আওতায়, অন্তত পাঁচজনের কোনো দলে অংশ নিয়ে জননিরাপত্তা বিপন্ন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মুখ ঢেকে অপরাধ করা বা কেউ আহত হলে শাস্তির মাত্রা আরো বাড়বে। বিপদের আশঙ্কা থাকলে ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের আগাম আটক করা যাবে এবং নাবালকদের করা যেকোনো ক্ষয়ক্ষতির আর্থিক জরিমানা সরাসরি তাদের বাবা-মাকে পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’
সম্প্রতি উত্তর ইতালির প্রধান অর্থনৈতিক কেন্দ্র মিলানসহ একাধিক শহরে একদল তরুণ তাণ্ডব চালিয়েছে। তারা দোকানপাটের কাচ ভেঙে লুটপাট করেছে এবং পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন অশান্তির আশঙ্কায় মিলানে ২০২৬ সালের শেষ পর্যন্ত পুলিশের পাশাপাশি ৫০০ সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উত্তর ইতালির সহিংসতার পাশাপাশি দেশটির দক্ষিণ অঞ্চলেও চাপ বাড়ছে। জ্বালানি তেলের (ডিজেল) আকাশছোঁয়া দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ট্রাকচালকরা সড়ক অবরোধ সৃষ্টি করায় ইতালিজুড়ে সরবরাহব্যবস্থা থমকে গেছে। এর প্রভাবে বেশ কিছু পাস্তা কারখানা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে এবং ফল ও সবজি পচে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
২০২৭ সালের আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই অর্থনৈতিক অসন্তোষ ও সহিংসতা মেলোনি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন