বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০১:৫৯ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, কারিগরি সমীক্ষা সম্পন্ন হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। তিনি উল্লেখ করেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।"
এই মন্তব্য তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে করেন।
মন্ত্রী আরও বলেন, "গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি এখনো রয়ে গেছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।"
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।"
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের বিষয়েও মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, "বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে।"
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ের বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের’ আওতায় এ প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাল্যবিবাহ কে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে কিশোরীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, আত্মনির্ভরশীলতা এবং ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতন করা হয়। শিক্ষার্থীরা ২০০ টাকা সঞ্চয় করলে সরকার অতিরিক্ত ৪০০ টাকা প্রণোদনা দেবে।
কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিনারুল ইসলাম ও দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কিশোরী ও নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে ভবিষ্যতে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা তৈরিতে সহায়তা করবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা নিজে ২০০ টাকা সঞ্চয় করলে সরকার সেখানে আরও ৪০০ টাকা প্রণোদনা হিসেবে যোগ করবে। এতে ছোটবেলা থেকেই কিশোরীদের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি হবে।
ইউএনও আরও বলেন, ‘বাল্যবিবাহ সমাজ ও একজন মেয়ের জীবনের জন্য মারাত্মক অভিশাপ। আমাদের মেয়েরা আজকের সচেতনতামূলক কথাগুলো হৃদয়ে ধারণ করবে, নিজেরা সচেতন হবে এবং আশপাশের সমাজকে বাল্যবিবাহমুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে এটাই প্রত্যাশা।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক প্রশিক্ষণ সামগ্রী ও উপহার তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফজলে রাব্বি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক এবং বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ফজলে রাব্বির বন্ধু মো. তামিম বলেন, ‘গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’
এদিকে, ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।’
ফজলে রাব্বির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুদের অনেকেই তার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা সাধারণত চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের বয়স এবং ইমেজের প্রতি বিশেষ মনোযোগ দেন। কিন্তু ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভারত’ সিনেমায় একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। সোনালি কুলকার্নি, যিনি সালমান খানের চেয়ে ৯ বছরের ছোট, মায়ের চরিত্রে অভিনয় করতে সম্মতি দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই অভিনেত্রী তার এই সিদ্ধান্তের পেছনের কারণ এবং নিজের দ্বিধার কথা তুলে ধরেন। তিনি জানান, ‘ভারত’ সিনেমার প্রস্তাব পাওয়ার পর তিনি নির্মাতাদের অন্য কাউকে কাস্ট করার অনুরোধ করেছিলেন। পরিচালক আলী আব্বাস জাফর এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরাকে তিনি এমন কিছু অভিনেত্রীর একটি দীর্ঘ তালিকা দেন, যাদের তার মতে এই চরিত্রের জন্য বেশি উপযুক্ত মনে হয়।
সোনালি জানান, মায়ের চরিত্রে অভিনয় করার ব্যাপারে তার কোনো ভয় ছিল না। কারণ তিনি ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে কাজ করেছেন, যেমন: ‘চেলুভি’, ‘দায়রা’ কিংবা ‘মিশন কাশ্মীর’। তবে তার মূল উদ্বেগ ছিল, সালমান খানের চেয়ে ৯ বছরের ছোট হয়ে পর্দায় তার মা হিসেবে কতটা বিশ্বাসযোগ্য লাগবে। এই কারণে চিত্রনাট্য বিস্তারিত জানার পর সোনালি কুলকার্নির চিন্তাভাবনায় পরিবর্তন আসে। এছাড়া সিনেমার গল্পে সালমানের চরিত্র ‘ভারত’-এর শৈশব ও কৈশোরের ফ্ল্যাশব্যাক দৃশ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা চরিত্রটিকে বাস্তবসম্মত রূপ দেয়। সালমান খানের সাথে আগে কখনো কাজের সুযোগ না হওয়ায়, তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাননি।
সেটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোনালি তার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কাজের প্রতি একাগ্রতা এবং নাচের মহড়ার প্রশংসা করেন। ১৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ভারত’ বিশ্বব্যাপী ৩২১ কোটি রুপি আয় করে বক্স অফিসে ব্লকবাস্টার খ্যাতি অর্জন করে। এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার এবং জ্যাকি শ্রফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে বলে সংস্থাটি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
পূর্বভাসে উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, উত্তর মিয়ানমার, দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে আজ লঘুচাপে পরিণত হয়েছে এবং সকাল ৬টায় এটি উত্তর মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ