০৯:৪৮ পি.এম
ভারত এখন বিশ্বের জন্য জাহাজ নির্মাণে সম্পূর্ণ প্রস্তুত, এবং এই উদ্দেশ্যে পাঁচটি গ্রিনফিল্ড শিপবিল্ডিং ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, দেশের চাহিদা মেটাতে এই ক্লাস্টারগুলো গড়ে তোলা হচ্ছে পাঁচটি রাজ্যে। খবর ইকোনোমিক টাইমস।
মন্ত্রী বলেন, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা এবং তামিলনাড়ুতে এই পাঁচটি ক্লাস্টার নির্মাণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রস্তুত জমি, আধুনিক অবকাঠামো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে শক্তিশালী সমন্বয় এবং বিনিয়োগবান্ধব নীতির সমন্বয়ে এই ক্লাস্টারগুলো দেশের উৎপাদন, প্রযুক্তি, কর্মসংস্থান এবং রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, এই সম্মেলনে ৩০টি আন্তর্জাতিক শিপইয়ার্ড, বিশ্বখ্যাত শিপিং কোম্পানি, সরঞ্জাম প্রস্তুতকারক এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ ভারতের সক্ষমতার প্রতি বৈশ্বিক আস্থার ক্রমবর্ধমান প্রতিফলন। এবারের কনক্লেভে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইচডি কেএসওই, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ, হানওয়া ওশান, ফিনক্যান্টিয়েরি, ড্যামেন, মায়েরস্ক, এমএসসি এবং সিএমএ সিজিএম।
আরও পড়ুন: পাকিস্তানের বিচার বিভাগ রাজনৈতিক শাখা ও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে গেছে: আইসিজে
ভারতের জাহাজ নির্মাণ খাতকে আরও গতিশীল করতে ইতিমধ্যে ৮০০ কোটি মার্কিন ডলারের (৮ বিলিয়ন ডলার) মেরিটাইম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সর্বানন্দ সোনোয়াল আরো জানান, বর্তমানে ভারতের সক্রিয় অর্ডার পাইপলাইনে ১৫০টিরও বেশি জাহাজ নির্মাণের কার্যাদেশ রয়েছে, যার বাজারমূল্য ১৭০ কোটি মার্কিন ডলারের (১.৭ বিলিয়ন ডলার) বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সক্রিয় অর্ডার পাইপলাইনের মোট মূল্যের ৮০ শতাংশেরও বেশি এসেছে বিদেশি রপ্তানি আদেশ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন