০৫:২১ পি.এম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসায় গত চার-পাঁচ বছর ধরে নিয়মিত শিক্ষার্থী বা শিক্ষা কার্যক্রমের অভাব দেখা দিয়েছে। বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষকরা অন্য পেশায় চলে গেছেন। তবে এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও অভিযোগ উঠেছে, দিনে এখানে নারী ও শিশুদের ‘ঝাড়ফুঁক’ চিকিৎসা করা হয় এবং রাতে তরুণ-যুবকরা হাঁস-মুরগি ও ছাগলের মাংস নিয়ে মাঝরাত পর্যন্ত পিকনিকের আয়োজন করেন।
এ পরিস্থিতিতে শান্তিপ্রিয় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মাদরাসার প্রায় ২০ শতক জমি ও দুটি ঘর দখল করার লক্ষ্যে একটি প্রভাবশালী মহল ইউসুফ হোসেন নামে এক যুবককে ঢাল হিসেবে ব্যবহার করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানবেষ্টিত দুটি টিনের ঘরের সামনের জরাজীর্ণ কক্ষে ২০-২২ জন শিশুকে পড়াচ্ছেন মর্জিনা খাতুন নামে এক নারী। তিনি জানান, তিনি ওই মাদরাসার কেউ নন; নিজস্ব জায়গা না থাকায় পরিত্যক্ত এই কক্ষে তিনি ইসলামিক ফাউন্ডেশনের শিশুশিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের পাঠদান করেন।
আরও পড়ুন: পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯২তম বাংলাদেশ
অন্যদিকে, ভেতরের পরিপাটি টিনের ঘরটিতে রান্নাবান্নার বিশাল সব হাঁড়ি-পাতিল ও সরঞ্জামের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে বসবাস করেন কুষ্টিয়ার খোকসা উপজেলার সমেশপুর এলাকার যুবক ইউসুফ হোসেন। নিজেকে মাদরাসার ‘ক্বারিয়ানা বিভাগের খণ্ডকালীন শিক্ষক’ দাবি করে ইউসুফ জানান, চাকরি না থাকায় তিনি এখানে থাকেন এবং মানুষের রোগবালাইয়ের তদবির দেন। নারীদের অবাধ যাতায়াতের অভিযোগ অস্বীকার করলেও তিনি স্বীকার করেন, প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার কিছু তরুণ-যুবক চাঁদা তুলে হাঁস-মুরগি বা ছাগল এনে এখানে রান্নাবান্না ও আনন্দ করেন।
স্থানীয় ফারুক ও শহিদুল ইসলাম খোকনসহ কয়েকজন দাবি করেন, ভবিষ্যতে সরকারি অনুদান পাওয়ার আশায় তারা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
মাদরাসাটির কথিত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, "বেতন না পাওয়ায় চার-পাঁচজন শিক্ষকের কেউই এখন আর আসেন না, ফলে প্রতিষ্ঠানটি বন্ধ। আমি মাঝেমধ্যে এসে খোঁজখবর নিই।" তবে দীর্ঘ বছর প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও প্রতিবছর শিক্ষার্থীদের বিপরীতে সরকারি বই উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি অন্য শিক্ষকদের সাথে কথা বলে জানাবেন বলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতান আলী জানান, শিক্ষাবর্ষের শুরুতে আবেদন করায় ওই মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা দেখভাল করার কোনো দায়দায়িত্ব তাদের অফিসের নেই বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: বগুড়া পিস স্কুলের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন