ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন করছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী


বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন করছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চলছে।

তিনি আরও উল্লেখ করেন, সাম্রাজ্যবাদী শক্তির এই চক্রান্তের মাধ্যমে ভাষার মূল রূপ পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু যতই চক্রান্ত হোক, দেশের মানুষের মধ্যে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ক্ষমতা বিদ্যমান।

আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট : স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন রূপ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ। তিনি খুন, রক্ত এবং লাশের মতো সুপ্রতিষ্ঠিত শব্দগুলোর পরিবর্তে অন্য শব্দ বসানোর সূক্ষ্ম চেষ্টা লক্ষ্য করছেন।

তিনি বলেন, এই জাতির সংগ্রামের ইতিহাস রয়েছে, ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাসও আছে। তাই যেকোনো সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার এক অদৃশ্য অভ্যন্তরীণ ক্ষমতা এই জনগণের রক্তে নিহিত।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, উনিশ শতকের তথাকথিত ‘বেঙ্গল রেনেসাঁ’ মোটেও পূর্ণাঙ্গ রেনেসাঁ ছিল না। এটি মূলত হিন্দু পুনরুত্থানবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে তৎকালীন সংখ্যাগরিষ্ঠ মুসলিম কৃষক সমাজের শিক্ষা ও সামাজিক সংস্কারের বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত ছিল। সেই ঐতিহাসিক ঘটনার প্রবাহ এবং ৪৭ ও ৭১-এর সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের ভৌগোলিক ও রাজনৈতিক আত্মপরিচয় বা ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ গড়ে উঠেছে।

রুহুল কবির রিজভী বলেন, ইতিহাসের প্রতিটি সংকটকালে একশ্রেণীর বুদ্ধিজীবী ফ্যাসিবাদের প্রতি তোষামোদ করেছেন। অতীতে হিটলারের পেছনে অনেক নামজাদা বুদ্ধিজীবী দাঁড়িয়েছিলেন, আমাদের দেশেও ফ্যাসিবাদের সময়ে তা দেখা গেছে। তারা নিখোঁজ, গুম বা ভোটাধিকার হরণের বিরুদ্ধে কোনো কথা বলেননি। অথচ দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা চিরকাল মাটির মানুষের পাশে থাকেন এবং সত্য কথা বলেন।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

রুহুল কবির রিজভী বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্র হয়ে দেশীয় সংস্কৃতি, জাতীয় পরিচয় ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাবে এবং দেশের স্বাতন্ত্র্য রক্ষার প্রচেষ্টা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুবউল্লাহ।

সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ড. মুস্তাফা মজিদ।

আরও পড়ুন: ঢাকা-কুমিল্লা ৯০ কিমি. রেলপথ নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয়

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খান, সংগীত পরিচালক ইথুন বাবু, মো. আবু হোরায়রা ও পারভীন সুলতানা রাব্বী।

সেমিনারে শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখক, গবেষক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১% বেড়ে ১৩৪.০৮ মিলিয়ন ইউরো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১% বেড়ে ১৩৪.০৮ মিলিয়ন ইউরো

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের ডেনিম রপ্তানি চলতি বছরের আগস্ট মাসে ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য। গত বছরের আগস্টে এই রপ্তানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানির প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির তুলনায় বেশি ছিল। এই মাসে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। বাংলাদেশের অংশীদারিত্ব গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।

তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানি ৫ দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়ে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো। অর্থাৎ, এই সময়ে রপ্তানি প্রায় ৫৪ মিলিয়ন ইউরো কমেছে।

একই সময়ে, ইইউর ডেনিম আমদানি ৪ দশমিক ৪০ শতাংশ হ্রাস পেয়ে ২ হাজার ৯৫৬ দশমিক ২১ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এর ফলে, আট মাসের হিসেবে বাংলাদেশের অংশীদারিত্ব আগের বছরের ২৯ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে।

এছাড়া, বাংলাদেশ ইইউর ডেনিম সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। পাকিস্তানের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ৩৪৪ মিলিয়ন ইউরো বেশি।

পাকিস্তান, ইইউর দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী দেশ, আগস্ট মাসে ১৪ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৭ দশমিক ৭১ মিলিয়ন ইউরোতে পৌঁছালেও জানুয়ারি-আগস্ট সময়ে দেশটির রপ্তানি ৭ দশমিক ৮৮ শতাংশ হ্রাস পেয়ে ৫২৫ দশমিক ৪৯ মিলিয়ন ইউরোতে নেমেছে।

তুরস্ক, তৃতীয় বৃহত্তম সরবরাহকারী, আগস্টে ১৩ দশমিক ২৬ শতাংশ হ্রাস পেয়ে ৫৮ দশমিক ৮৪ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে এবং আট মাসের হিসাবে রপ্তানি ২১ দশমিক ০৮ শতাংশ কমে ৪৩৮ দশমিক ২৫ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা মোট রপ্তানির ১৪ দশমিক ৮২ শতাংশ।

এছাড়া, জানুয়ারি-আগস্ট সময়ে তিউনিসিয়ার ডেনিম রপ্তানি ৬ দশমিক ৪৪ শতাংশ কমে ২১৯ দশমিক ৯৪ মিলিয়ন ইউরো হয়েছে। কম্বোডিয়ার রপ্তানি ৬ দশমিক ৪৭ শতাংশ হ্রাস পেয়ে ১৪৪ দশমিক ৮৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে এবং মরক্কোর রপ্তানি ১৪ দশমিক ৪৪ শতাংশ কমে ৬৩ দশমিক ৮৭ মিলিয়ন ইউরো হয়েছে।

মিশর এই ক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে। আগস্ট মাসে তাদের রপ্তানি ৫৯ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৬৭ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে এবং আট মাসের হিসাবে ৩১ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ১৮৮ দশমিক ১৪ মিলিয়ন ইউরো হয়েছে, যা মোট রপ্তানির ৬ দশমিক ৩৬ শতাংশ। চীনের আট মাসের রপ্তানি ১৭ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯৭ দশমিক ১৩ মিলিয়ন ইউরো হয়েছে, যা মোট রপ্তানির ৬ দশমিক ৬৭ শতাংশ।

ভিয়েতনাম ও ভারত, যদিও তুলনামূলকভাবে ছোট সরবরাহকারী, ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। আট মাসে ভিয়েতনামের ডেনিম রপ্তানি ৪৫ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫৩ দশমিক ৯৮ ইউরো হয়েছে। একই সময়ে ভারতের রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৪০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে।

বাংলাদেশের আট মাসের রপ্তানি হ্রাসের হার পাকিস্তান, তুরস্ক, তিউনিসিয়া, কম্বোডিয়া ও মরক্কোর তুলনায় অনেক কম ছিল।

বাসসের সঙ্গে আলাপকালে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মন্তব্য করেছেন যে, "পোশাক আমদানিতে সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকা সত্ত্বেও সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা, দক্ষ জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান ধরে রেখেছে।"

তিনি আরও বলেন, "দীর্ঘদিনের প্রচেষ্টায় বাংলাদেশ ডেনিম উৎপাদনে শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ প্রধান রপ্তানি বাজারগুলোতে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখা সম্ভব হচ্ছে।"

মহিউদ্দিন রুবেল বলেন, "বাংলাদেশের একটি শক্তিশালী সরবরাহ ব্যবস্থা রয়েছে, যা বহু বছর ধরে গড়ে উঠেছে। আমরা প্রযুক্তিবিদ, প্রযুক্তি এবং উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছি।"

তিনি উল্লেখ করেন, "শুধু বিপুল পরিমাণ পণ্য উৎপাদনের ওপর নির্ভর না করে উচ্চমূল্যের পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ তার অবস্থান আরও শক্তিশালী করতে পারে।"

বাংলাদেশে তুলা উৎপাদিত না হলেও দেশে কাপড় তৈরির শক্তিশালী সক্ষমতা ও সুপ্রতিষ্ঠিত শিল্পভিত্তি রয়েছে। এসব সুবিধা কাজে লাগিয়ে ডেনিম পণ্যের মান ও মূল্য বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে তিনি জানান।

রুবেল জানান, ইউরোপের পোশাক বাজারে বর্তমান মন্দা বিভিন্ন দেশের রপ্তানিকারকদের ওপর প্রভাব ফেলেছে; যার মূল কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি হ্রাস এবং জ্বালানি-সংক্রান্ত চ্যালেঞ্জ।

কঠিন বাজার পরিস্থিতি সত্ত্বেও ইইউর ডেনিম বাজারে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, "নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি।"

তিনি ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তিত বাণিজ্য বিধি, জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস (জিএসপি)-এর শর্তাবলি এবং ‘ইউরোপিয়ান গ্রিন ডিল’-এর মতো বিষয়গুলোর জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন, "বৈশ্বিক ডেনিম শিল্পে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বজায় রাখতে বাংলাদেশকে উচ্চমূল্যের পণ্য, প্রযুক্তির আধুনিকায়ন, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত নতুন শর্তাবলি পরিপালনের ওপর মনোযোগ দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন

ঝালকাঠির পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন সম্পন্ন হয়েছে।

গত বুধবার (২১ অক্টোবর) শহরের কোর্ট রোডের ওই ভবনে কার্যালয় উদ্বোধনের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে।

ভবন মালিকের ছেলে মো. মিঠু তালুকদারের বক্তব্য অনুযায়ী, ওই তলায় আগে তাঁর বাবার ব্যক্তিগত কার্যালয় ছিল। সেখানে পৌর আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। তবে এনসিপির নেতৃবৃন্দ এই দাবি অস্বীকার করেছেন।

লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র। তাঁর ছেলে মনিরুল ইসলাম তালুকদার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা আওয়ামী লীগের সাবেক নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এনসিপির দলীয় সূত্রে জানা যায়, জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ দলের সমর্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভবন মালিকের ছেলে মো. মিঠু তালুকদার জানান, সাত-আট বছর আগে ভবনটির তৃতীয় তলার কক্ষটি তাঁর বাবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। সেখানে পৌর আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালিত হতো। দলের অনেকেই এই কার্যালয়টি পৌর আওয়ামী লীগের হিসেবে জানতেন। তাঁর ভাই মনিরুল ইসলাম মনির ওই কক্ষে বসতেন। কক্ষটি বেশির ভাগ সময় বন্ধ থাকত বলেও তিনি জানান।

তিনি আরও জানান, কার্যালয়টি বন্ধ হওয়ার পর সম্প্রতি একটি বীমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সেখানে বিভিন্ন ধরনের পাখি পালন করা হতো। পরে অব্যবহৃত কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি এটি তাদের কাছে ভাড়া দেন।

মিঠু তালুকদার বলেন, ‘চিন্তা করেছি, এখান থেকে কিছু অর্থ আয় হবে। তাই ভাড়া দিয়েছি। এটি নিয়ে যে ঝামেলা হবে, তা আমরা বুঝতে পারিনি।’

ঝালকাঠি জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দাবি করেন, ওই কক্ষে কখনো আওয়ামী লীগের কার্যালয় ছিল না। তাঁর ভাষ্য, চলতি মাসে তারা কক্ষটি ভাড়া নিয়েছেন। এর আগে সেখানে একটি বীমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। পরে সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।

মোস্তফা কামাল বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের অফিস ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা কক্ষটি কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছি, দখল করিনি। আগে সেখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, তা আমার জানা নেই। এ বিষয়ে ঝালকাঠিতে দলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

জানা যায়, কার্যালয় উদ্বোধনের পর ভবনটির আগের ব্যবহার ও মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। সাঈদ আহমেদ নামের এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে দাবি করেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেখানে আমির হোসেন আমু কার্যালয়টি উদ্বোধন করেছিলেন।

রাজু বণিক আকাশ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী কার্যালয়ের ছবি প্রকাশ করে ভবন মালিকের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।

তবে এ বিষয়ে লিয়াকত আলী তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী আটক

ভারতের দিকে পালানোর চেষ্টা করার সময় পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে পরিচিত।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটক হওয়া তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য এবং তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের সূত্রে জানা যায়, বিকেলে তাওহীদুল ইসলাম বুখারী ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় তার কাগজপত্র যাচাইয়ের সময় টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে।

দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন জানিয়েছেন, আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা পুলিশ হেফাজতে রেখেছে। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

রাঙামাটি, ২৪ অক্টোবর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ের অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য কাজ শুরু করেছিলেন।

দেশের দায়িত্ব গ্রহণের পর, তিনি বিধ্বস্ত বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য সারাদেশে সফর করেছিলেন। পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

সেই কঠিন সময়ে, যেসব নেতা বা গুণীজন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করেছিলেন, তাদের মধ্যে প্রয়াত সুবিমল দেওয়ান অন্যতম ছিলেন।

তিনি আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। পাহাড়ের সমস্যা সমাধানে সব মতভেদ ভুলে একত্রিতভাবে কাজ করতে হবে।

আজ শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে শিশু-কিশোরদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা দীপেন দেওয়ান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক-এসপিসি,এএফডব্লিউসি,পিএসসি, সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত- পিএসসি, ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-পিপিএম।

অনুষ্ঠানে প্রয়াত সুবিমল দেওয়ানকে নিয়ে স্মৃতিচারণ করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে ও প্রাক্তণ প্রধান শিক্ষক সনৎ কুমার বড়ুয়া।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি আরও জানান, সম্প্রতি সাজেক নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা সকলের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ট্যুরিস্ট জোন, এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আলোচনার মাধ্যমে সাজেক সমস্যা সমাধান করতে সন্তু লারমা, ইউপিডিএফ নেতৃবৃন্দসহ প্রশাসনকে নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মাননা স্মারক এবং প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

পরে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%