০৮:১৫ পি.এম
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতাকর্মীদের প্রভাব অব্যাহত রয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ ও ঠিকাদারি কার্যক্রমে আ.লীগের নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে চলেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় প্রায় ৬০ কোটি টাকার ঠিকাদারি কাজ পেয়েছে আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির নাম ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তিনটি প্যাকেজের বিপরীতে প্রতিষ্ঠানটির মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে নগরীর বিভিন্ন সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং সংগৃহীত বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের মতো গুরুত্বপূর্ণ কাজ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। গত ৫ মে এসব কাজের জন্য ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এই প্রতিষ্ঠানের একটি প্যাকেজ অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ প্যাকেজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা। এছাড়া অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার কাজ এবং অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড ও অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার কাজও পেয়েছে ইউটোপিয়া। তিনটি প্যাকেজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী
তথ্য অনুযায়ী, ফরিদ আহমেদ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা উত্তর সিটিতে তার ঠিকাদারি ব্যবসা পুরোনো। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে কোম্পানি খুলে চার বছরে (২০২১-২০২৪) মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে তিনি অন্তত ৮৩ কোটি টাকার কাজ পান। ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্রেড লাইসেন্স বর্তমানে ফরিদ আহমেদের স্ত্রী রামিহা আহমেদের নামে। তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ফরিদ আহমেদ আছেন ব্যবস্থাপনা পরিচালকের পদে।
ইউটোপিয়ায় ফরিদ আহমেদের অংশীদারিত্ব ৬০ শতাংশ, তার স্ত্রী রামিহা আহমেদের ৪০ শতাংশ। তবে প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে নিজেদের আড়াল করতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুবকর সিদ্দীককে প্রশাসনিক ক্ষমতা দিয়ে রেখেছেন এই নেতা।
ট্রেড লাইসেন্স থেকে স্ত্রীর নাম সরিয়ে নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে লাইসেন্স করান। পরে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্সের নিবন্ধন বহাল করেন। দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপির কার্যক্রমে স্বাক্ষরের ক্ষমতাও দেওয়া হয় কর্মকর্তাকে। নিজের মালিকানা ও সম্পৃক্ততা গোপনের জন্য নানা কৌশল অবলম্বন করে নতুন নামে ব্যবসা চালাতে আবার সক্রিয় হন আওয়ামী লীগের ওই নেতা। ইউটোপিয়া বর্জ্য ব্যবস্থাপনার যে তিনটি কাজ পেয়েছে, সেগুলো মূলত সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের। এসব কাজে চুক্তির তুলনায় কম কর্মী নিয়োগ ও তাঁদের কম মজুরি পরিশোধ করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
ঢাকা উত্তর সিটির ২৬টি ওয়ার্ডে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের কাজ বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়। এসব কাজের জন্য গত ৫ মে ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পেয়েছে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরেই ফরিদ আহমেদ বিভিন্ন কৌশল অবলম্বন করেন। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থেকে নিজের নাম সরানো দিয়ে। আওয়ামী লীগের পতনের দুই সপ্তাহ পর ১৯ আগস্ট ট্রেড লাইসেন্সে নিজের নামের বদলে প্রতিনিধি হিসেবে তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান রামিহা আহমেদের নামে লাইসেন্স ইস্যুর আবেদন করা হয়।
বিভিন্ন সময় কখনো স্ত্রীর নামে ট্রেড লাইসেন্স, কখনো তা পরিবর্তন করে প্রতিষ্ঠানের কর্মকর্তার নামে, শেষে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্স নিবন্ধন করা হয়। এর মধ্যে গত বছরের ১২ এপ্রিল ইউটোপিয়ার লাইসেন্সে স্ত্রী রামিহা আহমেদ নাম পাল্টে সিইও আবুবকর সিদ্দীকের নামে করার আবেদন করা হয়। আবেদনে যুক্ত বোর্ড সভার কার্যবিবরণীতে ব্যবস্থাপনা পরিচালক ফরিদ নিজেই ছিলেন। গত ১৭ মে ট্রেড লাইসেন্স আবার সিইও আবুবকরের পরিবর্তে রামিহা আহমেদের নামে করার আবেদন করা হয়। ইউটোপিয়ার ট্রেড লাইসেন্স ফরিদের স্ত্রী রামিহার নামেই রয়েছে। তবে সর্বশেষ বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী নিজেদের আড়াল করে দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপিসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা তথা স্বাক্ষর করার ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সিইও আবুবকর সিদ্দীক ও ব্যবস্থাপক শাহীন আলমকে।
২০২১ সালেই ফরিদের প্রতিষ্ঠান চারটি দরপত্রের কাজ পায়। যার প্রতিটিই ছিল ঢাকা উত্তর সিটির বিভিন্ন অঞ্চলের আওতাধীন ওয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। ওই সড়ক ঝাড়ু ও নালা পরিষ্কারে শ্রমিক নিয়োগ ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের কাজ। ওই চারটি কাজের আর্থিক মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা। অন্য কাজগুলোর বেশিরভাগই ছিল এমন শ্রমিক কিংবা কর্মী সরবরাহের। যে কাজে অনিয়মের মাধ্যমে কর্মী কম খাটিয়ে ও কম পারিশ্রমিক দিয়ে অর্থ আত্মসাৎ করা যায়। ফরিদের প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের পাওয়া ওই কাজগুলো মধ্যে ২০২২ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় অঞ্চল-৩ ও ৫-এর বর্জ্য সংগ্রহ, ২০২৪ সালে সাত কোটি টাকায় অঞ্চল-২ ও ৪-এর বিশেষ বর্জ্য সংগ্রহের কাজ, ২০২৩ সালে প্রায় সোয়া দুই কোটি টাকায় সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কার রয়েছে। ২০২৩ সালে ফরিদের মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট মশক নিধন কাজে কর্মী সরবারের কাজটি পায়। ওই কাজের চুক্তিমূল্য ছিল প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। ফরিদের প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার চারটি ঠিকাদারি কাজ পেয়েছে। ২০২২ সালে যান্ত্রিক শাখায় ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের ১৯ লাখ টাকার আরও একটি কাজ পায়।
ঢাকা উত্তর সিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার কিছু কর্মকর্তা ও প্রকৌশলীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। করপোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মী বিষয়টি জানেন।
আরও পড়ুন: চিফ হুইপের দাবি, সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, ইউটোপিয়ার মালিকানার বিষয়টি তার জানা ছিল না। এ রকম কিছু থাকলে তা খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন। ই-জিপিতে কোনো প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য থাকে না। সেখানে মূলত দরপত্রে প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করা হয়। কোন প্রতিষ্ঠান রেসপন্সিভ (যোগ্য) বা নন-রেসপন্সিভ (অযোগ্য) হবে, তা ই-জিপির প্রক্রিয়ায় নির্ধারিত হয়। এখানে তার কোনো হস্তক্ষেপ নেই। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে। দরপত্র প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন