০৮:১৭ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনার কারণে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই, আজ এ তথ্য জানিয়েছেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সরকার গত ৬ সেপ্টেম্বর উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য একটি চার সদস্যের কমিটি গঠন করে। এই কমিটি গঠনের বিরুদ্ধে ৫৫ জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট এই রিটের শুনানি নিয়ে ২৮ সেপ্টেম্বর রুল জারি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ কার্যক্রম স্থগিত করে। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি লিভ টু আপিল দাখিল করা হয়।
আজ আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত লিভ টু আপিলের শুনানি শেষে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন: ঢাকায় গোপন বৈঠকের সঙ্গে ওপারের উসকানির যোগসূত্র আছে কিনা?
আজকের এই আদেশের ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি (৫৫ পদ সংরক্ষিতসহ) পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ করেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরি। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন