ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

হাটহাজারীতে অটোরিকশাচালক তুষার হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭


হাটহাজারীতে অটোরিকশাচালক তুষার হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ড এবং ছিনতাই করা অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটোরিকশার তিনটি ব্যাটারি এবং বডির অন্যান্য অংশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. রাসেল (২৫), ইমরান হোসেন আপন (২৩), মো. বাবলু (২৫), মো. আকতার হোসেন (৩৬), মো. মারুফ (২৫), গোলাপ মোস্তফা (৩৫) এবং মো. আলাউদ্দিন (২৫)। তাদের মধ্যে একজনকে ৭ অক্টোবর এবং অন্য ছয়জনকে ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে ১৬ অক্টোবর রাত ১১টা পর্যন্ত হাটহাজারীর চৌধুরীহাট, সন্দ্বীপ কলোনি ও ঠাণ্ডাছড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, গত ১ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে হাটহাজারী থানার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগীরহাট থেকে খন্দকিয়া বাজারগামী ইটের সলিং রাস্তার পাশে একটি বিলের পানিতে তুষারের মরদেহ পাওয়া যায়। তার গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থলে তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

পুলিশ সুপার জানান, তদন্তের একপর্যায়ে তুষারের বাড়ি বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে হাটহাজারী পর্যন্ত দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এতে তুষার ও অভিযুক্ত ব্যক্তিদের চলাচলের পথ শনাক্ত করা সম্ভব হয়।

তদন্তে জানা যায়, আসামিরা বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁওয়ে সাদ-মুছা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে থেকে তুষারের অটোরিকশাটি ভাড়া নেন। পরে তাকে নির্জন স্থানে নিয়ে রশি ও গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পাশের বিলে ফেলে দেওয়া হয়। এরপর অটোরিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান তারা।

পরে ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির উদ্দেশে হাটহাজারীর ঠাণ্ডাছড়ি এলাকায় নেওয়া হয়। সেখানে একটি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপে সেটি রাখা হয়। তদন্তে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি অটোরিকশাটি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টদেরও শনাক্ত করে পুলিশ।

এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান তদন্তে সংসদীয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান তদন্তে সংসদীয় কমিটি

দেশের অন্যতম মেগা প্রকল্প কর্ণফুলী টানেলের ব্যাপক আর্থিক লোকসান ও বাস্তবায়ন প্রক্রিয়া তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি, পরিকল্পনা মন্ত্রণালয়ের শূন্য পদগুলোতে শুধু পদ পূরণ করা নয়, বরং সুপরিকল্পিত কর্মভার (স্ট্র্যাটেজিক লোড) নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও নির্দেশনা গৃহীত হয়। সংসদ সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিগত সভার কার্যবিবরণী কিছু প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে দৃঢ়ীকরণ করা হয়। এরপর পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১ হাজার ১৫৩টি প্রকল্পের পূর্ণাঙ্গ তালিকা কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রকল্পের জন্য গৃহীত পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র তুলে ধরে বর্তমানে প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল দেশের আলোচিত মেগা প্রকল্প কর্ণফুলী টানেল। টানেলটির প্রাথমিক ফিজিবিলিটি স্টাডি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর বর্তমান বিপুল আর্থিক লোকসানের কারণগুলো নিয়ে বৈঠকে ব্যাপক আলোচনা হয়। এসব বিষয়ের গভীরে গিয়ে তদন্তের লক্ষ্যে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে, কর্ণফুলী টানেল সম্পর্কিত প্রকল্পের সামগ্রিক বাস্তবায়ন এবং লোকসানের নেপথ্য কারণ অনুসন্ধানে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে কমিটিকে পূর্ণ সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই দ্বিতীয় বৈঠকে কমিটির গুরুত্বপূর্ণ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া, পরিকল্পনা কমিশনের সদস্যরা, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদ্বয়, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন মোট পাঁচজন, যাদের মধ্যে রয়েছেন একটি পরিবারের চার সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত অপর এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক, তাই প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে আছেন—উপজেলার চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২), তাঁর দুই সন্তান রিশাদ (১২) ও তুবা মনি (৭) এবং লিপি বেগমের বোন কত্তিমারী এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী শরিফা খাতুন (৫০)। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালকও নিহত হয়েছেন, তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে অটোরিকশাটি স্বজনদের নিয়ে শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। সায়দাবাদ এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ধানবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এই ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সংবাদ পেয়ে রৌমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এই হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সায়দাবাদ ও চরলাকান্দা গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

প্রকল্পের টাকা আত্মসাৎ এবং বয়স্ক ভাতার কার্ড প্রদান করার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়াকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন এবং সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম সুজনের যৌথ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি জুয়েল মিয়ার বিরুদ্ধে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আনোয়ারখালী গ্রামের হতদরিদ্র লায়লা খাতুনকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে, একই গ্রামের একটি মসজিদের উন্নয়নকাজের জন্য গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের (টিআর) বরাদ্দ থেকে ১৯ হাজার টাকা তার কাছে দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে যে, তিনি ওই টাকা মসজিদ কর্তৃপক্ষকে না দিয়ে আত্মসাৎ করেছেন।

চিঠিতে আরো বলা হয়েছে, জুয়েল মিয়ার এসব কর্মকাণ্ড নৈতিকতার পরিপন্থী এবং বিএনপির নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে দলীয় গঠনতন্ত্রের ১২(ক) ধারা অনুযায়ী তাকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন মন্তব্য করেন, "দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" একইসঙ্গে, কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ভূঁইয়া রাসেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

ভারতের কলম্বোলি থানা পুলিশ ৩২ বছর বয়সী এক বাংলাদেশি স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত যুবক পেশায় একজন র‍্যাপিডো ডেলিভারি বয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতের গভীর সময়ে (আনুমানিক রাত ২টার দিকে) নভি মুম্বাইয়ের কলম্বোলি সেক্টর ৪ই-এর জেবি কমপ্লেক্সের একটি চালের ঘরে (ভাড়া বাড়িতে) এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মনিষ রঞ্জিত গোপ, যিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহত নারী হলেন পিঙ্কি মনিষ গোপ ওরফে সোনিয়া মোহাম্মদ আবু খাতুন, যিনি একজন গৃহিণী ছিলেন।

কলম্বোলি থানার সিনিয়র ইন্সপেক্টর তানাজি নারনভার দাবি করেন, ‘‘প্রথম স্বামীর ঘরে নিহতের একটি ৫ বছরের মেয়ে রয়েছে। ভারতে অবৈধভাবে বসবাসের কারণে ইতিপূর্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল (ডিপোর্ট করা হয়েছিল)। তবে তিনি পুনরায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে বসবাস শুরু করেন। সেখানে মনিষের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে মেয়েকে নিয়ে তারা কলম্বোলির ওই ভাড়া বাড়িতে থাকতেন।’’

সিনিয়র ইন্সপেক্টর আরও জানান, মনিষ তার স্ত্রীর বিশ্বস্ততা নিয়ে তীব্র সন্দেহ করতেন। নিহতের মোবাইলে অন্য পুরুষদের সাথে নিয়মিত কথা বলা এবং ইউপিআই-এর মাধ্যমে অন্য পুরুষদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই বচসা হতো।

বৃহস্পতিবার রাতে এ নিয়ে আবারও বিবাদ শুরু হলে মনিষ ক্ষিপ্ত হয়ে স্ত্রীর মুখ, ঘাড় ও বুকে এলোপাতাড়ি ঘুসি মারেন। এতে গুরুতর অভ্যন্তরীণ আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। মনিষ তাকে কামোঠের এমজিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে মনিষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেখানে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার পানভেল আদালত তাকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%