ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রী সেলিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা


যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রী সেলিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : আদালত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মোসা. সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার ফলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসিতে ৯১৪ মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পাঠালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসিতে ৯১৪ মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পাঠালো

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের (১০ম গ্রেড) শূন্য পদে নতুন করে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি পিএসসিতে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১৪ সেপ্টেম্বরের স্মারক নম্বর-৩০৫৫-এর পরিপ্রেক্ষিতে মিডওয়াইফ পদে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে বিদ্যমান শূন্যপদ রয়েছে ১ হাজার ১৫টি। এসব শূন্যপদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে ৯১৪ টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে এসব প্রস্তাব পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য পিএসসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় জনবল সংকট কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রসবকালীন সেবা, গর্ভকালীন পরিচর্যা এবং প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এখন পিএসসির পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এসব পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার উপকূলে মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি, ইলিশের গবেষণার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


বরগুনার উপকূলে মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি, ইলিশের গবেষণার তাগিদ

বরগুনায় ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় বরগুনার উপকূলীয় এলাকায় মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন এবং ইলিশের বিচরণ, প্রজনন, উৎপাদন ও মৎস্যসম্পদের ওপর নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা জোরদারের দাবি উত্থাপন করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১২টায় কর্মশালাটি শুরু হয়। এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক মো. মহসীন, সিনিয়র সহকারী পরিচালক আনিসুজ্জামান এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন।

কর্মশালায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ, আমতলী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, বরগুনা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার প্রমুখ।

কর্মশালায় উপস্থাপিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে বরগুনার নদ-নদীতে ইলিশের পরিভ্রমণপথ, ইলিশ সম্পদ সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং মৎস্যসম্পদ রক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, পায়রা নদীর মোহনা থেকে মির্জাগঞ্জ হয়ে বিষখালী নদী, বলেশ্বর নদী থেকে পিরোজপুরের জিয়ানগর হয়ে কচা নদী, বিষখালী নদী থেকে বরিশালের কীর্তনখোলা এবং আন্ধারমানিক নদী থেকে কলাপাড়া ও গলাচিপা হয়ে তেঁতুলিয়া নদীতে ইলিশের পরিভ্রমণ অব্যাহত রয়েছে।

বক্তারা উল্লেখ করেন, বরগুনার বিস্তীর্ণ উপকূলীয় জলভাগ ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক ও নদীর মাছের গুরুত্বপূর্ণ বিচরণক্ষেত্র। তবে জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত আহরণ, দূষণ এবং প্রজনন ও বিচরণক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের কারণে মৎস্যসম্পদের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে শুধু অভিযান পরিচালনা ও আইন প্রয়োগের পাশাপাশি উপকূলীয় মৎস্যসম্পদের ওপর নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা অত্যন্ত জরুরি।

কর্মশালায় উপকূলীয় এলাকায় একটি পূর্ণাঙ্গ মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, বরগুনায় গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে ইলিশের বিচরণপথ, প্রজননক্ষেত্র, খাদ্যচক্র, পানির গুণগত মান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মাছের প্রজাতিগত পরিবর্তন এবং মৎস্যসম্পদের উৎপাদনশীলতা নিয়ে স্থানীয় পর্যায়ে নিয়মিত গবেষণা করা সম্ভব হবে। গবেষণার তথ্যের ভিত্তিতে ইলিশ সংরক্ষণ, জেলেদের জীবিকা এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা আরও কার্যকরভাবে নেওয়া যাবে।

তারা আরও উল্লেখ করেন, উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নের সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণকে সমন্বয় করতে হবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত না করা গেলে আইন প্রয়োগের পাশাপাশি বাস্তব সমস্যাগুলোও থেকে যাবে। তাই গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে জেলেদের জন্য দীর্ঘমেয়াদি আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইলিশ সম্পদ সুরক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি গঠন, প্রতি বছর অক্টোবর মাসে মা ইলিশ সংরক্ষণ অভিযান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা সংরক্ষণ এবং সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় প্রতিবছর ১১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখার কার্যক্রমের তথ্যও কর্মশালায় তুলে ধরা হয়। পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অবৈধ বিহেন্দি জালের বিরুদ্ধে সমন্বিত কম্বিং অপারেশন পরিচালনার কথা জানানো হয়।

উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২০ থেকে মে ২০২৬ পর্যন্ত বরগুনায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণে ২১৮টি মোবাইল কোর্ট ও ৪২৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৫৯৮টি অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় ৭৯টি মামলায় ১১৫ জনকে কারাদণ্ড এবং ১৯ দশমিক ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, ইলিশ শুধু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ নয়, বরগুনার উপকূলীয় মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই ইলিশের উৎপাদন ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নদী ও সাগরের মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে স্থায়ী গবেষণা অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের মাধ্যমে গবেষণা, সংরক্ষণ, জেলে সহায়তা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে প্রেমিকের বাসায় ডেকে নিয়ে তরুণীর মৃত্যু, প্রেমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


গাজীপুরে প্রেমিকের বাসায় ডেকে নিয়ে তরুণীর মৃত্যু, প্রেমিক আটক

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণী (১৮) প্রেমিকের বাসায় গিয়ে কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপনের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে (২৭) পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘটনাটি ঘটে রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায়। নিহত তরুণীর বাবা সোমবার (৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

মৃত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। আটক শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সফিপুর আহমদ নগর এলাকার রাজ্জাক মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তর সঙ্গে তিন বছর ধরে তার বড় ভাইয়ের শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় রোববার সকালে তরুণী নিজ বাড়ি ময়মনসিংহের ভালুকা থেকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হন। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় প্রেমিক শান্তর সঙ্গে তার দেখা হয়। অভিযোগ রয়েছে, শান্ত ওই তরুণীকে ভাড়া বাসায় নিয়ে দিনভর কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সময় তরুণী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিক শান্ত নিজেই তরুণীর পরিবারকে মোবাইল ফোনে তার মৃত্যুর খবর জানান। এরপর রাতেই শান্ত তরুণীর মরদেহ তাদের গ্রামের বাড়ি ভালুকায় নিয়ে যান। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের সন্দেহ হলে তারা শান্তকে আটক করে। পরে তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনাক্ত হয় ধর্ষণের পর রক্তক্ষণের কারণে তরুণীর মৃত্যু হয়েছে। এরপর এলাকাবাসী শান্তকে পিটুনি দিয়ে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করে। কালিয়াকৈর থানার পুলিশ পরে ওই যুবককে তাদের হেফাজতে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে খুলনায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে খুলনায়

খুলনায় ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার মাত্র দেড় মাস পর, দুর্বৃত্তরা আক্তার ঢালী (৬০) নামক বাবাকে গুলি করে হত্যা করেছে।

এই ঘটনা ঘটে সোমবার (৫ অক্টোবর) রাতে রূপসার দুর্জনীমহল শহীদের মোড়ের ঢালী বাড়িতে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্তার ঢালী নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শোনার পর স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার আগেই তার মৃত্যু ঘটে।

এর আগে, গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল যুবক। ওই ঘটনায় জয় ঢালীর মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল।

এদিকে, ছেলে জয় ঢালীকে (২৭) হত্যার মাত্র একমাস ২০দিন পর বাবাকে গুলি করে হত্যার ঘটনায় দুর্জনীমহল গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মী মুরাদ জানান, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ায় গুলির আঘাত রয়েছে। একটি মূল গুলির আঘাতের পাশাপাশি শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কোথায় তার গুলি লেগেছে তা নিশ্চিত করে তিনি বলতে পারেননি।

ওসি আরও বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের উদঘাটন করার চেষ্টা চলছে। হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%