০৫:৩১ পি.এম
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নতুন দফার সংঘর্ষে নয় জন নিহত হয়েছে ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ওই বিষয়ে এক কর্মকর্তা তথ্য জানিয়েছেন। অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের জন্য আন্দোলনরত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকেরা সরকারি সতর্কতা অমান্য করে এ সপ্তাহে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রার ঘোষণা দেন। পাকিস্তানের মুজাফফরাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ ব্যাপারে খবর জানিয়েছে। বিক্ষোভের কেন্দ্রস্থল পুনছ জেলার শীর্ষ বেসামরিক কর্মকর্তা সরদার ওয়াহিদ বলেন, ‘মঙ্গলবার ছড়িয়ে পড়া সহিংসতায় সাত জন বেসামরিক ব্যক্তি, এক আধাসামরিক বাহিনীর সদস্য এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের পদযাত্রা থামিয়ে দেবে।’ গত জুনে স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেএএসিকে নিষিদ্ধ ঘোষণার পর থেকেই এই অস্থিরতা শুরু হয়। এরপর পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ২২ জন নিহত হন। সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এএফপি এ সংখ্যা নির্ধারণ করেছে। গোষ্ঠীটির সমর্থকেরা ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাখ্যান করেছেন। তারা এ আন্দোলনকে ‘নিপীড়নের’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, তাদের আন্দোলনের লক্ষ্য হলো বৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়। এক মাসের বেশি সময় ধরে অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি চলছে। কর্তৃপক্ষ জেএএসির প্রধান কার্যালয় সিলগালা করেছে এবং সংগঠনটির কয়েক শত সমর্থককে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ অব্যাহত রাখায় পুনছ জেলাজুড়ে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহনও বন্ধ রয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও হিমালয় অঞ্চলের এ এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ হয়েছিল। সে সময় সংঘর্ষে নয় জন নিহত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন