শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫১ পি.এম
বাংলাদেশে বর্তমানে সাড়ে চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, এমন তথ্য তুলে ধরেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুর ঘোষণা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়ে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, "মজুরির জন্য আমাদের লড়াই করতে হতো না কাউরে ক্ষুধার জন্য কিছু করতে হতো না এটা আমাদের নিয়তি।" তিনি উল্লেখ করেন, দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারেনি।
শ্রমিক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন এক নারীর একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যা চিকিৎসা পর্যটন গন্তব্য হিসেবে ভারতের সম্ভাবনার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
পোস্টটিতে, ‘এক্স’ ব্যবহারকারী দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রে তার মায়ের অস্ত্রোপচারের জন্য খরচ হতে পারে প্রায় ৪৫ হাজার ডলার। তবে ভারতের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে একই অস্ত্রোপচারে তাদের খরচ হয়েছে মাত্র সাড়ে ৪ হাজার ডলার।
‘ইয়াপারএমা’ নামে পরিচিত ওই ব্যবহারকারী জানান, যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তার পরিবার চিকিৎসার জন্য ভারতে আসার সিদ্ধান্ত নেয়। তবে তিনি উল্লেখ করেননি কবে, ভারতের কোন হাসপাতালে এবং কী ধরনের চিকিৎসা তার মায়ের জন্য করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে তাদের পরিকল্পনা ছিল দক্ষিণ কোরিয়ায় অস্ত্রোপচার করানোর। কিন্তু একজন চিকিৎসক বন্ধুর পরামর্শে তারা ভারতে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি লিখেছেন, ‘আমরা এখানে এসেছি এবং হাসপাতালে থাকা-খাওয়াসহ একটি শীর্ষস্থানীয় হাসপাতালে প্রায় সাড়ে ৪ হাজার ডলার পরিশোধ করেছি।’ যুক্তরাষ্ট্রে চিকিৎসার যে বিকল্পগুলো তারা দেখেছিলেন, সেগুলোর আনুমানিক খরচ ছিল প্রায় ৪৫ হাজার ডলার।
ভারতের চিকিৎসা সেবার মানকে তিনি ‘অসাধারণ’ বলে বর্ণনা করেন এবং বলেন, এই অভিজ্ঞতা তাকে বুঝতে সাহায্য করেছে যে চিকিৎসা পর্যটন খাতে দেশটির কতটা সম্ভাবনা রয়েছে। এমা ভারতের ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ভারত যদি চিকিৎসা পর্যটনের ভ্রমণ, লজিস্টিকস এবং নিরাপত্তার দিকগুলো ঠিক করতে পারে, তবে এখানে বিশাল সুযোগ রয়েছে।’
পোস্টটি অনলাইনে বেশ কয়েকটি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জেনে ভালো লাগল যে আপনার অভিজ্ঞতা ভালো ছিল।’ আরেকজন লিখেছেন, ‘এটা শুনে খুব খুশি হলাম!’ তৃতীয় একজন বলেছেন, ‘চিকিৎসা পর্যটনে ইতিমধ্যেই বিশাল সুযোগ তৈরি হয়েছে।’
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) দ্বারা প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) ২০তম নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে সারা দেশের ৬ হাজার ৪৮৪টি মাদরাসার ৬৫ হাজার ৬৭২ জন শিক্ষার্থী। পরীক্ষাটি আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ হবে।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৬০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন। তিনি উল্লেখ করেন, পরীক্ষার জন্য কেন্দ্রগুলোর দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের প্রাথমিক দীনি শিক্ষার অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কেন্দ্রসংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের শিশুদের কুরআন শিক্ষা ও প্রাথমিক দীনি শিক্ষার প্রসারে কাজ করে আসছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত বোর্ডের অধীনে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের কুরআন তিলাওয়াত, মৌলিক দীনি জ্ঞান ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠদানের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবেনা।
তিনি শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ২য় দিনে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তিনি জানান, এ দেশে সবাই ঐক্যবদ্ধ রয়েছে; নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হবে না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে এবং তা নিয়ে তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বল্প বাজেটের মধ্যে থাকা সত্ত্বেও, আয় নিয়ে বিস্ময়কর ফলাফল অর্জন করেছে সিনেমাটি! ভারতীয় সিনেমা ‘হনুমান অংশ’ মাত্র ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়ে বিশ্বজুড়ে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি আয় করেছে। চলতি বছরে বলিউডের অন্যতম বড় চমক হয়ে ওঠা সিনেমাটির সাফল্য নিয়ে আলোচনা চলছে। তবে এই অভূতপূর্ব সাফল্যের পেছনে কী কারণ রয়েছে?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং—এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টা সিনেমাটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সিনেমাটির সর্বকনিষ্ঠ প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। পোস্ট-প্রোডাকশনের সময় অর্থসংকট দেখা দিলে তিনি প্রকল্পটির সঙ্গে যুক্ত হন। মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থায়ন করেন অনুপ্রিয়া। তবে তার ভূমিকা শুধুমাত্র বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সিনেমাটির প্রচার বাড়ানোর জন্য ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন তিনি। সিনেমাটির প্রতি আধ্যাত্মিক ভালো লাগা থেকেই তিনি এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন।
অন্যদিকে, সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর রাগিনি সোনা আলোচনায় আসেন। তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন, ‘হনুমান অংশ’ কেবল একটি সিনেমা নয়, বরং এটি একটি পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির সূচনা। নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত এই গল্পে একাধিক পর্বে তুলে ধরার মতো উপাদান রয়েছে বলেও তিনি মনে করেন।
এদিকে, সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নম্রতা জি সিং। পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে প্রকল্পটির অনুমোদিত নির্বাহী হিসেবে তিনি এসব কার্যক্রম তদারক করেছেন। সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের প্রকাশ্য বিবৃতির পরও পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন নম্রতা। গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহ বাড়তে শুরু করলে প্রকল্পটির পরবর্তী পর্যায়ের দায়িত্বও তার ওপর বর্তায়।
তিন নারীর অবদান ছিল তিনটি ভিন্ন ক্ষেত্রে। অনুপ্রিয়া অর্থায়নের পাশাপাশি প্রচারে পরিচিতি বাড়িয়েছেন, রাগিনি সিনেমাটিকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছেন, আর নম্রতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প বাজেটের একটি ভক্তিমূলক সিনেমা হয়ে উঠেছে বছরের অন্যতম আলোচিত সাফল্য।
‘হনুমান অংশ’-এর এই অভাবনীয় বাণিজ্যিক সাফল্য আবারও প্রমাণ করে দিয়েছে, সিনেমার ভাগ্য নির্ধারণে শুধু বড় বাজেট কিংবা মুক্তির প্রথম দিনের আয়ই শেষ কথা নয়। সঠিক পরিকল্পনা, প্রচার, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগও একটি সিনেমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ