শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৭ পি.এম
রাজশাহীতে গ্রেফতার করা হয়েছে পাবনার আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে, যিনি ১৮টি মামলার আসামি। আরিফ পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পুলিশ তাকে পাবনার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বৃহস্পতিবার রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে আরএমপির মিডিয়া উইং থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আরিফ কয়েক দিন আগে পাবনা থেকে রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি নগরীর লক্ষ্মীপুর মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরএমপির একাধিক দল তার অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, আরিফ হোসেনের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদকদ্রব্য এবং সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ার পর তিনটি রিং বসাতে হয়েছে। মৃত্যুভয় এবং দুশ্চিন্তায় ক্রমাগত আত্মবিশ্বাস হারাতে শুরু করেছিলেন শিক্ষক মো. কাজিম উদ্দিন। সেই কঠিন মুহূর্তে চিকিৎসকের পরামর্শে তিনি বাগান করা শুরু করেন। বাড়ির আঙিনায় কয়েকটি ফলের গাছ লাগানোর মাধ্যমে শুরু হওয়া তাঁর উদ্যোগ এখন পাঁচ একরের বিশাল ফলবাগানে পরিণত হয়েছে। সেখানে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাতের আড়াই থেকে তিন হাজার গাছ রয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কাজিম উদ্দিনের বাড়ি অবস্থিত। স্থানীয়ভাবে এটি ‘মাস্টারবাড়ি’ নামে পরিচিত। বাবুগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম তাঁর বাগানের নাম রেখেছেন ‘মাস্টারবাড়ি মিশ্র ফলবাগান’।
২০১৯ সালের ২৭ ডিসেম্বর হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন ৫৩ বছর বয়সী কাজিম উদ্দিন। পরীক্ষায় তাঁর হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত হয়। এর মধ্যে তিনটিতে স্টেন্ট বসাতে হয়। এরপর থেকেই সব সময় মনে হতো, যেকোনো মুহূর্তে জীবনের ইতি ঘটতে পারে। মানসিকভাবে ভেঙে পড়া এই শিক্ষককে বাগান করার পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ আবদুস সাত্তার ভূঁইয়া।
কাজিম উদ্দিন জানান, চিকিৎসক তাঁকে সহনীয় পর্যায়ে বাগানের কাজ করার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে প্রথমে বাড়ির আঙিনায় কয়েকটি ফলের গাছ লাগান। গাছের পরিচর্যায় ধীরে ধীরে তাঁর মন ভালো হতে থাকে এবং আত্মবিশ্বাস ফিরে আসে। পরে তিনি দুই বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করেন। ২০২১ সাল থেকে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন ভিয়েতনামের বারোমাসি মাল্টার।
শুধু মাল্টা চাষেই থেমে থাকেননি কাজিম। নিজের কেনা ও পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ধীরে ধীরে বৈচিত্র্যময় ফলের সংগ্রহশালা গড়ে তুলেছেন। বর্তমানে প্রায় তিন একর জমিতে মাল্টা, এক একরে কলম্বো ও বীজহীন লেবু এবং ১৫ শতকে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল চাষ করছেন। বাকি জমিতে রয়েছে নানা প্রজাতির ফলগাছ।
বাগানে ঘুরে দেখা যায়, থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, অ্যাভোকাডো, রুবি লংগান, মিষ্টি তেঁতুল ও সৌদির খেজুর। রয়েছে মিসরীয় ও পাকিস্তানি আনারস এবং ফিলিপাইনের লাল-কালো আখও। আমের মধ্যে মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি ও হাঁড়িভাঙাসহ ২০টির বেশি জাত রয়েছে। আঙুরের সংগ্রহে আছে ৩০টিরও বেশি জাত।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব গাছের চারা সংগ্রহ করেছেন তিনি। কিছু গাছ তিনি নিজে গিয়ে কিনেছেন, আবার কিছু কুরিয়ারে এসেছে। নতুন জাতের পাশাপাশি হারিয়ে যেতে বসা ফলের জাত সংরক্ষণেও তাঁর আগ্রহ রয়েছে। বাগানে রয়েছে ‘তানপুরা’ বা ‘দশবেল’ নামে পরিচিত দুর্লভ ফলের দুটি গাছ, যাতে ইতিমধ্যে ফলও ধরেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে। সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শীতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে যদিও এখনো এর প্রভাব পুরোপুরি অনুভূত হয়নি, তবে এমন কিছু দেশ রয়েছে যেখানে বাসিন্দারা আগামী কিছুদিন সূর্যের আলো থেকে বঞ্চিত থাকবে।
যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের উটকিয়াগভিক শহরের বাসিন্দাদের জন্য সূর্যোদয় দেখার অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত। বার্ষিক মেরুরাত্রির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এটি ধারণা করা হচ্ছে যে, শহরটির বাসিন্দাদের প্রায় ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাতে হবে। অর্থাৎ দুই মাসেরও বেশি সময় তারা সরাসরি সূর্যের আলো থেকে বঞ্চিত থাকবেন।
স্থানীয় সময় ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে সূর্য অস্ত যায় এবং ২০২৭ সালের ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে আবার সূর্যোদয় হওয়ার কথা রয়েছে।
তবে সূর্যোদয় না হওয়ার মানে এই নয় যে, পুরো দিন শহরটি সম্পূর্ণ অন্ধকারে থাকবে।
দুপুরের দিকে দক্ষিণ দিগন্তে একটি ক্ষীণ আলোর উপস্থিতি দেখা যায়। এই সময়টিকে ‘সিভিল টোয়াইলাইট’ বলা হয়। এই সময় আকাশে নীল ও কমলা রঙের মনোমুগ্ধকর আভা দেখা যেতে পারে।
দিনের বাকি সময় বাসিন্দাদের বাড়ি, অফিস ও সড়কে কৃত্রিম আলোর ওপর নির্ভর করতে হয়।
কেন ৬৫ দিন সূর্য দেখা যায় না?
পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এই প্রাকৃতিক ঘটনা ঘটে।
শীতকালে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, ফলে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলো সরাসরি সূর্যের আলো পায় না এবং সূর্য দিগন্তের নিচে অবস্থান করে।
এ ঘটনাকে ‘পোলার নাইট’ বা মেরুরাত্রি বলা হয়।
উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহরগুলোর মধ্যে একটি।
শহরটির জনসংখ্যা প্রায় ৪ হাজার ৩০০। প্রতি শীতেই এখানকার বাসিন্দাদের দীর্ঘ সময় সূর্যোদয় ছাড়াই কাটাতে হয়। সূত্র: সামা টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ